Logo
Logo
×

অর্থনীতি

বাজেট ২০২৪-২৫

ভর্তুকি ও প্রণোদনার বরাদ্দ বাড়ছে ৯ শতাংশ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩১ মে ২০২৪, ০২:১৮ এএম

ভর্তুকি ও প্রণোদনার বরাদ্দ বাড়ছে ৯ শতাংশ

আগামী অর্থবছরে ভর্তুকি ও প্রণোদনার বরাদ্দ আগের বছরের তুলনায় প্রায় ৯ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। বিদ্যুতের ভর্তুকির বকেয়া বন্ড রুপান্তর করলে বকেয়া ভর্তুকি জন্য আগামী অর্থবছর ১০ হাজার কোটি বাড়ানো হচ্ছে। আন্তর্জাতিক বাজারে সার, জ্বালানি ও খাদ্যপণ্যের দাম কমার পাশাপাশি রপ্তানিতে প্রণোদনা কমানোর পরিকল্পনা সত্ত্বেও মূলত বিদ্যুৎ ও খাদ্য খাতের জন্য আগামী অর্থবছরের বাজেটের ভর্তুকি আকার বাড়ানো হচ্ছে।

অর্থবিভাগ সূত্রে জানা গেছে, ভর্তুকি ও প্রণোদনার জন্য ১ লাখ ২০ হাজার ৫৮৫ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে, যা দেশের মোট জিডিপির ২ দশমিক ১৫ শতাংশ। ২০২৩-২৪ অর্থবছরে এ বরাদ্দ ছিল ১ লাখ ১০ হাজার ৬৭২ কোটি টাকা।

আগামী ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেটে মোট ভর্তুকি ও প্রণোদনার বড় অংশই বরাদ্দ রাখা হতে পারে বিদ্যুৎ ও কৃষিখাতে। এ দুটি খাতে ভর্তুকির পরিমাণ দাঁড়াবে মোট ৬৫ হাজার কোটি টাকা। এলএনজি আমদানি, খাদ্য ভর্তুকি ছাড়াও সরকারের খাদ্য নিরাপত্তা কর্মসূচিতেও ভর্তুকি বাড়ছে।

তবে স্বল্পোন্নত দেশের কাতার থেকে বাংলাদেশের উত্তরণ বা এলডিসি গ্রাজুয়েশন সামনে রেখে রপ্তানি প্রণোদনায় বরাদ্দ কমানো হচ্ছে। 

আইএমএফ ভর্তুকি প্রত্যাহারের সুপারিশ করলেও সরকার কেন বিদ্যুতে ভর্তুকি বাড়ানোর পরিকল্পনা করছে জানতে চাইলে বাংলা আউটলুককে অর্থনীতিবিদ ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, বকেয়ার জন্য ভর্তুকি একবারে হঠাৎ করে বাদ দেওয়া যায় না। পর্যায়ক্রমে তা বন্ধ করা উচিত। অন্যথায় এই ধরনের পদক্ষেপ অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

তিনি আরো বলেন, অভিযোগ আছে ভর্তুকির অনেকটা অপচয় হয়। বিদ্যুৎখাতে ভর্তুকির অপচয় সবচেয়ে বেশি। এসব অদক্ষতা দূর করতে পারলে ভর্তুকি কমিয়ে আনা সম্ভব। সারের ভর্তুকিতেও বিপুল অপচয় হচ্ছে। কৃষকরা প্রয়োজনের তুলনায় অনেক বেশি ইউরিয়া ব্যবহার করছে। এতে উৎপাদনও কমছে, মাটি নষ্ট হচ্ছে, ভর্তুকিও বাড়ছে। তাই সারে ভর্তুকি কমানোর সুযোগ আছে।

মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, ডলারের বিনিময় দর বেড়েছে, তাই আমি মনে করি রেমিট্যান্সে প্রণোদনার আর দরকার নেই। এ ছাড়া, তৈরি পোশাকে রপ্তানি প্রণোদনার ক্ষেত্রে নতুন বাজার ও নতুন পণ্যে প্রণোদনা বহাল রেখে বাকিগুলো কমানো যেতে পারে। অর্থ মন্ত্রণালয় ইতোমধ্যে রপ্তানি প্রণোদনা কমাচ্ছে, যা যৌক্তিক বলে ধরে নেওয়া যায়।

আগামী অর্থবছর খাতভিত্তিক ভর্তুকি বরাদ্দ, বিদ্যুতে সর্বোচ্চ বরাদ্দ বেশি করার প্রস্তাব করা হয়েছে। বিদ্যুৎ উৎপাদনের কাঁচামাল জ্বালানি তেল, গ্যাস ও কয়লার দাম আন্তর্জাতিক বাজারে কমলেও ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে কয়েক দফায় বিদ্যুতের দাম বাড়ানোর পরও– আগামী অর্থবছর এখাতে ভর্তুকি বরাদ্দ বাড়িয়ে ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হতে পারে। চলতি অর্থবছরের বাজেটে বিদ্যুৎখাতে ভর্তুকি বাবদ বরাদ্দ রয়েছে ৩৫ হাজার কোটি টাকা।

অর্থবিভাগের তথ্য অনুযায়ী, আগের অর্থবছরের বকেয়াসহ চলতি অর্থবছরের জানুয়ারির শেষে বিদ্যুৎখাতে ভর্তুকির পরিমাণ দাঁড়ায় ৪২ হাজার কোটি টাকা। এর মধ্যে চলতি অর্থবছর সরকার পরিশোধ করেছে ১৭ হাজার কোটি টাকা। ফলে জানুয়ারির শেষে এখাতে বকেয়া ভর্তুকির পরিমাণ ২৫ হাজার কোটি টাকা।

বর্তমানে বিদ্যুৎখাতে প্রতিমাসে গড়ে ৩ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়। এ হিসাবে গত ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত আরো প্রায় ১৫ হাজার কোটি টাকা বকেয়া ভর্তুকি যোগ হবে।

বিদ্যুতের বকেয়া বিল পাওয়ার জন্য দেশের বেসরকারি বিদ্যুৎ উৎপাদকদের (আইপিপি) পাশাপাশি ভারতীয় রপ্তানিকারকেরা সরকারকে চাপ দিচ্ছে। যার প্রতিক্রিয়ায় সরকার বন্ড জারি করে ইতোমধ্যে ভর্তুকির কিছু অর্থ পরিশোধ করেছে।

ভারতের আদানি গ্রুপের কাছে সরকারের পাঁচ মাসে বিদ্যুৎ বিল বকেয়ার পরিমাণ প্রায় ৭০ কোটি ডলার। বকেয়া বিল দ্রুত পাওয়ার জন্য গতকাল বুধবার অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেছে গ্রুপটির একটি প্রতিনিধি দল।

এদিকে কৃষিখাতে চলতি অর্থবছরের মতোই আগামী অর্থবছরের বাজেটে ২৫ হাজার ১২২ কোটি টাকা ভর্তুকি বরাদ্দ রাখা হতে পারে বলে জানিয়েছেন অর্থবিভাগের কর্মকর্তারা।

তবে টাকার অভাবে কৃষিখাতের ভর্তুকির বকেয়াও পরিশোধ করতে পারছে না অর্থ মন্ত্রণালয়। ফলে বিভিন্ন ব্যাংক সার আমদানির এলসি খুলতে অনীহা প্রকাশ করার পরিপ্রেক্ষিতে ব্যাংকগুলোকে বন্ড ইস্যু করেছে সরকার।

আগামী অর্থবছরের বাজেটে খাদ্য ভর্তুকি বাবদ ৭ হাজার ৩৬০ কোটি টাকা বরাদ্দ রাখা হতে পারে বলে জানা গেছে। খাদ্য ভর্তুকির আওতায় মূলত সরকারি চাকরিজীবীদের রেশন সরবরাহ করা হয়ে থাকে। চলতি অর্থবছরের বাজেটে এখাতে বরাদ্দের পরিমাণ ৬ হাজার ৭৬৬ কোটি টাকা।

২০২২-২৩ অর্থবছরে রপ্তানি প্রণোদনায় বরাদ্দ ধরা হয়েছিল ৯ হাজার ২৫ কোটি টাকা। যা কমিয়ে প্রায় ৮ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয় চলতি ২০২৩-২৪ অর্থবছরে। কর্মকর্তারা জানান, আগামী অর্থবছর এখাতে বরাদ্দ রাখা হচ্ছে ৭ হাজার ৮২৫ কোটি টাকা। এর বাইরে পাট ও পাটজাত পণ্য রপ্তানিতে প্রণোদনা হিসেবে ১ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ রাখা হতে পারে।

প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে উৎসাহী করতে সরকার ২ দশমিক ৫ শতাংশ হারে প্রণোদনা দিয়ে থাকে। এজন্য আগামী বাজেটে ৬ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ রাখা হতে পারে। চলতি অর্থবছরের বাজেটেও এখাতে সমপরিমাণ অর্থ বরাদ্দ রয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন