Logo
Logo
×

অর্থনীতি

বিদ্যুতে ভর্তুকি, ক্যাপাসিটি চার্জ নিয়ে প্রশ্ন, লোকসানে উদ্বেগ আইএমএফের

Icon

প্রকাশ: ০৩ মে ২০২৪, ০৪:৩২ এএম

বিদ্যুতে ভর্তুকি, ক্যাপাসিটি চার্জ নিয়ে প্রশ্ন, লোকসানে উদ্বেগ আইএমএফের

জ্বালানি খাতের গ্যাস ও জ্বালানি তেল বিক্রয়ের ক্ষেত্রে ভর্তুকি তুলে নেওয়ার অব্যাহত প্রচেষ্টার প্রশংসা করেছে সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধি দল। আজ (২ মে) বৃহস্পতিবার বিদ্যুৎ বিভাগ, জ্বালানি বিভাগ এবং পেট্রোবাংলায় আলাদা আলাদা বৈঠক করেছে সফররত প্রতিনিধি দলটি। বৈঠকে এই প্রশংসা করা হয়। 

বৈঠকে গত ৩০ এপ্রিল জ্বালানি তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধির মাধ্যমে সমন্বয়েরও প্রশংসা করা হয়। পাশাপাশি বিদ্যুতের ভর্তুকি ও বসে থাকা বিদ্যুৎ কেন্দ্রগুলোর ক্যাপাসিটি চার্জ নিয়ে উদ্বেগ জানানো হয়। এছাড়া পেট্রোবাংলার সঙ্গে বৈঠকে জ্বালানি পণ্য কেনার বিপরীতে বিল পরিশোধ ও অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছে আইএমএফ। বিদ্যুৎ ও জ্বালানি বিভাগ এবং পেট্রোবাংলার কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক পেট্রোবাংলার এক কর্মকর্তা বলেন, আইএমএফ প্রতিনিধি পেট্রোবাংলার সামগ্রিক কার্যক্রম জানতে চায়। আমরা এক প্রেজেন্টেশনের মাধ্যমে পেট্রোবাংলার ২০৪১ সাল পর্যন্ত গ্যাস উত্তোলন, এলএনজি আমদানি, সরবরাহ, বিক্রি ও রেভিনিউ আদায়ের বিষয়টি তুলে ধরি। এছাড়া জ্বালানি খাতে সামগ্রিক সংস্কারের বিষয়টি তুলে ধরা হয়।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বেলা ১১ টার প্রথমে জ্বালানি বিভাগের সঙ্গে বৈঠক করেন আইএমএফ প্রতিনিধি  দল। এ সময় আইএমএফ প্রতিনিধি দলের প্রধান উপস্থিত ছিলেন না। এছাড়া জ্বালানি বিভাগের সচিব নুরুল আলমও উপস্থিত ছিলেন না। অতিরিক্ত সচিব হুমায়ুন কবীরের নেতৃত্বে জ্বালানি বিভাগের কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। পরে বিদ্যুৎ বিভাগের সঙ্গে বৈঠক করে আইএমএফ প্রতিনিধি দল। এসময় আইএমএফ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংস্থাটির গবেষণা বিভাগের উন্নয়ন সামষ্টিক অর্থনীতি শাখার প্রধান ক্রিস পাপাজর্জিওয়। আর বিদ্যুৎ বিভাগের নেতৃত্বে ছিলেন সিনিয়র সচিব হাবিবুর রহমান।

বৈঠক সূত্রে জানা গেছে, আইএমএফ প্রতিনিধি দল বর্তমানে বিদ্যুৎ খাতের ভর্তুকির বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছে। এসময় তারা বিদ্যুতের ক্যাপাসিটি চার্জ নিয়েও জানতে চায়। বিদ্যুৎ বিভাগ থেকে এই দুটি বিষয় নিয়ে জানানোর পর আইএমএফ প্রতিনিধিরা উদ্বেগ জানায়। বিশেষ করে বাংলাশে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অব্যাহত লোকসানী প্রতিষ্ঠানে পরিণত হওয়ায় তারা উদ্বেগ প্রকাশ করেন।

জ্বালানি বিভাগের এক কর্মকর্তা জানান, গত ৩০ শে এপ্রিল গ্যাস এবং জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করে ভর্তুকিকে শূন্যের কোঠায় নামিয়ে আনার প্রচেষ্টাকে পজেটিভলি দেখছে আইএমএফ। তিনি বলেন, আইএমএফ মূলত যে ঋণ দেবে সেটা আদায় করার লক্ষ্যে নানা পরার্মশ দেয়। বাংলাদেশ সেটা করতে পারবে।

এদিকে, বিকেলে পেট্রোবাংলার সঙ্গে বৈঠকে সম্প্রতি জ্বালানি বিশেষ করে এলএনজি আমদানি এবং দেশের ভেতর কাজ করা আন্তর্জাতিক তেল-গ্যাস কোম্পানি বকেয়া পরিশোধ করতে না পারার কারণ জানতে চায় আইএমএফ। পেট্রোবাংলা থেকে ডলার সংকটের কথা জানানো হয়। বৈঠকে পেট্রোবাংলা প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সংস্থাটির চেয়ারম্যান।

গত বছরের অক্টোবরে বিদ্যুৎ-জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করে আইএমএফ প্রতিনিধি। ওই সময় বিদ্যুৎ ও গ্যাসে ভর্তুকি কমানো, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে জ্বালানি তেলের দাম সমন্বয় করাসহ আরও বেশ কিছু শর্ত দিয়েছিলো প্রতিনিধি দল। এর আগে গেল বছরের শুরুর দিকে বাংলাদেশের জন্য ঋণ অনুমোদন করে আইএমএফ। ২০২৬ সাল পর্যন্ত সাড়ে তিন বছরে মোট সাত কিস্তিতে পাওয়া যাবে ৪৭০ কোটি ডলার। এর মধ্যে দুই কিস্তির অর্থ পাওয়া গেছে। তৃতীয় কিস্তির অর্থ ছাড়ের আগে অর্থনীতি পর্যালোচনা করতে আইএমএফের মিশনটি এখন বাংলাশে সফর করছে।

জানা গেছে, আসন্ন বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি খাতের ভর্তুকির সর্বশেষ অবস্থা এবং বিদ্যুৎ কেন্দ্রগুলোর ক্যাপাসিটি চার্জ নিয়ে আলোচনা হবে। তবে ভর্তুকি সম্পূর্ণরূপে তুলে দেওয়ার পরিবর্তে ধাপে ধাপে কমিয়ে আনার কথা আইএমএফ প্রতিনিধি দলকে জানানো হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারার জানান, আইএমএফের পরামর্শে এরই মধ্যে নির্বাহী আদেশে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। পাশাপাশি জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করতে স্বয়ংক্রিয় পদ্ধিতি চালু করেছে। ফলে প্রতিমাসে জ্বালানি তেলের দাম উঠানামা করছে। গত মার্চ থেকে এটি কার্যকর হয়েছে।

জানা গেছে, আইএমএফের ঋণের তৃতীয় কিস্তির অর্থ ছাড়ের ক্ষেত্রে সংস্থাটি বিদ্যুৎ ও জ্বালানি খাতে সংস্কারের জন্য বেশ কিছু শর্ত দিয়েছিল। সেসব শর্ত সরকার কতটা বাস্তবায়ন করতে পেরেছে তাই পর্যালোচনা করতে প্রতিনিধি দলটি ঢাকায় আসে। দ্বিতীয় কিস্তি ছাড়ের আগে পিডিবির আর্থিক অবস্থা নিয়ে প্রশ্ন তুলেছিলো আইএমএফ। এছাড়া বিদ্যুৎখাতে যে ভর্তুকি দেওয়া হচ্ছে, তা কী করে সমন্বয় করা হবে, সেটিও জানতে চেয়েছেন প্রতিনিধি দলের সদস্যরা।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন