Logo
Logo
×

অর্থনীতি

দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচন

কোটিপতি প্রার্থী বেড়েছে ৩ গুণ

Icon

ঢাকা অফিস

প্রকাশ: ১৯ মে ২০২৪, ১০:৪১ পিএম

কোটিপতি প্রার্থী বেড়েছে ৩ গুণ

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে কোটিপতি চেয়ারম্যান প্রার্থী বেড়েছে তিনগুণ। আর প্রার্থীদের মধ্যে ৭১ শতাংশই ব্যবসায়ী। এদের মধ্যে বিভিন্ন মামলায় আসামি রয়েছে ১৩ দশমিক ১৩ শতাংশ। 

রবিবার (১৯ মে) দুপুরে রাজধানীর মাইডাস সেন্টারে দুর্নীতিবিরোধী বেসরকারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য প্রকাশ করেছে। টিআবি তাদের বিশ্লেষণে, অস্থাবর সম্পদের ভিত্তিতে কোটিপতির হিসাব করেছে। ভূমির মতো স্থাবর সম্পদের মূল্য নির্ধারণ কঠিন হওয়ায় কোটিপতির হিসাবে তা আনা হয়নি।  

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করেছে টিআইবি। টিআইবির তথ্যমতে, চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে কোটিপতি রয়েছেন ১০৫ জন। গত উপজেলা পরিষদ নির্বাচনের তুলনায় এবার কোটিপতি প্রার্থীর সংখ্যা বেড়েছে তিন গুণ।  

এছাড়া, ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীদের মধ্যে ৮ জন কোটিপতি এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে কোটিপতি রয়েছেন ৩ জন। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী মিলিয়ে এই ধাপে কোটিপতির সংখ্যা দাঁড়াচ্ছে ১১৬ জনে।

টিআইবি জানিয়েছে, দ্বিতীয় ধাপে ১৬০ উপজেলার মধ্যে ১৫৭ উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান মিলিয়ে মোট প্রার্থী ১ হাজার ৮১১ জনের হলফনামা বিশ্লেষণ করেছে। বাকি ৩ জনের হলফনামা নির্বাচন কমিশনে পাওয়া যায়নি বলে উল্লেখ করেছে টিআইবি। ১৫৭টি উপজেলায় চেয়ারম্যান পদে ৫৯৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬৮৯ জন এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদের মধ্যে চেয়ারম্যান পদে ২৩৫ জন, ভাইস চেয়ারম্যান ১৬৭ জন, সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান ৬০ জনসহ মোট ৪৬২ জন প্রার্থী ব্যাংকের ঋণগ্রস্ত। 

টিআইবির বিশ্লেষণে উল্লেখ করেছে, দ্বিতীয় ধাপে চেয়ারম্যান প্রার্থীদের ৭০ দশমিক ৫১ শতাংশই নিজেকে ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ ১২ দশমিক ১৭ শতাংশ পেশা হিসেবে দেখিয়েছেন কৃষিকাজকে। তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছেন আইনজীবী ৪.১ শতাংশ ও শিক্ষক ৪.১৭ শতাংশ।

ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে প্রায় ৬৮ দশমিক ৭৩ শতাংশ নিজেকে ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়েছেন। সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীদের ৫২ শতাংশই গৃহিণী এবং গৃহস্থালির কাজকে পেশা হিসেবে দেখিয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ শতাংশ ব্যবসায়ী। পরের অবস্থানে শিক্ষক ও কৃষিজীবী।

জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও ব্যবসায়ী প্রার্থীদের দাপট ক্রমেই বেড়ে চলেছে উল্লেখ করে টিআইব বলেছে, ব্যবসায়ী প্রার্থীদের সংখ্যা ২০১৪ সালের চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের তুলনায় ৮ শতাংশ বেড়েছে। অন্যদিকে গৃহিণী-গৃহস্থালি, কৃষিজীবী ও শিক্ষক প্রার্থীদের পরিমাণ উল্লেখযোগ্য হারে কমেছে। 

দ্বিতীয় ধাপের নির্বাচনে ৫ বছরে চেয়ারম্যান প্রার্থীর আয় বেড়েছে অন্তত ১১ হাজার শতাংশ। এক্ষেত্রে দেখা যায় অস্থাবর সম্পদ বেড়েছে সাড়ে ১১ হাজার শতাংশ। স্ত্রী ও নির্ভরশীলদের সম্পদ বৃদ্ধির হার ৮ হাজার ৯৬৮ শতাংশ।

এদের মধ্যে,  সবচেয়ে বেশি ৩১০ দশমিক ৯৪ কোটি টাকার ঋণ নিয়ে ঋণগ্রস্ত প্রার্থী তালিকার শীর্ষে আছেন নেত্রকোনার পূর্বধলার চেয়ারম্যান পদপ্রার্থী আসাদুজ্জামান। 

৯৯.১৫ কোটি টাকা ঋণ নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন কুমিল্লা সদর দক্ষিণের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আক্তারুজ্জামান। ৩৫.৮৭ কোটি টাকা ঋণ নিয়ে তৃতীয় অবস্থানে আছেন পিরোজপুর জেলার নেছারাবাদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. সোহাগ মিয়া। 

দ্বিতীয় ধাপে ১৬০ উপজেলা পরিষদে ভোট হবে ২১ মে। এরপর তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ২৯শে মে এবং চতুর্থ ধাপে ৫৫ উপজেলায় ভোট হবে ৫ জুন। 

সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল-টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, বড় দুই দলই মাঠপর্যায়ে শৃঙ্খলা বজায় রাখতে পারছে না। ব্যবসায়ীরা নির্বাচনকে বিনিয়োগ হিসেবে দেখছেন। জনপ্রতিনিধিরা নিজেদের পদকে আয় ও সম্পদ বিকাশের মাধ্যম হিসেবে দেখছেন। যার ফলে জনস্বার্থের বিষয়টি দিন দিন প্রাধান্য হারাচ্ছে।

উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ তথ্য উপস্থাপন করেন টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশনের সহকারী সমন্বয়কারী ইকরামুল হক ইভান। 

উপস্থিত ছিলেন টিআইবির উপদেষ্টা (নির্বাহী ব্যবস্থাপনা) সুমাইয়া খায়ের, আউটরিচ অ্যান্ড কমিউনিকেশনের পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম, ডেটা ভিজ্যুয়ালাইজেশনের সহকারী সমন্বায়ক (সহকারী সমন্বয়কারী) রিফাত রহমান ও কে এম রফিকুল আলম।

এর আগে, গত ৮ মে প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ হয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন