সুশাসন বাদ দিয়ে অর্থনীতি সুস্থ করার চেষ্টা কেন্দ্রীয় ব্যাংকের
ফাইল ছবি
সুশাসন, অর্থ পাচার , খেলাপি ঋণ এবং রাষ্ট্রীয় সম্পদ তছরুপ আমলে না নিয়ে কেন্দ্রীয় ব্যাংক স্থানীয় মুদ্রার ৭ টাকা অবমূল্যায়ন করেছে, মূল্য নীতির হার বাড়িয়েছে এবং ঋণের হারকে সম্পূর্ণ বাজার-ভিত্তিক করেছে। ফলে টাকার মান কমে গেছে প্রায় ৬ দশমিক ৩৬ শতাংশ। সামান্য ঋণের জন্য আন্তর্জাতিক মূদ্রা তহবিলকে (আইএমএফ) খুশি করতে বাংলাদেশ ব্যাংক দেশের অর্থনীতির যেন বারোটা বাজাতে যাচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক জানে কিভাবে অর্থ পাচার বন্ধ, খেলাপি ঋণ কমিয়ে আনতে হয়। আর তা করতে প্রয়োজন রাজনৈতিক সিদ্ধান্ত। কিন্তু এই রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার মতো কোনো সৎ সাহস কেন্দ্রীয় ব্যাংক বা ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের নেই।
চলমান উচ্চ মূল্যস্ফীতি ও রিজার্ভ কমে যাওয়ার মতো জটিল পরিস্থিতি মোকাবিলা করে দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে বুধবার (৮ মে) তিনটি বড় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সম্প্রতি অথনৈতিক রিপোর্টার ফোরামের অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দীন বলেছেন, সরকার এবং আইএমএফকে দেশ থেকে অর্থ পাচার নিয়ে কোনো উচ্চ বাচ্য করতে দেখা যায় না। এ পাচার কমাতে না পারলে দেশের অথনৈতিক নীতি বাস্তবায়ন করা যাবে না।
তিনি আরও বলেন, জোর করে খারাপ ব্যাংকগুলোকে মার্জার করলে কাজে আসবে না। ঋণ খেলাপিদের বাঁচানোর জন্য কি ব্যাংক মার্জার করা হচ্ছে?
এ প্রসঙ্গে বাংলাদেশ সফর শেষে আইএমএফ প্রতিনিধি দলের প্রধান ক্রিস পাপেজর্জিউ বলেছেন, অর্থ পাচারের বিষয়টা আমাদের ঋণের কর্মসূচিতে আছে। আমরা বিএফআইইউ’র সঙ্গে অর্থ পাচারের মামলাগুলোর অগ্রগতি নিয়ে আলোচনা করেছি।
তিনি আরও বলছেন, বাংলাদেশ ব্যাংক আমাদের লিখিতভাবে বলেছে ব্যাংকগুলো স্বেচ্ছায় একীভূথ হচ্ছে। এ নিয়ে আমরা পরবর্তীতে কোনো প্রশ্ন করিনি।
বাংলাদেশ ব্যাংকের তিন সিদ্ধান্তের একটি হলো— ডলারের বিপরীতে টাকার দাম আরও সাত টাকা কমিয়ে ১১৭ টাকা করা হয়েছে। ফলে ডলারের বিপরীতে একদিনে টাকার সর্বোচ্চ দরপতন হয়েছে। টাকার এতো বড় অবমূল্যায়ন দেশের জন্য একটা বিরল ঘটনা।
দ্বিতীয়টি হলো—ব্যাংকের জন্য ট্রেজারি বিল-সংযুক্ত ফর্মুলা বাদ দিয়ে ঋণের হার সম্পূর্ণ বাজারভিত্তিক করা। চার বছর আগে ব্যাংকের উপর আরোপিত কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল মেকানিজম থেকে বড় পরিবর্তন করা হলো।
তৃতীয়টি হলো—নীতি সুদহার ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে সাড়ে আট শতাংশ করেছে। এ নিয়ে এ বছরে দ্বিতীয়বার সুদহার বাড়ানো হলো।
এই তিন সিদ্ধান্ত বাংলাদেশকে ১ দশমিক ১৫ বিলিয়ান ডলার ঋণ দেওয়ার ক্ষেত্রে আইএমএফের শর্তের সঙ্গে সংশ্লিষ্ট। পদক্ষেপগুলি অর্থনীতিকে ট্র্যাকে ফিরিয়ে আনার জন্য সরকার এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষকে একটা চ্যালেঞ্জে ফেলে দিয়েছে ।
বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি কমিটির মতে, বাংলাদেশের অর্থনীতি দুটি গুরুতর চ্যালেঞ্জের মুখোমুখি। একটি হচ্ছে ক্রমবর্ধমান উচ্চ মূল্যস্ফীতি, অন্যটি রিজার্ভ কমে যাওয়া।
কেন্দ্রীয় ব্যাংক বলছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, টাকার বিনিময় হার স্থিতিশীল রাখা ও রিজার্ভ কমে যাওয়া ঠেকাতে বাংলাদেশ ব্যাংক ও সরকার ইতোমধ্যে বেশকিছু উদ্যোগ নিয়েছে। কিন্তু মূল্যস্ফীতি এখনো বেশি। আবার রিজার্ভ পরিস্থিতিও কাঙ্ক্ষিত মাত্রায় বাড়ছে না।
গত বছরের মার্চ থেকে মূল্যস্ফীতি ৯ শতাংশের বেশি। গত দুই বছরে ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রার মূল্য ৩৫ শতাংশ কমেছে। দেশের রিজার্ভ কমেছে অর্ধেকেরও বেশি। ফলে দেশে অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে। তাই ক্রমবর্ধমান ব্যয় মেটাতে কর ও কর আদায়ের পরিধি বাড়ানোর মতো কৌশল নিয়েছে কর্তৃপক্ষ।
গতকাল বুধবার ক্রিস পাপেজর্জিউর নেতৃত্বাধীন আইএমএফের প্রতিনিধি দল ১৫ দিনের বাংলাদেশ সফর শেষে তৃতীয় কিস্তির ঋণ দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে। আইএমএফ প্রতিনিধি দল এই সফরে ঋণ কর্মসূচির দ্বিতীয় পর্যালোচনার প্রেক্ষাপটে অর্থনৈতিক ও আর্থিক নীতি নিয়ে আলোচনা হয়েছে।
এদিকে ব্যাংকরা বাংলাদেশের ব্যাংকের স্মার্ট ফর্মুলা বাতিলকে স্বাগত জানিয়েছেন। সবাই চাচ্ছে সুদের হার বাজার চালিত হোক। তবে তারা শঙ্কাও প্রকাশ করেছেন, সুদের হার ২০ শতাংশে ছাড়িয়ে যেতে পারে।
যেহেতু পলিসি রেট উপরের দিকে সংশোধিত হয়েছে এবং পরিচিত রেফারেন্স লেন্ডিং রেটও বাতিল করা হয়েছে, তাই সুদের হার বাড়তে পারে। এটি দেশের তহবিল ব্যয়বহুল করে তুলবে, যা কেন্দ্রীয় ব্যাংকে চাহিদা পূরণে সাহায্য করবে। তবে তা ঋণগ্রহিতাদের জন্য একটি বড় ধাক্কা।
একইভাবে ডলারের বিনিময় হার বাড়িয়ে দেওয়ায় তা রপ্তানিকারক ও প্রবাসীদের জন্য আশীর্বাদ হতে পারে। কারণ তারা ডলারের বিপরীতে বেশি টাকা পাবেন। যদিও আমদানিকারকদের পণ্য আমদানি করতে বেশি টাকা খরচ করতে হবে।
এই ব্যাপারে রপ্তানিকারক সমিতি বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্সের সভাপতি এস এম মান্নান কচি বলেন, গ্যাস ও বিদ্যুতের দাম বেড়ে যাওয়ায় ব্যবসায়িক খরচ অনেক বেড়েছে। আমাদের জন্য মানানসই বিনিময় হার জরুরি ছিল। সরকার রপ্তানি আয়ের ওপরও নগদ প্রণোদনা কমিয়েছে।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আশরাফ আহমেদ বলেন, বাজারভিত্তিক বিনিময় হারের দিকে যাওয়া সঠিক উদ্যোগ।
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ব্যাংকগুলো বেশি হারে আমানত সংগ্রহ করছে বলে সুদের হার অবিলম্বে বাড়বে। ডলারের ক্রয় বিক্রয় পার্থক্য বেশি হতে পারে না। এক টাকা পার্থক্য হতে পারে। কিন্তু অনেক হয়ে থাকে। ডলারের দাম বাড়লে সাধারণ মানুষ খুবই বেকায়দার পড়বে। এ বিষয়ে কোনো সন্দেহ নাই।
তিনি আরও বলেন, সুদের হার এবং ডলারের দাম বাড়ানোর ফলে দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।
অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের চেয়্যারম্যান সেলিম আরএফ হোসেন মনে করেন, নমনীয় সুদের হার এবং বিনিময় হার বাংলাদেশ থেকে মূলধন ফ্লাইট কমাতে সাহায্য করবে।
পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, সুদের হার বৃদ্ধি অর্থনীতিকে আরও মন্থর করতে পারে। তবে চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে হবে।
তিনি বলেন, ক্রলিং পেগ চালুর ফলে টাকা-ডলার বিনিময় হার স্থিতিশীল হবে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের উন্নতি হবে।
টাকার আরও অবমূল্যায়ন হতে পারে শঙ্কা প্রকাশ করে তিনি সরকারকে রেমিট্যান্সের উপর ভর্তুকি বন্ধ করার আহ্বান জানিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নেওয়া পদক্ষেপগুলি অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনবে কিনা জানতে চাইলে আইএমএফের প্রাক্তন অর্থনীতিবিদ বলেন, এগুলি প্রয়োজনীয় পদক্ষেপ, তবে পর্যাপ্ত নয়। তবে, এই পদক্ষেপগুলি ছাড়া, অর্থনীতিকে সংকট কাটিয়ে উঠতে সহায়তা করা সম্ভব হবে না।
অর্থনীতিবিদ ড এ বি মির্জা আজিজুল ইসলাম বলেন, বাংলাদেশ ব্যাংকের তিনটি সিদ্ধান্তের মধ্যে স্মার্ট সিস্টেমের বিলুপ্তি ছিল সবচেয়ে তাৎপর্যপূর্ণ।
তিনি আরও বলেন, বাজার ভিত্তিক সুদের হার আমাদের জন্য নতুন কিছু নয়। বাংলাদেশ ১৯৯০ এর দশকে অর্থনৈতিক উদারীকরণের পর থেকে এটি অনুসরণ করে আসছে। তাই, উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলি পরিচালনার ক্ষেত্রে ভালোভাবে অভিজ্ঞ।
তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংক ডলারের দাম ১১৭ টাকা নির্ধারণ করে অফিসিয়াল এক্সচেঞ্জ রেট ও প্রচলিত বাজারদরের মধ্যে ব্যবধান কমিয়েছে। এটির সাথে আমরা কেবল একটি বিনিময় হার থেকে অন্যটিতে চলে এসেছি। ক্রলিং পেগ চালু হওয়ার আগে আমদানিকারকরা ইতোমধ্যেই প্রতি ডলারে প্রায় ১২০ টাকা পরিশোধ করছিলেন। তাই, সাম্প্রতিক পদক্ষেপটি সহায়ক নাও হতে পারে। বরং এটি বিপরীতমুখীও হতে পারে।
অর্থ মন্ত্রণালয়ে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে ক্রিস পাপেজর্জিউ বলেন, ইউক্রেন যুদ্ধ, বিশ্বব্যাপী সুদের হার বৃদ্ধি এবং পণ্যের উচ্চ মূল্যের মতো বাহ্যিক ধাক্কার প্রকৃত সংমিশ্রণের জন্য রিজার্ভ হ্রাস পাচ্ছে। উচ্চ মূল্য অন্যান্য কিছুর তুলনায় অর্থনীতিতে দ্রুত নেমে এসেছে, মুদ্রাস্ফীতি এক দশকের উচ্চতায় উন্নীত করেছে।
বর্তমান পরিস্থিতি মোকাবিলায় কর্তৃপক্ষের এসব উদ্যোগকে সাহসী পদক্ষেপ বলে উল্লেখ করেছেন তিনি।
আইএমএফ কর্মকর্তা উল্লেখ করেন, বহু দশক ধরে দেশটির কর-টু-জিডিপি অনুপাত প্রায় ১০ শতাংশ ছিল, যা বিশ্বের সর্বনিম্ন। আমরা মনে করি উন্নতির জায়গা আছে।
আইএমএফ বলেছে, সামাজিক কল্যাণ ও উন্নয়ন উদ্যোগে বিনিয়োগ বাড়ানোর জন্য টেকসই রাজস্ব উৎপাদনকে অগ্রাধিকার দেওয়া অপরিহার্য।

