উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্প গড়ে তুলতে চায় বিএনপি: তারেক রহমান
ফাইল ছবি
বিএনপি সিরাজগঞ্জ-পাবনাসহ সমগ্র উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্প গড়ে তুলতে চায় বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার বিকেলে সিরাজগঞ্জে বিসিক শিল্প পার্কে বিএনপির নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তারেক রহমান বলেন, বিএনপি শান্তিতে বিশ্বাস করে। আমাদের কাছে ধর্ম মূখ্য নয়। সকল ধর্ম বর্ণের মানুষকে নিয়ে একসঙ্গে শান্তিতে বসবাস করতে চাই। আমরা যদি দেশে জনগণের কাছে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করতে পারি তাহলে জনগণের প্রকৃত সমস্যা সমাধান সম্ভব।
সিরাজগঞ্জ এবং পাবনা এলাকায় বহু কাজ করার আছে জানিয়ে তারেক রহমান বলেন, সবাই একসঙ্গে কাজ করে দেশ গড়তে হবে। এই এলাকায় যেমন কৃষি আছে তেমন ছোটখাট শিল্প কারখানাও রয়েছে। এই মুহূর্তে কৃষিকেও যেমন আমাদের টেনে উঠাতে হবে একইসাথে লাখ লাখ তরুণ যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। নতুন নতুন শিল্প পার্ক স্থাপনের মাধ্যমে এই সমস্যা সমাধান করতে হবে।
ঠাকুরগাঁও থেকে শুরু করে সিরাজগঞ্জ পর্যন্ত আমরা কৃষিনির্ভর শিল্প গড়ে তুলতে চাই। এ সময় ওই এলাকায় তাঁত শিল্পের ওপর কাজ করারও গুরুত্ব তুলে ধরেন তারেক রহমান। এর মাধ্যমে সারাবিশ্বে তাঁত পণ্য ছড়িয়ে দেওয়া সম্ভব।

