বাংলাদেশের অর্থনীতির সংকট খুব দ্রুত ঠিক হয়ে যাবে না বলে মনে করছে অর্থ বিভাগ। তবে তাদের আশা, ডলারের মূল্য নির্ধারণের ‘ক্রলিং পেগ’ কার্যকর হলে ছয় মাসের মধ্যে বৈদেশিক মুদ্রার তহবিল ভালো হবে। কিন্তু দেশের আর্থিক হিসাব ঠিক হওয়ার ওপর নির্ভর করছে বৈদেশিক রিজার্ভ ভালো হওয়া।
এরই মধ্যে সোমবার (১৩ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অর্থ বিভাগের বাজেট বৈঠক হয়েছে। বৈঠকে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়সা খানও উপস্থিত ছিলেন। সেখানেও এসব বিষয় এসেছে বলে জানিয়েছেন বৈঠক উপস্থিত থাকা অর্থ বিভাগের একাধিক কর্মকর্তা। তারা জানান, আইএমএফের ঋণের শর্তের ওপর আগামী বাজেট তৈরি করার বিষয়ে তেমন বেশি আলোচনা হয়নি।
বৈঠক সূত্র জানায়, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বৈদেশিক মুদ্রার লেনদেনে এক ধরনের স্থিতিশীলতা আসবে। মূল সমস্যা হচ্ছে, দেশের বেসরকারি খাতের ব্যবসায়ীরা যেভাবে বিদেশ থেকে ঋণ নিয়েছে, তার থেকে বেশি পরিশোধ করছে। কারণ বাইরের ঋণের সুদের হার অনেক বেশি। ৫-৬ শতাংশ সুদে ঋণ ধরে রাখা যায় না। বিদেশি ঋণ ধরে রাখলেও খরচ বেড়ে যাচ্ছে। আর এটা তো দেশি ব্যাংকের ঋণ না যে, ফেরত না দিলেও চলে। বিদেশ থেকে ঋণ নিলে তো অবশ্যই ফেরত দিতে হবে। তা না হলে আন্তর্জাতিকভাবে সেই ব্যবসায়ী ব্লাক লিস্টেড হয়ে যাবে। ব্যবসা করতে পারবে না।
সূত্র আরো বলছে, দেশের আর্থিক হিসাব থেকে ডলার চলে যাচ্ছে। তবে আর্থিক হিসাব থেকে ব্যবসায়ীদের আর ঋণ পরিশোধ করার জন্য বিদেশি মুদ্রা দিতে হবে না। আমরা আশা করছি, আগামীতে আর্থিক হিসাবে গ্যাপটা কমে আসবে। আর্থিক হিসাবে দায়টা অনেকটা কমে এসেছে।
এদিকে আইএমএফের তৃতীয় কিস্তি বাড়ানোর ব্যাখ্যায় কর্মকর্তারা বলেছেন, আমরা আইএমএফের সফররত দলকে বলছি আমাদের তো এখনই টাকা দরকার। আগামী ছয় মাসে দেশের আর্থিক অবস্থা ঠিক হয়ে যাবে। আমাদের এখনই আইএমএফের ডলার লাগবে। এজন্য আইএমএফের তৃতীয় কিস্তি বাড়ানো হয়েছে। এ বছর আমাদের অর্থের প্রয়োজন আরো বেশি। একটা নিদিষ্ট কিস্তির অংশ আগামী তৃতীয় কিস্তিতে দিয়ে দেবে। এটা অনেকটা প্র্যাটিক্যাল অন দি গ্রাউড রিয়ালিটি বা বাস্তবতার জন্য রিজার্ভ কমানো হয়েছে ।
আইএমএফের পরার্মশে বাজেট
সূত্র জানায়, প্রধানমন্ত্রীকে বাজেটের আকার কেমন, ঘাটতি কত, আয় কোথা থেকে আসবে সেসব বিষয় জানানো হয়েছে। প্রধানমন্ত্রী সব শুনেছেন। নতুন বাজেট দেওয়ার সময়ে সাধারণভাবে সামষ্টিক অর্থনীতির প্রেক্ষাপট দেওয়া হয়েছে। যেমন ঋণের পরিমাণ এবং সুদের হার কত হবে। এগুলো বাজেটের বাইরে বিষয়, কিন্তু তারা বাজেটের সময় এগুলো বলে থাকি। আইএমএফের তিনটা ঋণের শর্ত অনুসারে আগেই অনুমতি নেওয়া হয়েছে। আগামী বাজেটের বিভিন্ন বিষয় আইএমএফের শর্ত মধ্যেই রয়েছে সুতরাং আগেই এ বিষয়গুলো প্রধানমন্ত্রীর অনুমোদন নেওয়া হয়েছে।
আইএমএফের শর্তে বাজেট ঘাটতি সহনীয় রাখতে হচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) লক্ষ্যমাত্রা ধরে দিয়েছে আন্তর্জাতিক ঋণপ্রদান করা সংস্থাটি। সুতরাং আজকের বৈঠকে আগামী বাজেট নিয়ে বৈঠকে নতুন করে অনুমোদন পাওয়ার কিছু নাই। বাজেটের প্রাথমিক আলোচনায় তেমন কোনো বির্তকের ইস্যুও নাই ।
মূল্যস্ফীতির কমানো জন্য সংকোচন নীতি
সূত্র বলছে, মূল্যস্ফীতি কমানো জন্য রাজস্ব খাতে সরকার একটা অবস্থান নিয়ে থাকি। আমরা তো মনিটারি পলিসিতে, যেহেতু সংকোচনমূলক নীতি গ্রহণ করা হচ্ছে। আগামী বাজেট সেই নীতি গ্রহণ করা হয়েছে। চলতি বছর হয়েছে, আগামী বছরও সংকোচনমূলক নীতির ধারাবাহিকতা বজায় রাখা হবে। এনবিআর আয়ের প্রবৃদ্ধি আগামী অর্থবছর ১৬ শতাংশ করা হয়েছে। সামাজিক নিরাপত্তার আকার বাড়ানো হয়েছে। এ বছর ইতোমধ্যেই সামাজিক নিরাপত্তা আওতায় টিসিবি এবং ওএমএস খরচ বাড়ানো হয়েছে । যাতে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে থাকে।
ডলারের দাম বাড়ানোর জন্য বাজেটের আকার পরিবর্তন করা হবে না। তবে অভ্যন্তরীণ সমন্বয় করে বাজেটের আকার একই রকম রাখা হবে। ডলারের দাম বাড়ানোর জন্য সরকারি কর্মচারীদের বেতন ভাতায় টাকা কোনো পরিবর্তন হবে। কিন্তু ডলারের দাম বাড়ানোর জন্য সরবরাহ এবং সেবা খাতের আকার বড় ধরনের পরিবর্তন হবে।
মার্কিন ডলারের দাম বাড়িয়ে দেওয়ায় বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অনেক বিদেশি ঋণ পরিশোধের ক্ষেত্রে টাকার পরিমাণ বেড়ে যাবে। উন্নয়ন কর্মসূচির জন্য বিদেশ থেকে কাঁচামাল এবং মেশিনারি আমদানি করতে অনেক ডলারের প্রয়োজন পড়বে।
