চীনের পর মোংলা বন্দর চায় ভারতও, কীভাবে সামলাবে ঢাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩ জুন ২০২৪, ০৪:১২ এএম
ভারতে তৃতীয় মেয়াদে ক্ষমতায় এসেছে মোদি সরকার।এতে কার্যত খুশি ঢাকা। ঢাকা ও দিল্লি বলছে, এপারে শেখ হাসিনা এবং ওপারে নরেন্দ্র মোদির যুগপৎ এই ক্ষমতারোহনের কারণে দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হবে। এক্ষেত্রে ইতোপূর্বে নেওয়া দুটি সরকারের মধ্যকার উন্নয়ন প্রকল্পগুলি সম্পন্ন করতে বেগ পেতে হবে না। সে কারণেই ইতোমধ্যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ মোংলা সমুদ্র বন্দর পরিচালনার প্রবল আগ্রহের কথা সরকারকে জানিয়েছে ভারত।
ঢাকার কূটনৈতিক সূত্রগুলো বলছে, চীনের পক্ষ থেকে এই বন্দর পরিচালনার প্রস্তাব আগে দেওয়া হলেও কৌশলগত কারণে নয়া দিল্লিও তাতে আগ্রহ প্রকাশ করে। তবে ভূ-রাজনৈতিক বিবেচনায় সরকার দুটি দেশকেই একসঙ্গে এ বন্দরটি ব্যবস্থাপনার শর্তে রাজি হয়েছে বলে জানা গেছে। তবে ভারতের সঙ্গে চুক্তি হলেও এখনো পর্যন্ত এ প্রকল্পে চীনের সঙ্গে কোনো চুক্তি হয়নি। এ অবস্থায় এই অঞ্চলে দুই দেশের ক্ষমতা ও নিয়ন্ত্রণ ব্যবস্থায় ভারসাম্য বজায় থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এদিকে মোংলা বন্দরে ভারতের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে হলেও চীনকে এককভাবে দেওয়া হচ্ছে তিস্তা মেগা প্রজেক্টে। দেশটির অর্থায়নেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে বুধবার জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি জানান, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে চীন সরকারের আর্থিক সহায়তায় সমীক্ষা সম্পন্ন করে প্রায় ৮ হাজার ২১০ কোটি টাকার পিডিপিপি ২০২০ সালের আগস্টে ইআরডিতে দেওয়া হয়েছিল। এ পরিপ্রেক্ষিতে ইআরডির বৈদেশিক সাহায্য অনুসন্ধান কমিটির ৫১তম সভায় প্রকল্পটি বাস্তবায়নের স্বার্থে সহজ শর্তের ঋণ পেতে চীন সরকারকে অনুরোধ করার সিদ্ধান্ত গৃহীত হয়। ইআরডি হতে ঢাকার চীনা দূতাবাসের মাধ্যমে চীনা সরকারকে সফট লোন সাহায্য প্রাপ্তির জন্য ২০২১ সালের মার্চ মাসে অনুরোধ জানানো হয়।
জানা গেছে, দুটি প্রকল্পেই ভারত ও চীনের সমান আগ্রহের কারণে সরকার অনেকটা বেকায়দায় পড়ে। মোংলায় ভারতের প্রস্তাবের পর চীনও তাদের আগ্রহের বিষয়টি প্রকাশ করে। এর পাল্টা হিসেবে তিস্তা মেগা প্রজেক্টে চীনের বিনিয়োগের বিষয়টি নিশ্চিত হওয়ার পরও গত মাসের ৯ তারিখে সেখানে বিনিয়োগের আগ্রহের কথা জানায় ভারত।
দেশটির পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা এদিন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে দেখা করে তিস্তা প্রকল্পে তার সরকারের বিনিয়োগে আগ্রহের বিষয়টি অবহিত করে।
ফলে বিষয় দুটি নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়। ঢাকার পাশাপাশি ভারতীয় গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয় ভারত ও চীনের এমন রশি টানাটানি নিয়ে। শেষ পর্যন্ত মোংলায় ভারত ও চীনের যৌথ এবং তিস্তায় চীনের একক বিনিয়োগের বিষয়টি অনেকটাই চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, ইরানের চাহবাহার বন্দর ও মিয়ানমারের সিতওয়ে বন্দরের অপারেশনাল অধিকার ইতোমধ্যেই ভারতের রয়েছে। এবার মোংলা বন্দরটি পেলে তা হবে ভারতের প্রতিবেশী এলাকায় তৃতীয় বিদেশি বন্দর পরিচালনার অধিকার। এর মাধ্যমে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় স্থলবেষ্টিত রাজ্যগুলোতে পণ্য পরিবহনের পাশাপাশি ভারতের নিকটবর্তী এলাকায় চীনের ক্রমবর্ধমান কৌশলগত উপস্থিতির প্রতি ভারসাম্য বজায় রাখতে সক্ষম হবে। এছাড়া ভারত মহাসাগর অঞ্চলের পশ্চিম ও পূর্ব উভয় অংশে বন্দর পরিচালনার নেট নিরাপত্তা সুবিধা পাবে দিল্লি।
বন্দর কর্তৃপক্ষ বলছে, মোংলা সমুদ্রবন্দরে বর্তমানে পাঁচটি জেটি রয়েছে। যেখানে কনটেইনার এবং বাল্ক-ক্যারিয়ার জাহাজ উভয়ই পরিচালনা করা হয়। পদ্মা সেতু নির্মাণের পর বন্দর ব্যবহারে শিপারদের আগ্রহ বেড়ে যাওয়ায় এর ক্ষমতা বাড়াতে আরেও দুটি জেটি নির্মাণাধীন রয়েছে। যা রাজধানীর সাথে এর দূরত্ব কমিয়ে দিয়েছে।
দ্রুততম সময়ে এবং সস্তায় পণ্যসম্ভার ও কনটেইনার পরিবহনের সুবিধার্থে বন্দরটি শীঘ্রই রেল সংযোগের আওতায় আসবে। গত বছরের এপ্রিলে, বাংলাদেশ চট্টগ্রাম ও মোংলা সমুদ্রবন্দর ব্যবহার করে ভারতকে সেভেন সিস্টার রাজ্যে কার্গো পরিবহনের জন্য স্থায়ী ট্রানজিট এবং ট্রানশিপমেন্ট সুবিধা দেয়।
এদিকে মোংলা বন্দরের ব্যবস্থাপনায় ভারতের সঙ্গে চীনের অংশীদারিত্বের বিষয়টিতে এখনো অনেকে সন্দিহান রয়েছে। তারা বলছেন, ভৌগোলিক কারণে দুটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দেশ একই সঙ্গে কীভাবে কাজ করবে সেটি দেখার বিষয়। সময়ের সঙ্গে সঙ্গে অনেক পরিবর্তন আসতে পারে বলেও কেউ কেউ মনে করছেন।
এ বিষয়ে সাবেক পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশে রাজনৈতিক ও কৌশলগত দিক দিয়ে ভারত বা চীন কে কতটা প্রভাব বিস্তার ও বিনিয়োগ করছে, তা নিয়ে দুটি দেশ সবসময়েই একটা উৎকণ্ঠায় থাকে। চীন ও ভারত উভয়ে একই বন্দরে বিনিয়োগ করতে চায়-এটি কীভাবে কাজ করবে তা বোধগম্য হচ্ছে না। এটি নিশ্চিত যে এ নিয়ে তাদের মধ্যে প্রতিযোগিতা কাজ করছে এবং দুই দেশই বাংলাদেশে তাদের প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে।
আর চীনে দায়িত্ব পালন করা সাবেক রাষ্ট্রদূত মুনশি ফয়েজ আহমেদ বলেন, একই বন্দরের জন্য চীন ও ভারতের অর্থায়ন একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। তবে বিষয়টি সরকারের যথেষ্ট সতর্কভাবে সামলানো উচিত।
