Logo
Logo
×

অর্থনীতি

২৭ মাসের মধ্যে মূল্যস্ফীতি কমে সর্বনিম্ন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ জুন ২০২৫, ০৭:২৬ পিএম

২৭ মাসের মধ্যে মূল্যস্ফীতি কমে সর্বনিম্ন

গেল মে মাসে শহর পর্যায়ে খাদ্য কেনায় খরচ কিছুটা বাড়লেও গ্রামে কমেছে। তবে শহর ও গ্রাম দুই জায়গাতেই খাদ্য বহির্ভূত খাতে খরচ কমার তথ্য দিয়েছে সরকার। এতে মে মাসে সার্বিক মূল্যস্ফীতির হার কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ০৫ শতাংশ। এটি গত ২৭ মাসের মধ্যে সর্বনিম্ন। আজ সোমবার প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

মূল্যস্ফীতির হার এর চেয়ে কম ছিল সবশেষ ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে, ৮ দশমিক ৮৭ শতাংশ। এরপর থেকেই চড়তে থাকে মূল্যস্ফীতির হার, যা আর ৯ শতাংশের নিচে নামেনি।

পরিসংখ্যান ব্যুরোর তথ্যে দেখা যায়, গত এপ্রিলে খাদ্য মূল্যস্ফীতি ৮ দশমিক ৬৩ শতাংশে ছিল, মে মাসে সেটি আরও কমে ৮ দশমিক ৫৯ শতাংশে দাঁড়িয়েছে। খাদ্য বহির্ভূত খাতে মে মাসে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৪২ শতাংশ, যা এপ্রিলে ছিল ৯ দশমিক ৬১ শতাংশ।

বিবিএসের তথ্যানুযায়ী, মে মাসে শহরের খাদ্য কেনায় খরচ এপ্রিলের তুলনায় কিছুটা বেড়েছে। এই খাতে মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ২৯ শতাংশ; যা এপ্রিলে ছিল ৯ দশমিক ১৩ শতাংশ ছিল।

অন্যদিকে গ্রামে খাদ্য মূল্যস্ফীতি কমেছে। মে মাসে হয়েছে ৮ দশমিক ৩০ শতাংশ, যা এপ্রিলে ছিল ৮ দশমিক ৪০ শতাংশ।

আর খাদ্য বহির্ভূত খাতে গ্রাম এবং শহর দু জায়গাতেই কমেছে। গ্রামে খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি এপ্রিলের ৯ দশমিক ৮৬ শতাংশ থেকে কমে মে মাসে ৯ দশমিক ৭৫ শতাংশ হয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন