৭ জানুয়ারি সর্বক্ষণ ‘ঘরে থেকে’ প্রহসনের ভোট বর্জনের আহ্বান বাম গণতান্ত্রিক জোটের
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৪, ০২:২২ এএম
গণদাবি ও জনমত উপেক্ষা করে আগামীকাল ৭ জানুয়ারি ’২৪ প্রহসনের নির্বাচন বহাল রাখায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাম গণতান্ত্রিক জোট। একইসঙ্গে দেশবাসীকে ৭ জানুয়ারি সর্বক্ষণ ‘ঘরে থেকে’ প্রহসনের ভোট বর্জন এবং জনগণের অধিকার হরণের বিরুদ্ধে প্রতিবাদের কণ্ঠকে সোচ্চার রাখাসহ জনগণের ভোট, ভাত ও গণতান্ত্রিক অধিকার আদায়ে নবতর আন্দোলনের প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়েছে এই জোট।
শনিবার সকাল ১১টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় এ আহ্বান জানানো হয়। জোটের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সভায় গোপীবাগে ট্রেনে আগুন এবং মানুষ হত্যা, বাসে আগুন, বিভিন্ন স্থাপনায় আগুনের ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। এসব ঘটনায় পরস্পরকে দোষারোপ না করে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন, এর সাথে জড়িতদের গ্রেফতার, বিচার এবং নেপথ্যের হোতাদের খুঁজে বের করার দাবি জানানো হয়।সভায় এসব ঘটনায় নিহতদের শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
সভায় বলা হয়, ২০১৪ ও ২০১৮ সালের ধারাবাহিকতায় আগামীকাল ৭ জানুয়ারি ’২৪ সরকার দেশে এক নতুন ধরনের নির্বাচনী প্রহসন সংঘটিত করতে যাচ্ছে, যা দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটকে আরও তীব্র করবে। সরকারের কর্তৃত্ববাদী, স্বৈরাচারী ও ফ্যাসিবাদী প্রবণতা আরো বাড়বে। বিদেশি সাম্রাজ্যবাদী-আধিপত্যবাদী শক্তির চাপও দেশের ওপর চেপে বসতে চাইবে। ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী শাসন ও সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী অপতৎপরতার বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে আগামীকাল ৭ জানুয়ারি ‘ঘরে থেকে’ সরকারের নির্বাচনী নাটকের বিরুদ্ধে জনগণের অবস্থান ঘোষণা করুন। আগামীদিনের নবতর আন্দোলনের প্রস্তুতি ও পথরেখা রচনার জন্য লড়াইয়ের প্রস্তুতি নিন।
কেন্দ্রীয় মনিটরিং সেলে খবর পাঠানোর আহ্বান : আগামিকাল ৭ জানুয়ারির ঘটনাবলী সম্পর্কে সজাগ দৃষ্টি রাখা ও পর্যবেক্ষণের জন্য বাম গণতান্ত্রিক জোটের অস্থায়ী কার্যালয় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় মনিটরিং সেল গঠন করা হয়েছে। সার্বিক বিষয়ে মনিটরিং সেলে খবরাখবর পাঠানোর জন্য সকলকে অনুরোধ করা হচ্ছে।
