Logo
Logo
×

অর্থনীতি

আগাম আলু উঠলেও হাসি নেই কৃষকের

আগাম আলু উঠলেও হাসি নেই কৃষকের

Icon

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৩, ০৪:৩০ পিএম

আগাম আলু উঠলেও হাসি নেই কৃষকের

আগাম আলু উঠলেও হাসি নেই কৃষকের

উত্তরের কৃষি অর্থনীতি নির্ভর জেলা নীলফামারীতে আগাম আলু তুলতে শুরু করেছে কৃষকরা। আড়তদারদের কাছে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা কেজি দরে। একদিকে নতুন আলুর ফলন ভালো না হওয়া অন্যদিকে অন্যান্য বছরের তুলনায় দাম কম পাওয়ায় হাসি নেই চাষিদের মুখে।

চাষিরা জানিয়েছেন, এবছর বৈরী আবহাওয়ার কারণে আগাম আলুর ফলন ভালো হয়নি। এদিকে আগাম আলুর যে দাম পেতে অধির আগ্রহে ছিলেন সেটিও ভাগ্যে জুটছে না তাদের। স্থানীয় বাজারে আলু বিক্রি করাটাও বড় কঠিন। এই সুযোগটা হাতিয়ে নিচ্ছেন আড়ৎদাররা। তাই জমিতেই কৃষককে নতুন আলু বিক্রি করতে হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা কেজি দরে।

তাদের অভিযোগ, ভারত থেকে নতুন আলু আমদানি করা হচ্ছে। সে কারণে এ বছর আগাম আলুর দাম পাচ্ছেন না। এছাড়াও দেশে হরতাল-অবরোধে আগাম আলুর দামে ধস নেমেছে বলে ধারণা করছেন তারা। এতে লোকসানের মুখে পড়তে হবে ধারণা করছেন চাষিরা।

জেলার বিভিন্ন এলাকায় কৃষকরা এখন আগাম আলু তুলতে ব্যস্ত সময় পার করছেন। জেলায় প্রায় ৮ হাজার হেক্টর জমিতে আগাম জাতের আলু চাষ হয়েছে। দুই যুগেরও বেশি সময় ধরে আলু উৎপাদন করে নিজেদের অর্থনীতির চাকা ঘুরিয়েছেন জেলার অনেক কৃষক। দেশে আগাম জাতের আলু এই জেলায় প্রথম উৎপাদন শুরু করেন কৃষকরা।

সরেজমিনে দেখা গেছে, আলুর মাঠে কেউ মাটি খুঁড়ছেন, কেউ আলু কুড়াচ্ছেন, কেউ বস্তা ভরছেন। কোথাও আবার ডিজিটাল মিটারে চলছে ওজন পরিমাপের কাজ। ক্ষেতের পাশে ভর্তি হচ্ছে ভ্যান, ট্রলি ও ট্রাক। আলু তোলার এমন দৃশ্য জেলার বিস্তীর্ণ মাঠজুড়ে।

নীলফামারী সদর উপজেলার লক্ষীচাপ এলাকার কৃষক নিতেন রায় বলেন, এবার চার বিঘা জমিতে আগাম আলু চাষ করেছি। রোপণের প্রায় দুই মাসের মধ্যে আগাম আলু তোলা শুরু করিছি। গত বছরের তুলনায় এবার ফলন কম। দামও কম এবার আলুতে লাভ হবে না কৃষকের।

কিশোরগঞ্জ উপজেলার কৃষক মশিয়ার রহমান বলেন, এবার আলু লাগানোর পর যে বৃষ্টি হয়ে অনেক আলু গাছ নষ্ট হয়েছে। ফলনও অনেক কম হয়েছে। কি যে হবে এবার আমাদের ব্যবসায়ীরাও দাম করতেছে বিভিন্ন রকম অযুহাত দেখাচ্ছে হরতাল-অবরোধ। এভাবে দাম কম পেলে কোনো রকমে খরচ তোলা মুসকিল হয়ে যাবে।

স্থানীয় আলু ব্যবসায়ী রতন হোসাইন বলেন, এবার আগাম আলু চাষ করে কৃষকরা লাভ করতে পারবে না বলে মনে হয়। কারণ আলু লাগানোর পর বৃষ্টি হওয়ায় অনেকের আলু পঁচে গেছে ভালো ফলন হয়নি। এদিকে হরতাল অবরোধের কারণে আলু বাইরে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। তাছাড়া ভারতের নতুন আলু আসার কারণে আলুর দাম অনেকটা কমেছে। বর্তমানে নতুন আলুর দাম ৪০ থেকে ৪৫ টাকা কিনতে হচ্ছে।

নীলফামারী জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ড. এস. এম. আবু বকর সাইফুল ইসলাম বলেন, চলতি বছর ২১ হাজার ৭১২ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যার মধ্যে আগাম আলুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ৮০০ হেক্টর। আগাম আলু তোলা শুরু হলেও পুরাপুরি এক সপ্তাহ মধ্যে সব জায়গায় আগাম আলু তোলা শুরু হবে। ইতোমধ্যে বিভিন্ন জায়গার ব্যবসায়ীরা আসতে শুরু করেছেন। কৃষকরা যাতে লাভবান হতে পারেন সেই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন