ব্যবসা ও মুনাফা বেড়েছে বিদেশি ব্যাংকগুলোর, ব্যর্থ দেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫ মে ২০২৪, ০৯:১০ পিএম
দেশি ব্যাংকের ব্যর্থতার সুযোগ নিচ্ছে বিদেশি ব্যাংকগুলো। বাড়ছে তাদের ব্যবসা ও মুনাফা। ২০২৩ সালে দেশে কার্যক্রম চালানো প্রায় সবকটি বিদেশি ব্যাংকই রেকর্ড মুনাফা পেয়েছে। এসব ব্যাংক চলতি বছরও ভালো ব্যবসা করছে। বাংলাদেশের ব্যাংকগুলো উচ্চ খেলাপি ঋণ, ভঙ্গুর মূলধন কাঠামো আর অদক্ষ ব্যবস্থাপনায় ক্রমেই দুর্বল হওয়ায় সুযোগ পাচ্ছে বিদেশি ব্যাংকগুলো। দিন দিন দেশের ব্যাংকগুলোর মুনাফা কমে যাচ্ছে। পাশাপাশি অনেক ব্যাংকের ব্যবসাও সংকুচিত হয়ে আসছে। বিপরীতে বিদেশি ব্যাংকের বাড়ছে ব্যবসা ও মুনাফা।
দেশে কার্যক্রম চালানো বিদেশি ব্যাংকগুলোর নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ২০২৩ সালে রেকর্ড ২ হাজার ৩৩৫ কোটি টাকা নিট মুনাফা করেছে। দেশের ব্যাংক খাতের ইতিহাসে এর আগে কোনো ব্যাংকই এ পরিমাণ নিট মুনাফা করতে পারেনি। ২০২২ সালেও বহুজাতিক ব্যাংকটির নিট মুনাফা হয়েছিল ১ হাজার ৬৫৫ কোটি টাকা। সে হিসাবে গত বছর ব্যাংকটির নিট মুনাফায় প্রবৃদ্ধি হয়েছে ৪১ শতাংশ। নিট মুনাফায় ৭০ শতাংশেরও বেশি প্রবৃদ্ধি পেয়েছে হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেড (এইচএসবিসি)। বহুজাতিক ব্যাংকটি ২০২৩ সালে ৯৯৯ কোটি টাকা নিট মুনাফা করেছে। এর আগের বছর এইচএসবিসির নিট মুনাফা ছিল ৫৮৭ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে দেশে কার্যক্রম পরিচালনা করছে নয়টি বিদেশি ব্যাংক। এর মধ্যে যুক্তরাজ্যভিত্তিক স্ট্যান্ডার্ড চার্টার্ড ও এইচএসবিসির ব্যবসা ও কার্যক্রমই বেশি বিস্তৃত। এছাড়া শ্রীলংকার কমার্শিয়াল ব্যাংক অব সিলন, যুক্তরাষ্ট্রের সিটিব্যাংক এনএ, দক্ষিণ কোরিয়ার উরি ব্যাংক ও ভারতের স্টেট ব্যাংক অব ইন্ডিয়ারও উল্লেখযোগ্য মাত্রায় কার্যক্রম রয়েছে। এক্ষেত্রে কিছুটা পিছিয়ে পাকিস্তানভিত্তিক ব্যাংক আল ফালাহ্ ও হাবিব ব্যাংক। এর মধ্যে দেশে ব্যাংক আল ফালাহ্র কার্যক্রম অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি খাতের ব্যাংক এশিয়া। আর খেলাপি ঋণের ভারে বিপর্যস্ত ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এখন প্রায় দেউলিয়া দশায়।
ব্যাংকগুলোর আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায়, গত বছর কমার্শিয়াল ব্যাংক অব সিলনের মুনাফা বেড়েছে ৬৫ শতাংশ। গত বছর ব্যাংকটির বাংলাদেশ অফিস ৪৩৮ কোটি টাকার নিট মুনাফা করেছে। একই সময়ে ২৭৭ কোটি টাকা নিট মুনাফা করেছে সিটিব্যাংক এনএ। আর স্টেট ব্যাংক অব ইন্ডিয়া নিট মুনাফা করেছে ২৩৪ কোটি টাকা। তবে উরি ব্যাংক ব্যতিক্রম ছিল।
বহুজাতিক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক গত তিন বছর টানা বড় অঙ্কের মুনাফা করেছে। তাদের ২০২১ সালে নিট মুনাফা ছিল ৭৫৮ কোটি টাকা। ২০২২ সালে তা ১ হাজার ৬৫৫ কোটি টাকা। আর গত বছর মুনাফা বেড়ে দাঁড়ায় রেকর্ড ২ হাজার ৩৩৫ কোটি টাকা।
বর্তমানে বাংলাদেশে মাত্র ১৮টি শাখা এবং একটি ইসলামিক ব্যাংকিং উইন্ডো নিয়ে কার্যক্রম পরিচালনা করছে। ২০২৩ সাল শেষে ব্যাংকটির মোট সম্পদ ও দায়ের পরিমাণ ছিল ৬০ হাজার ৪৮৩ কোটি টাকা। বিতরণকৃত ঋণের স্থিতি ৩০ হাজার কোটি টাকারও কম। এর মধ্যেই দেশে ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি নিট মুনাফা করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড।
দেশি ব্যাংকগুলোর ব্যর্থতার কারণেই বিদেশি ব্যাংকের মুনাফা বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে, ক্রমবর্ধমান খেলাপি ঋণ দেশের ব্যাংক খাতের কোমর ভেঙে দিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সাবেক একজন ডেপুটি গভর্নর বলেন, বিদেশি ব্যাংকগুলোর হাতে এখন বিনিয়োগযোগ্য পর্যাপ্ত তারল্যও রয়েছে। এ অর্থ সরকারি ট্রেজারি বিল-বন্ডের মতো নিরাপদ বিনিয়োগ করলেও উচ্চ মুনাফা পাবে। আবার তাদের আমানত সংগ্রহ ব্যয় সর্বনিম্ন।
তিনি আরো বলেন, কিন্তু দেশি ব্যাংকগুলোর তারল্য সংকট। তাদের সেই অবস্থা নেই। এ কারণে তাদের উচ্চ সুদে আমানত সংগ্রহ করতে হচ্ছে। আবার সুশাসনের ঘাটতি ও আস্থাহীনতার কারণে প্রথম প্রজন্মের অনেক ব্যাংকের অবস্থাও এখন নাজুক। উচ্চ সুদের প্রস্তাব দিয়েও তারা আমানত সংগ্রহ করতে পারছে না।
