Logo
Logo
×

অর্থনীতি

বড় শিল্প গ্রুপের পেটে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা

Icon

ইব্রাহিম হোসেন

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৩, ০৫:৩৭ এএম

বড় শিল্প গ্রুপের পেটে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা

ছবি: সংগৃহীত

বাংলাদেশের অতিক্ষুদ্র, ছোট বা মাঝারি- প্রায় সব ধরনের ব্যবসার নিয়ন্ত্রণ গুটিকয়েক বড় শিল্প গ্রুপের হাতে চলে গেছে। দেশের প্রায় প্রতিটি খাতে ওই সব প্রতিষ্ঠান বিনিয়োগ করেছে। মুড়ি, চিড়া, লাড্ডু উৎপাদন-বিক্রির থেকে শুরু করে ওই সব প্রতিষ্ঠান এখন পণ্য আমদানিকারক আবার রপ্তানিকারকও। একই সঙ্গে সরকারি-বেসরকারি বড় বড় প্রকল্পগুলোর সরবরাহকারীও হাতেগোনা ওই সব প্রতিষ্ঠান। 

সংশ্লিষ্টরা বলছেন, সরকার ও তাদের পক্ষের লোক দুর্নীতি–লুটপাটের দায় এড়াতে এসব ব্যবসায়ীদের প্রশ্রয় দিচ্ছেন। অনেকে আবার সরাসরি ক্ষমতাসীন দলের রাজনীতির সঙ্গে যুক্ত। তারা আবার বিএনপি কিংবা ভিন্ন রাজনৈতিক মতাদর্শের ব্যবসায়ীদের বাজারে ভিড়তে দিচ্ছে না।

কারণ সরকার তাদের (নিজস্ব ব্যবসায়ীদের) অনেক ক্ষেত্রে ব্যবহারও করছেন। বিপরীতে ব্যবসায়ীরা মনমতো দখলদারি চালাচ্ছে বাজারে। প্রতিষ্ঠানগুলো আধিপত্য বিস্তার করে ইচ্ছামতো পণ্যের সরবরাহ নিয়ন্ত্রণ করছে, দাম বাড়িয়ে অবৈধভাবে মুনাফা অর্জন করছে। যার কারণে কার্যত বর্তমান সরকার দেশের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশে এর মাশুল দিচ্ছে সাধারণ জনগণ। 

তবে এ পরিস্থিতিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে দেশের ক্ষুদ্র উদ্যোক্তারা। সংশ্লিষ্টরা এ-ও বলছেন, বৈশ্বিকভাবে ব্যবসা-বাণিজ্যের ৯০ শতাংশই ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের (এসএমই) দখলে। মোট কর্মসংস্থানের অর্ধেকের বেশি হয় এ খাতের মাধ্যমে। তবে বাংলাদেশে এমন অন্যায় পন্থায় সব খাতে বড় শিল্প গ্রুপের বিনিয়োগের কারণে হুমকির মুখে পড়ছে ছোট ছোট উদ্যোক্তারা। অনেকে গত কয়েক বছরে ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হয়েছে। সার্বিকভাবে অর্থনীতিতে স্তিমিত হয়ে পড়ছে ছোট ব্যবসায়ীদের অবদান। যা ভবিষ্যতে আরও মারাত্মক রূপ নেবে। 

ছোট ব্যবসায়ীদের ভাষ্য, বড় বড় কোম্পানির কারণে তারা ব্যবসায় টিকতে পারছেন না। বাজার দখলে বড় কোম্পানিগুলোর প্রচুর অর্থ বিনিয়োগ, রাজনৈতিক প্রভাব খাটানো, কোম্পানিগুলোর পক্ষে সরকারি নীতি-সহায়তা প্রণয়ন, উন্নত প্রযুক্তি এবং অবাধ ব্যাংকিং সুবিধার কারণে ছোটদের ক্ষতির মুখোমুখি হয়ে ব্যবসা থেকে সরে দাঁড়াতে হচ্ছে। গত দেড় দশকে অধিকাংশ ছোট ও মাঝারি খাতের উদ্যোক্তা হারিয়ে গেছে।

কীভাবে বড় কোম্পানি ছোটদের বাজার সহজে দখলে নিচ্ছে- সে কৌশল নিয়ে বাংলাদেশে দেউলিয়া ‌‘প্রিয়া বেকারি’ নামের চেইন শপের মালিক সফিক হাসান বলেন, শুরুতে কোম্পানিগুলো বাজারে তাদের নতুন পণ্যের প্রচণ্ড প্রচার-প্রচারণার চালায়। এরপর ওই পণ্য উৎপাদন খরচের চেয়ে কম দামে বাজারে ছাড়া হয়। এতে বাজারে থাকা ছোট ছোট প্রতিযোগীরা চাপে পড়ে।

তিনি বলেন, এরপর তারা খুচরা বিক্রেতাদের প্রচুর সুবিধা দেয়। উপহার-উপঢৌকন দেয়। বিক্রিতে নানা অফার ও ছাড় দেয়। প্রয়োজনে ওই কোম্পানির বহুল প্রচলিত অন্য কোনো পণ্যের সঙ্গে নানা অফারের প্যাকেজ তৈরি করে বিক্রেতাদের প্ররোচিত করে। তারা (কোম্পানিগুলো) বাজারে থাকা অন্যান্য ব্র্যান্ডের পণ্যের থেকে বেশি মুনাফা দেয়। ফলে বিক্রেতারাও ওই বড় কোম্পানির নতুন পণ্য বিক্রিতে আগ্রহ দেখায়।

তিনি বলেন, এরপর বাজার দখল শেষ হলে ওই পণ্যের মান কমতে থাকে। ওজন-পরিমাণ কমে যায়। এবং ইচ্ছেমতো দাম নির্ধারণ করে কোম্পানিগুলো। যা বাজার ধরতে ওই পণ্যের ওপর কোম্পানিটির আগের বিনিয়োগ ফেরত দেয়।

আবু খালেক নামের একজন ইলেকট্রনিকস পণ্যের ব্যবসায়ী বলেন, ইলেকট্রনিকসের একটি কোম্পানি সারা দেশের রাজনৈতিক কার্যালয়ে পণ্য উপহার দিয়ে তাদের হাত করেছে। তাদের মাধ্যমে কিস্তিতে চড়া সুদে পণ্য বিক্রি করেছে। তারা এখন ভালো করছে বাজারে। কারণ রাজনৈতিক প্রভাব খাঁটিয়ে তারা মানুষের কাছে কিস্তি আদায় করত। এ ছাড়া তাদের সুবিধা দিতে শত শত পণ্য ও ইলেকট্রনিকস যন্ত্রাংশ আমদানিকারকের শুল্ক-কর কয়েকগুণ করা হয়েছে। এখন হাজার হাজার ব্যবসায়ী বেকার হয়ে গেছে।

এ ছাড়া সরকারি তদারকি না থাকায় পরিকল্পিতভাবে স্বাধীনভাবে উৎপাদন করা থেকেও সরিয়ে দেওয়ার অভিযোগ করেছেন কয়েকজন উদ্যোক্তা। তারা বলছেন, ভিন্ন রাজনৈতিক মতাদর্শের ব্যবসা হরণ করেছে সরকার। দেশের সবচেয়ে বড় বেসরকারি ব্যাংক থেকে শুরু করে একদম ছোট প্রতিষ্ঠানও বর্তমান সরকারের দ্বারা প্রভাবিত।

পাশাপাশি বাংলাদেশের বেশির ভাগ উদ্যোক্তা বলছেন, বিভিন্ন সময়ে তাদের ক্ষমতাসীন দলকে চাঁদা দিতে হয়েছে। ক্ষমতাসীন দলের সাথে জড়িত স্থানীয়র ব্যক্তিরা তার কাছ থেকে নিয়মিত এই চাঁদা আদায় করছে। অন্যদিকে ঘুষ ও রাজনৈতিক প্রভাব ছাড়া টেন্ডার বা সরকারি কোনো কাজে অংশগ্রহণ সম্ভব হচ্ছে না। একটি ফুটপাতে দোকান চালাতেও নিয়মিত মাসোহারা দিতে হয়।

এসব বিষয়ে দুর্নীতি বিরোধী সংস্থা টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এক গণমাধ্যমকে বলেছিলেন, রাজনীতি এবং ব্যবসা একাকার হয়ে একটা উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে। সরকারি কেনাকাটা ক্ষমতাসীনদের একচ্ছত্র বিষয় হয়ে দাঁড়িয়েছে। জাতীয় পর্যায়ের এই চিত্র যখন মাঠ বা স্থানীয় পর্যায়ে যায়, তখন স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা অন্য কিছু না হলেও এটা ভাবতে থাকেন যে আমাকে চাঁদা না দিলে বা সুবিধা না দিলে আমি ব্যবসা করতে দেব না। এখন এই পরিস্থিতি একেবারে চূড়ান্ত পর্যায়ে চলে গেছে।

যদিও বিদেশে এমন ছোট উদ্যোক্তাদের সুরক্ষা দিতে ‘ছোট উদ্যোক্তা সুরক্ষা আইন’ রয়েছে। এ ছাড়া ব্যবসায়িক ক্ষেত্রে সুষম প্রতিযোগিতা, দুর্নীতি বন্ধ এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে সরকারি নীতি রয়েছে। বাংলাদেশে শুধু ‘প্রতিযোগিতা আইন’ এ কিছু নিয়ম-নীতির কথা রয়েছে। তবে বাস্তবে এর কোনো প্রতিফলন নেই। শুধু কাগজে-কলমে রয়ে গেছে।

এ বিষয়ে প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন প্রদীপ রঞ্জন চক্রবর্তী কিছুটা অসহায়ত্ব প্রকাশ করেছেন। তবে তিনি বলছেন, নানা সংকটের মধ্যেও সিন্ডিকেট ও একচেটিয়া ব্যবসার অভিযোগে বড় বড় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মোট ৪৯টি মামলা হয়েছে গত বছর। এর মধ্যে খাদ্যপণ্য প্রস্তুত ও সরবরাহকারী ৩৬ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা ৪৪টি।

তিনি বলেন, এর মধ্যে আমরা একটি মামলায় দুটি প্রতিষ্ঠানকে ৮ কোটি টাকা জরিমানা করেছি। তারা পোলট্রি খাতের সবচেয়ে বড় প্রতিষ্ঠান কাজি ফার্মস ও সেগুণা লিমিটেড।

অবশ্য এই মামলা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। কেউ এটাকে ইতিবাচক বললেও কেউ কেউ বলছেন আইওয়াশ। তাদের কথা কঠোর আইন থাকার পরও তাদের বিরুদ্ধে প্রতিযোগিতা কমিশনের মামুলি আইনে মামলা হচ্ছে। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি প্রতিষ্ঠান হচ্ছে- এস আলম গ্রুপ, সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ, বসুন্ধরা, প্রাণ-আরএফএল, এসিআই, আকিজ গ্রুপ। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে মনোপলি বাজারের অভিযোগ দীর্ঘদিনের।

যদিও বড় কোম্পানিগুলো বলছে, অন্যায় কোন পন্থা না নিয়ে তারা স্বাভাবিক নিয়মেই ব্যবসা করছেন, যেমনটা সারা বিশ্বে চলছে। নাম প্রকাশ না করার শর্তে একজন বড় কোম্পানির মালিক বলেন, মুক্ত বাজার অর্থনীতিতে কারও কোন বিনিয়োগে বাধা নেই। এখানে হস্তক্ষেপ করারও কোনো নিয়ম নেই। বাজারে প্রবেশের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক বাধা থাকতে পারে, কিন্তু যে কেউ সেটা করতে পারে। নিজেদের টিকিয়ে রাখতে হলে এ পরিস্থিতি মোকাবেলা করে আসতে হবে।

বাংলাদেশে বাজার নিয়ে কাজ করে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। সংস্থাটির সভাপতি গণমাধ্যমকে বলেন, কয়েকটি অতি গুরুত্বপূর্ণ ব্যবসা মুষ্টিমেয় ব্যবসায়ী গ্রুপের হাতে। এরা অলিগোপলি বাজার সৃষ্টি করে রাখে। একজন দাম বাড়ালে অন্যরা তা অনুসরণ করে। তারা ঝোপ বুঝে কোপ মারে। সব পর্যায়ের ব্যবসায়ীর মধ্যে অতি মুনাফার প্রবণতা তৈরি হয়েছে। খুচরা থেকে উৎপাদনকারী– সবাই এখন সুযোগসন্ধানী। এ ক্ষেত্রে সরকারের পদক্ষেপ গ্রহণে দুর্বলতা লক্ষণীয়। আবার সরকার এসব প্রতিষ্ঠান থেকে সুবিধা পাচ্ছে। সে জন্য তারা সরকারকে জিম্মি করতে পারে সহজে।

পোলট্রি খাতে বাজারে হারিয়েছেন এমন একজন সুমন আহম্মেদ বলেন, ধরুন এ পোলট্রি খাতে একটি কোম্পানি ডিম উৎপাদন করে, এরপর বাচ্চা উৎপাদন করে, তারপর মুরগি করে। এ ছাড়া তারাই ফিড, মেডিসিন এমনকি অন্যান্য অনুষঙ্গ আমদানি ও সরবরাহ করে। তারা আবার কন্ট্রাক্ট ফার্মিং করে। তাহলে তাদের সঙ্গে কীভাবে ক্ষুদ্র উদ্যোক্তারা টিকবে?

তিনি বলেন, আবার তাদেরই সরকার লোন দেয়। শত শত কোটি টাকা তারাই খেলাপি। অর্থাৎ তাদের হয়ে বিনিয়োগ করছে সরকার।

সংশ্লিষ্টদের মতে, দেশে একসময় চালের ব্যবসা ছিল চাষিদের হাতে। তারাই সারা বছর ঘরে সংরক্ষণ করে হাট-বাজারে চাল সরবরাহ করতেন। এ ব্যবসায়ও এখন ওই সব বড় বড় শিল্প গ্রুপ হাতিয়ে নিয়েছে। তাতে বাংলাদেশে চালের দাম গত এক দশকে উদ্বেগজনক হারে বেড়েছে।

কাওসার হোসেন নামে একজন চাল ব্যবসায়ী বলেন, বড় মিলগুলো এক সাথে অনেক বেশি ধান কেনে। তাদের কাছে এখন বাজার চাহিদার অধিকাংশ মজুতের ক্ষমতা রয়েছে। কিন্তু তাদের চাল উৎপাদন খরচ কম। যেহেতু তারা স্বয়ংক্রিয় পদ্ধতি ব্যবহার করে। সরকারি গ্যাস-বিদ্যুতে ভর্তুকি পায়। ফলে তারা বিক্রিও করতে পারে কমে। কিছুটা কম দামে বিক্রি করার পরেও তাদের লাভ বেশি হয়। কিন্তু ছোট মিল মালিকদের খরচ বেশি পড়ে। অথচ বিক্রি করতে গেলে তাদের বাজারের দামেই বিক্রি করতে হয়, ফলে লোকসানের মুখোমুখি হয়।

অনেকের মতে, এ ছাড়া গত এক কয়েক বছরে কোভিড মহামারী, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, ডলার সংকটসহ বেশ কিছু ইস্যুকে অজুহাত হিসেবে সামনে এনে ওই সব বড় বড় করপোরেট প্রতিষ্ঠান শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে। পাশাপাশি মেগা প্রকল্পের নামে নানা উন্নয়নের কাজে তাদের অংশীদার করিয়ে সরকার তাদের মূলধন উল্লম্ফন করিয়েছে।

এ ছাড়া সরকারের নীতি সহায়তা, আমদানি রপ্তানি বাণিজ্য এবং ব্যাংকিং সহায়তার ক্ষেত্রে বড় ধরনের বিভেদ রয়েছে। বিশেষ করে বড় কোম্পানিগুলো এসব ক্ষেত্রে যেসব সুবিধা পেয়ে থাকে, ছোট কোম্পানি সেগুলো পায় না। ছোট একজন উদ্যোক্তা বলেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের নিঃশর্তে ঋণ দেওয়ার কথা থাকলেও বাস্তবে কোন উদ্যোক্তা পায় না। এসব লোক দেখানো কথা। ছোটরা ঋণ নিতে চাইলে শত শত শর্ত। বড়রা এমনিতেই পায়।

তথ্যও বলছে, গত বছর (২০২২) শেষে কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) খাতের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঋণের পরিমাণ ছিল ২ লাখ ৮২ হাজার ৮৯৬ কোটি টাকা, যা ব্যাংক খাতের মোট ঋণের ২০ শতাংশের মতো। যেখানে ব্যবসা-বাণিজ্যের ৯০ শতাংশই ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) দখলে থাকার কথা।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন