ছবি: সংগৃহীত
গরম একটু বাড়লেই যাদের এই ফলের সেই ফলের রস দিয়ে গলা ভেজাতে চান, তাদের জন্য দুঃসংবাদ। নতুন বছরে সব ধরনের জুসের দামই বাড়ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
আজ বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদ অধিবেশনে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জুসের মূসক (ভ্যাট) ১০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় বলেন, রাজস্ব আদায় ও করপরিপালন বৃদ্ধির লক্ষ্যে আমসত্ব (ম্যাংগো বার), ম্যাংগো জুস, আনারসের জুস, পেয়ারার জুস, তেঁতুলের জুসের স্থানীয় উৎপাদন পর্যায়ে মূসকের হার ৫ শতাংশ এর পরিবর্তে ১৫ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করছি।
এর আগে আজ বিকেল ৩টা পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পেশ শুরু হয়। প্রস্তাবিত বাজেটে বিভিন্ন ধরনের পণ্যে শুল্ক ও কর হ্রাসের প্রস্তাবনা করা হয়েছে।‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’ শিরোনামে ২০২৪-২৫ অর্থবছরের বাজেটের আকার ধরা হয়েছে সাত লাখ ৯৭ হাজার কোটি টাকা।
আজ বাজেট উপস্থাপনের পর নিয়ম অনুযায়ী প্রস্তাবিত বাজেটের ওপর সংসদ সদস্যরা আলোচনা করবেন। এরপর আগামী ৩০ জুন প্রস্তাবিত বাজেট পাস হবে। বাংলাদেশের ৫৩তম বাজেট এটি। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর এটি প্রথম বাজেট।

