Logo
Logo
×

অর্থনীতি

৩০ লাখ টন পরিশোধিত-অপরিশোধিত জ্বালানি তেল কিনছে সরকার

Icon

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৩, ০৩:৪২ এএম

৩০ লাখ টন পরিশোধিত-অপরিশোধিত জ্বালানি তেল কিনছে সরকার

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) ২০২৪ সালের জন্য সৌদি আরব ও আবুধাবি থেকে ১৫ লাখ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে। এতে খরচ হবে ১২ হাজার ২১৫ কোটি ৮৮ লাখ ৩০ হাজার টাকা।

একই সঙ্গে আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে ১৫ লাখ ৬৫ হাজার মেট্রিক টন পরিশোধিত জ্বালানি তেল কেনার সিদ্ধান্তও নেয়া হয়েছে। এই পরিশোধিত জ্বালানি তেল কিনতে খরচ হবে ১৩ হাজার ৫৯৯ কোটি ৭৯ লাখ টাকা।

বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র সভায় এই পরিশোধিত ও অপরিশোধিত জ্বালানি তেল কেনার অনুমোন দেয়া হয়। সভা শেষে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।

তিনি জানান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) কর্তৃক সৌদি আরবের সৌদি আরামকো থেকে ২০২৪ সালের জন্য ৮ লাখ মেট্রিক টন এরাবিয়ান লাইট ক্রুড (এএলসি) অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) ৬ হাজার ৪০৭ কোটি ৩৫ লাখ ৮০ হাজার টাকায় আমদানির অনুমোদন দেয়া হয়েছে।

এ ছাড়া জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে আবুধাবির এডিএনওসি থেকে ২০২৪ সালের জন্য ৭ লাখ মেট্রিক টন মারবান গ্রেডের অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) ৫ হাজার ৮০৮ কোটি ৫২ লাখ ৫০ হাজার টাকায় আমদানির অনুমোদন দেয়া হয়েছে।

অপরদিকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন কর্তৃক ২০২৪ সালের জানুয়ারি থেকে জুন সময়ে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় ১৫ লাখ ৬৫ হাজার মেট্রিক টন পরিশোধিত জ্বালানি তেল ১৩ হাজার ৫৯৯ কোটি ৭৯ লাখ টাকায় আমদানির অনুমোদন দেয়া হয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন