শিপিং কনটেইনার হোম
ঘানার টেকসই জীবনযাত্রার মডেল
কেন্ট মেনসাহ
প্রকাশ: ০৯ মে ২০২৪, ০৩:৪৮ পিএম
শিপিং কনটেইনারে তৈরি দোতালা বাড়ি।
ঘানার রাজধানী আক্রার উপকণ্ঠে একটি নির্মাণকেন্দ্র, যেখানে বাড়িঘর তৈরি হয়। অন্য অনেক পণ্যের মতোই এখানে বাড়িঘর তৈরি ও সরবরাহ করা হয়ে থাকে। এই বাড়ির প্রধান উপাদান বাতিল সব শিপিং কন্টেইনার। পরিবেশবান্ধব। সাশ্রয়ী। পশ্চিম আফ্রিকার এই দেশটির আবাসন সংকটের সহজ সমাধান।
‘আর এটা শুধু ব্যবসা নয়। ব্যবসার চেয়ে বেশি কিছু। এটা একটা আন্দোলন,’ এভাবেই নিজের স্বপ্নের কথা বলেন এরিক ককু গিমা।
ঘানার আবাসন সংকট দিন দিন বাড়ছে। ঘানা পরিসংখ্যান পরিষেবা সংস্থা বলছে, দেশটির ৩ কোটি ৩০ লাখ মানুষের মধ্যে প্রায় ৬০ লাখই গৃহহীন। তাদের জন্য জরুরি আবাসন প্রয়োজন। তাদের বেশির ভাগই বিপজ্জনকভাবে জনাকীর্ণ বস্তিতে বসবাস করছে। বস্তিতে বসবাসকারী জনসংখ্যা দ্রুতগতিতে বাড়ছে। ২০১৭ সালে যেখানে ৫৫ লাখ ছিল, ২০২০ সালে তা ৮৮ লাখে ঠেকেছে। এত দিনে হয়ত কোটির ঘর পার হয়ে গেছে, যার এখনও কোনো পরিসংখ্যান নেই।
এর একটি কারণ হলো দ্রুত নগরায়ণ। গ্রাম থেকে নগরে অভিবাসন এবং জনসংখ্যা বৃদ্ধি। অর্থনৈতিক সুযোগের সন্ধানে যত বেশি লোক শহরে যায়, আবাসনের চাহিদা ততই বেড়ে যায় এবং অনানুষ্ঠানিক বসতি ও বস্তির বিস্তার ঘটে। কিন্তু উপার্জনের সীমাবদ্ধতার কারণে সবার পক্ষে গতানুগতিক বাড়ি কেনা সম্ভব না। সেখানে শিপিং কনটেইনার-বাড়ি সত্যিই একটা আন্দোলন।
‘এই নতুন উদ্যোগের লক্ষ্য শুধু আবাসনের তাৎক্ষণিক প্রয়োজন মেটানো নয়, আরও সাশ্রয়ী এবং টেকসই জীবনযাত্রার মডেল উপস্থাপন করা,’ বলছেন এরিক ককু গিমা। ‘আমরা শুধু আশ্রয়ই দিচ্ছি না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশও রক্ষা করছি। টেকসই জীবনযাপনের মডেলের পথ প্রশস্ত করছি। আমরা একটি স্থায়ী প্রভাব তৈরির আশা করি।’
আইডিয়া পেলেন কিভাবে
রাজধানী আক্রা থেকে ১৮০ কিলোমিটার দূরে আকিম সুয়েডরুতে ১৭ ভাইবোনের সাথে বেড়ে ওঠেন গিমা। তিনি একজন ব্যাংকার বা শিল্পী হওয়ার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু তার মনের গভীরে ছিল রেইন ফরেস্ট, স্রোত, পাহাড় ও নদী পরিবেষ্টিত একটি জনপদ যেখানে তিনি বেড়ে উঠেছেন। তিনি সরকারি নির্মাণযজ্ঞ ও অবৈধ খনির কারণে বন্যপ্রাণীর আবাসস্থল দ্রুত ধ্বংস হয়ে যেতে দেখেছেন। তাই শেষ পর্যন্ত ব্যাংকিং ও ফাইন্যান্স বিভাগে পড়াশোনা করেও জিনিসপত্র বানানোতে বিশেষ আবেগ অনুভব করতেন।
গিমা একদিন একটি কুকুরর ঘর তৈরি করেছিলেন। সেটা ছিল নতুন। অভিনব। কিন্তু খুব সাধারণ। তবে কুকুরদের জন্য সেটি ছিল আড়ম্বরপূর্ণ। কারণ কুকুরদেরও একটি ভালো জীবনযাপন দেখতে চেয়েছিলেন এরিক গিমা।
কুকুরের বাড়ি তৈরি করতে গিয়ে তিনি সহজ ও সাশ্রয়ী উপায় খোঁজ করেন। আর সেখান থেকেই পেয়ে যান বাতিল শিপিং কন্টেইনার পুনরায় ব্যবহার করার ধারণা।
সুন্দর রান্নাঘর ও বাথরুমসহ দুই রুমের একটি বাড়ির জন্য খরচ হয় সর্বোচ্চ ৪০ লাখ টাকা। যেখানে একই মানের ইট-সিমেন্টের একটি বাড়ির দাম কমপক্ষে ৫৫ লাখ, বলছে ঘানা রিয়েল এস্টেট ডেভেলপারস অ্যাসোসিয়েশন।
সমালোচনা
কেউ কেউ গিমার এই কাজের সমালোচনা করেছেন। যদিও পরিবেশগত সুবিধাগুলি স্পষ্ট, পরিকল্পনা বিশেষজ্ঞরা বলছেন, এই জাতীয় সমাধান ঘানার আবাসন সমস্যার উপর খুব সামান্যই প্রভাব ফেলবে। এ ধরনের বাড়ি কত দিন স্থায়ী হবে তাও স্পষ্ট নয়।
তবে গিমা বলছেন, যতক্ষণ মানুষ এই বাড়ি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করবে ততক্ষণ প্রচলিত ঘরগুলির মতোই স্থায়ী হবে।
সমালোচনা হলেও অনেকই গিমার বাড়ির প্রতি খুব খুশি। ৪৫ বছর বয়সী ফেলিক্স আসান্তে দুই শিশুসন্তানের বাব। তিনি বলেন, তার পরিবার নতুন তিন বেডরুমের ‘শিপিং কন্টেইনার বাড়ি’ নিয়ে অত্যন্ত খুশি। খুশি আরও অনেকে যাদের কারণে গিমার ব্যবসা দিন দিন প্রসারিত হচ্ছে।
(আল জাজিরা থেকে)
