Logo
Logo
×

অর্থনীতি

মাসের শেষে গ্রাহকের গলা কাটছে প্রিপেইড মিটার

Icon

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৪, ১২:৫৪ এএম

মাসের শেষে গ্রাহকের গলা কাটছে প্রিপেইড মিটার

গ্রাহক ভোগান্তি কমাতে প্রিপেইড মিটার চালু করে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি-ডিপিডিসি। এই পন্থায় মিটারে আগে থেকে রিচার্জ করে গ্রাহক বিদ্যুৎ সেবা গ্রহণ করে থাকেন। তবে নতুন এই পদ্ধতি নিয়ে দীর্ঘদিন ধরেই নানান অনিয়মের অভিযোগ করে আসছেন গ্রাহকেরা। সম্প্রতি এই মিটারে অস্বাভাবিক হারে টাকা কাটছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

সম্প্রতি এমনই একটি অভিযোগ করেন জেহাদ হোসেন চৌধুরি নামের একজন সাংবাদিক। তিনি তার ফেসবুকে প্রিপেইড মিটারে টাকা রিচার্জের এসএমএসসহ একটি পোস্ট করেন। সেখানে তিনি লিখেন, ‘এইভাবে গরিবের গলা কাটা কতটা যৌক্তিক? ২২ এপ্রিল দুপুর পৌনে দুইটায় ৩ হাজার টাকার রিচার্জ করে মাত্র ৬ দিন না যেতেই ব্যালেন্স শেষ! এপ্রিল মাসে মাসে (মাত্র ২৮ দিনে) আমার ৬ হাজার টাকা সাবাড় করে দিয়েছে রাক্ষুসে প্রিপেইড মিটার।’

তার ওই পোস্টের নিচে বেশ কয়েকজন কমেন্ট করেছেন। যারা নিজেরাও এমন ভুক্তভোগী বলে উল্লেখ করেন সেখানে। এর মধ্যে জহিরুল হক সানি নামের একজন লিখেছেন, ‘আমার বাসায়ও সেইম অবস্থা। পরে বিদ্যুতের এক কর্মচারীর সঙ্গে কথা বলে জানলাম মাসের শেষ দিকে বিদ্যুতের বিল একটু বেশি কাটে। প্রথম দিকে কম কাটে। মাসের প্রথম দিকে ৩ হাজার টাকায় যদি তিন দিন যায় তাহলে শেষ দিকে যাবে মাত্র একদিন। গত পাঁচ-ছয় মাস ধরে এমনটাই হচ্ছে বলে ওই কর্মচারী জানিয়েছেন। 

এমডি ইসমাইল নামের একজন লিখেছেন, লুটেরা মাফিয়ার দল সাধারণ মানুষকে লুটে খাচ্ছে। এমন আহমেদ নামের একজন লিখেছেন, ‘‘আমারও সেইম অবস্থা। এপ্রিলে মোট ছয় হাজার টাকা ভরেছি (রিচার্জ)। হয়তো কাল আবারও ভরতে (রিচার্জ) হবে। শফিকুল ইসলাম শাহীন লিখেছেন, ‘ভাই দেশে অরাজকতা চলছে। যার যে সুযোগ আছে কাজে লাগিয়ে দিচ্ছে।’ 

এমএইচ রবিন নামের একজন লিখেছেন, ‘ স্মার্ট চোর। কার কাছে বিচার দিব। বিচার কে করবে? একটা মিটার কিনতে হয় পাঁচ থেকে সাত হাজার টাকায়। এটা অফিস থেকে সিস্টেমে অনুমোদন করে আনতে লাগে আরো আট-দশ হাজার। এরপর প্রতি মাসে বিল ঢুকানোর সময় বলে ‘মিটার রেন্ট’। আমার মিটার, আমাকেই আবার ভাড়া দিতে হয়। কি আজব! এমন অনেকেই ওই পোস্টের নিচে তাদের ক্ষোভের বিষয়টি তুলে ধরেন।

জেহাদ হোসেন চৌধুরি বাংলা আউটলুককে জানান, তারা সব মিলে সংসারে লোক ৩ জন। সারাদিন একটি রুমে এসি চলে। আর রাত ৯ টার পর দুই রুমে এসি ও ফ্যান চলে। এর বাইরে অতিরিক্ত ফ্যান লাইটের তেমন ব্যবহার নেই। এতো কম বিদ্যুৎ পুড়িয়ে এতো টাকা বিল হওয়ার কথা নয়। এটি স্রেফ চুরি।

এদিকে বিদ্যুৎ বিল উত্তোলন কাজে নিয়োজিত অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে বিদ্যুৎ বিল আদায়ে অতিরিক্ত কঠোরতা অবলম্বন করছে পল্লী বিদ্যুৎ সমিতিগুলো। প্রতি মাসে তাদের বকেয়া আদায়সহ টার্গেট দেওয়া হচ্ছে। যা কারণে ব্যাংক, এজেন্ট ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ের দোকানগুলো থেকে সরাসরি বিল কালেকশন করা হয়।

সূত্র জানায়, প্রিপেইড মিটারের ক্ষেত্রে এভাবে কালেকশনের প্রয়োজন পড়ে না। তাই সেখান থেকে টাকা কেটে নেওয়া খুবই সহজ। মাসের শেষ দিকে এভাবে কেটে নিলে বিদ্যুৎ বিভাগের টার্গেট পূরণে সহজ হয়। 

এ বিষয়ে ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আব্দুল্লাহ নোমানের সঙ্গে ফোন কল ও এসএমএসের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন