Logo
Logo
×

নির্বাচন ২০২৪

নাটোর-৩ আসন

এজেন্টের সামনে ব্যালট ভাঁজ করে বাক্সের ভেতরে দিতে হবে

Icon

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৪, ০৫:১৭ এএম

এজেন্টের সামনে ব্যালট ভাঁজ করে বাক্সের ভেতরে দিতে হবে

এজেন্টের সামনে ব্যালট ভাঁজ করে বাক্সের ভেতরে দিতে হবে

সিল মারবেন বুথে, প্রকাশ করে বাক্সের কাছে এসে ভাঁজিয়ে বাক্সে দিতে হবে বলে হুমকি দেয়ার ঘটনা ভাইরাল হয়েছে। এমন হুমকি দিয়েছেন নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সদস্য ও নৌকার এজেন্ট মাহাবুর রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় শুকাস বাজারে নৌকার উঠান বৈঠকে তিনি এই বক্তব্য দেন। শুক্রবার রাতে এই ধরণের বক্তব্যের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া যায়। 

তিনি সুকাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটারদের উদ্দেশ্যে এই কথাগুলো বলেন।উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন শুকাস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আজাহারুল ইসলাম। এই আসনে নৌকার প্রার্থী আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আর প্রতিদ্বন্ধি স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক।

ভোটার উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে ইউপি সদস্য মাহাবুর রহমান আরো বলেন, আমাদের মন্ত্রী মহোদয় ব্যক্তিগতভাবে যদি কাউকে কিছু না দিতে পারেন। একটা জিনিস প্রত্যেকটি মানুষকে দিয়েছেন তা হচ্ছে শান্তিতে বসবাস করতে পারছি। এটাই পলকের কাছ থেকে সব চাইতে বড় পাওয়া। আজকে পথসভার মধ্য দিয়ে একটি জিনিস পরিস্কার ভাবে জানাতে চাই। সবাই একমাস ধরে তো সকাল থেকে রাত ১০ টা পর্যন্ত নৌকার জন্য কাজ করেছ। যদি আমরা বিজয় লাভ করতে চাই। আগামী রবিবারে আমরা যারা নৌকা প্রেমী, আওয়ামী লীগ কর্মী বাড়িতে গিয়ে মা-বোনদের বলব। ভোট কিন্তু রুমের মধ্যে সুন্দর-সুষ্ঠু হবে। কাপড় টাঙানোর মধ্যে সিল মারবেন। কিন্তু ব্যালট না ভাঁজিয়ে এজেন্ট যাতে বুঝতে পারে যে আপনি কাকে ভোট দিলেন। বাক্সের কাছে এনে কিন্তু ব্যালট ভাঁজাতে হবে। এই কাজটি করলে নৌকার বিজয় নিশ্চিত। আরেকটি কথা বলতে চাই, এই এলাকায় তো আমরা বসবাস করব। আগামী রবিবার যেন কোন চিল পাখির এজেন্ট সেন্টারে না আসে। আরো বলে দিবেন ৭ তারিখের পর কিন্তু ৮ তারিখ সকাল হবে। এই জিনিসটা মাথায় রাখবেন। আমি পরিস্কারভাবে আপনাদেরকে বুঝাতে পারছি কি না আমি জানি না। সিল আমরা কাপড়ের রুমেই মারব। কিন্তু ব্যালটটি বাক্সের কাছে এনে এজেন্টকে দেখিয়ে ভাঁজ করে বাক্সের ভেতরে দিবে।

এই মাইকে সাউন্ড বাজার পেরিয়ে যাচ্ছে না। এখানে ভোটার আছি একশ থেকে দুইশ জন। কাল সকাল থেকেই তেইশ'শ ভোটার কাছে আমার এই ম্যাসেজ পৌছে দিবেন। যারা নৌকায় ভোট দিতে দ্বিধাবোধ করবেন অনুরোধ, সেন্টারে আসেন না। যারা কাউয়া-চিলের এজেন্ট ঠিক করবেন তারা সেন্টারে আসেন না। ব্যালটে কাকে সিল মারবেন এটা যেন এজেন্ট বুঝতে পারে কাকে সিল মারলেন। এটা নিয়ে কিন্তু মিন্টু থাকবে এক রুমে আর আমি থাকব আরেক রুমে। আর মহিলা রুমে আমার বউ ও ভাগিনী থাকবে। কে কোথায় ভোট দিচ্ছে ব্যালটটা বাক্সের কাছে ভাঁজাবে তোমরা দেখে নিবে। এটা কিন্তু করতে হবে নৌকাকে বিজয় লাভ করাতে হলে। নয়তো আমরা পরিশ্রমই করলাম কিন্তু কাজের বেলায় গিয়ে নন ঠনাঠন। এই রেজাল্ট আমরা নিব না নিব না। আমি আপনাদের কাছে শেষবারের মতো অনুরোধ করে বলব পলক ভাই সারা বাংলাদেশের কাছে একটা আইকন নামে পরিচিত। তার নামে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে।

সিংড়ায় দায়িত্বপ্রাপ্ত নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও পাবনার সহকারী জজ মোস্তফা কামাল এই ধরণের একটি অডিও রেকর্ড তিনি শুনেছেন। বিষয়টির যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন