Logo
Logo
×

অর্থনীতি

অর্থ পাচারের জন্য রিজার্ভ কমে যাওয়ায় আইএমএফের ঋণের শর্ত শিথিল করা হচ্ছে!

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ মে ২০২৪, ০২:৪০ এএম

অর্থ পাচারের জন্য রিজার্ভ কমে যাওয়ায় আইএমএফের ঋণের শর্ত শিথিল করা হচ্ছে!

বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে আগামী জুন মাসের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং রাজস্ব আদায়ের শর্ত অর্জনযোগ্য না হওয়ায়  সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) স্টাফ মিশনকে কয়েকটি লক্ষ্যমাত্রা সংশোধনের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।আইএমএফের বর্ধিত ঋণ সহায়তায় লোনের শর্ত অনুযায়ী, এ বছরের জুনের মধ্যে বাংলাদেশকে ২০ বিলিয়ন ডলারের ওপরে নিট বৈদেশিক মুদ্রার মজুত রাখতে হবে।

সংশ্লিষ্ট অর্থ বিভাগ এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের কাছ থেকে জানানো হয়েছে, সরকার আইএমএফের এই লক্ষ্যমাত্রা ২০ বিলিয়ন ডলারের নিচে নামিয়ে আনার অনুরোধ জানিয়েছে। নতুন শর্ত অনুসারে আইএমএফের বৈদেশিক মুদ্রার রিজার্ভে লক্ষ্যমাত্রা হতে পারে ১৭ থেকে ১৮ বিলিয়ন ডলার। বাংলাদেশের এ প্রস্তাবে আইএমএফ টিম রাজি হলেও আগামীকাল মঙ্গলবার বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত করা হবে। আজ সোমবার সচিবালয়ের অর্থ বিভাগের সাথে সফররত আইএমএফ টিমের দীর্ঘ বৈঠকে এ বিষয়ে সিদ্বান্ত হয়েছে। অর্থ সচিব খায়েরুজ্জামান মজুমদার এ বৈঠকে উপস্থিত ছিলেন।

দেশের বৈদেশিক আয় কমে যাওয়া, বিশেষ করে রপ্তানি এবং রেমিটেন্স কমে যাওয়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যাপক হারে কমে যেতে শুরু করেছে। সরকারি কর্মকর্তা, অসাধু ব্যবসায়ী এবং ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের নেতা-কর্মীরা বিদেশে অবাধে অর্থ পাচার করায় রিজার্ভ মারাত্বকভাবে কমে যেতে শুরু করে। দুই বছর আগে এক সময় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় ৪৮ বিলিয়ন ডলারে উঠেছিল ।  এছাড়া আইএমএফের শর্ত অনুসারে জুন মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার কোটি টাকা কমানোর প্রস্তাব করা হয়েছে।

আইএমএফ মিশনের সফরের শেষ দিন আগামী ৮ মে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও অর্থ সচিবের সঙ্গে সমাপনী বৈঠক হবে। সেখানে চলতি বছরের জুনের জন্য নতুন পরিমাণগত শর্ত চূড়ান্ত করা হবে বলে আশা করা হচ্ছে। এরপর রাহুল আনন্দের নেতৃত্বাধীন স্টাফ মিশন আইএমএফের ম্যানেজমেন্ট ও বোর্ডের সামনে বাংলাদেশের প্রস্তাবগুলো উপস্থাপন করবে। তারাই চূড়ান্ত  সিদ্ধান্ত নেবে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন