Logo
Logo
×

অর্থনীতি

সামিটের সঙ্গে দ্বিতীয় এফএসআরইউ চুক্তি বাতিল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ০৩:২৬ পিএম

সামিটের সঙ্গে দ্বিতীয় এফএসআরইউ চুক্তি বাতিল

অন্তর্বর্তী সরকার সামিট গ্রুপের সঙ্গে দ্বিতীয় ভাসমান টার্মিনাল (এফএসআরইউ) সংক্রান্ত চুক্তি বাতিল করেছে। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সামিট গ্রুপ।

বিবৃতিতে বলা হয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) চুক্তিটি বাতিল করে‌ছে। তারা এফএসআরইউ টার্মিনাল ব্যবহার সংক্রান্ত চুক্তি বাতিলের নোটিশ পেয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, এটি অযৌক্তিক এবং পর্যালোচনার জন্য আপিল করা হবে। বাংলাদেশে দায়িত্বশীলতা ও স্বচ্ছতার সঙ্গে দীর্ঘ মেয়াদি অবকাঠামো প্রকল্প বাস্তবায়নের প্রমাণ রয়েছে এই গ্রুপের।

উল্লেখ্য, চলতি বছরের ৩০ মার্চ পেট্রোবাংলা ও সামিট গ্রুপ টার্মিনাল ব্যবহার এবং এফএসআরইউ বাস্তবায়ন সংক্রান্ত দুটি চুক্তি সই করে। একই দিনে তারা প্রতি বছর দেড় মিলিয়ন টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের জন্য ১৫ বছর মেয়াদি চুক্তি করে। এটি ২০২৬ সালের অক্টোবর থেকে শুরু হওয়ার কথা।

২০১৯ সা‌লে সামিট গ্রু‌পের প্রথম এলএন‌জি টার্মিনালটি চালু হয়। মহেশখালীর গভীর সমুদ্র অব‌স্থিত টার্মিনালটি দি‌নে ৬০ কো‌টি ঘনফুট গ্যাস এলএনজি রিগ্যা‌সি‌ফি‌কেশন করে সরবরাহ কর‌তে পা‌রে । 

এর আ‌গে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ২০২৩ সালের ৬ ডিসেম্বর কক্সবাজারের মহেশখালীতে দেশের তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউ নির্মাণের খসড়া চুক্তি অনুমোদন করে। তৎকালীন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এটির অনুমোদন দেন। চুক্তি অনুযায়ী, টার্মিনাল চালুর পর থেকে ১৫ বছর মেয়াদে দৈনিক ৩ লাখ ডলার (চুক্তিতে উল্লিখিত বিনিময় হার অনুযায়ী ৩ কোটি ৩১ লাখ ৫০ হাজার টাকার সমপরিমাণ) রিগ্যাসিফিকেশন চার্জ পাবে সামিট।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন