Logo
Logo
×

অর্থনীতি

মৌলভীবাজার

দুই মাস ধ‌রে গ্রাহক‌দের টাকা দি‌তে পার‌ছে না ব‌্যাংক!

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ মে ২০২৪, ০৭:৫২ এএম

দুই মাস ধ‌রে গ্রাহক‌দের টাকা দি‌তে পার‌ছে না ব‌্যাংক!

চরম আর্থিক সংকটে ভুগছে আইসিবি ইসলামিক ব্যাংকের মৌলভীবাজার শাখা। দুর্ভোগে প‌ড়ে‌ছেন শত শত গ্রাহক। তারা বল‌ছেন, দুই মাস ধ‌রে ব্যাংকে টাকা তুল‌তে এ‌সে টাকা না পেয়ে ফিরে তারা যাচ্ছেন। ব্যাংকের কর্মকর্তারা নানাভাবে গ্রাহককে বোঝানোর চেষ্টা করছেন। কোনো কোনো গ্রাহককে চেকের প‌রিমাণ বুঝে কম করে হলেও কিছু টাকা দেয়ার চেষ্টা চালাচ্ছেন।

হতাশা বাড়ছে ডিপিএস ও ফিক্স ডিপোজিটসহ অন্যান্য স্কিমে লাভের আশায় টাকা জমা রাখা গ্রাহকদের। তারা

বল‌ছেন, জমাকৃত টাকা কীভাবে হাতে পাবো তা নি‌য়ে দুশ্চিন্তায় র‌য়ে‌ছেন তারা। 

মৌলভীবাজার প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবদুল হামিদ মাহবুব মঙ্গলবার সকালের দিকে ওই ব্যাংকের নিজ একাউন্ট থেকে ৫৫ হাজার টাকা উত্তোলনের জন্য চেক নিয়ে গেলে তাকে টাকা না দিয়েই ফিরিয়ে দেন ব্যাংক কর্মকর্তারা। কারণ হিসেবে জানান- ব্যাংকে পর্যাপ্ত টাকা নেই। তিনি ওই চেকের ছবি দিয়ে তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। 

তি‌নি লে‌খেন, আইসিবি ইসলামিক ব্যাংক মৌলভীবাজার শাখায় গিয়েছিলাম টাকা উঠাতে। ব্যাংক থেকে বললো ক্যাশ সংকট। টাকা দিতে পারবে না। জানতে চাইলাম, কতদিন ধরে এই অবস্থা? উপস্থিত গ্রাহকরা জানলেন দুই মাস ধরে। ব্যাংকের এক কর্মকর্তা বলেন- আমাদের কিছুই করণীয় নেই। যত পারেন বাংলাদেশ ব্যাংকে অভিযোগ করুন। বাংলাদেশ ব্যাংকই আমাদের এই অবস্থার মধ্যে ফেলেছে। 

ঈদুল ফিত‌রের ছুটির দুইদিন পরও টাকার ঘাটতি থাকায় ব্যাংকের শাখাটি বন্ধ ছিল। গত ৬ মে টাকার অভাবে প্রায় ৩ ঘণ্টা বন্ধ ছিল। পরে প্রধান কার্যালয় থেকে গ্রাহকদের কিছু টাকা পাওয়া গেলে তালা খুলে অফিস কার্যক্রম শুরু হয়।

কর্মকর্তারা জানান, ব্যাংকের অর্ধেক সাটার বন্ধ ও অর্ধেক খুলে কার্যক্রম চালানো হচ্ছে। প্রায় দিনই কার্যক্রম বন্ধ রাখতে হয়। ক্ষুব্ধ গ্রাহকরা টাকা না পেয়ে কর্মকর্তা-কর্মচারীদের গালাগাল করেন। 

শাখার ব্যবস্থাপক তোফাজ্জল হোসেন গণমাধ‌্যম‌কে ব‌লেন, বাংলাদেশ ব্যাংকের সবল ও দুর্বল ব্যাংক একীভূত করার ঘোষণার পর সবাই টাকা তুল‌তে ভিড় জমা‌তে শুরু ক‌রে। টাকা জমা পড়‌ছে না তেমন। কিন্তু অ‌নেক গ্রাহক একসঙ্গে টাকা তুল‌তে থাকায় সমস্যাটি প্রকট হয়। তবে একেবারেই লেনদেন হচ্ছে না তা এমন নয়। আমরা কমবেশি করে গ্রাহক সন্তুষ্ট রাখার চেষ্টা করছি।

তি‌নি ব‌লেন, আমাদের চলমান সমস্যাটি হেড অফিস জা‌নে। তারা আশ্বস্ত করছেন খুব শিগগিরই প্রয়োজনীয় অর্থ দেবেন। এই শাখায় গ্রাহক রয়েছেন ৬ থে‌কে ৭০০ জন। সংকট দ্রুতই কাটবে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন