Logo
Logo
×

অর্থনীতি

ব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়ায় আমানতকারীরা আতঙ্কে

Icon

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৪, ০১:০৭ এএম

ব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়ায় আমানতকারীরা আতঙ্কে

দুর্বলের সঙ্গে সবল ব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়াতে ব্যাংকিং সেবা গ্রহণকারীদের মধ্যে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে । বিশেষ করে ব্যাংকে টাকা রাখা, না রাখা নিয়ে আমানতকারীরা দ্বিধা দ্বন্দ্বে ভুগছেন । ফলে দেশের ব্যাংকগুলো দ্রুত আমানত কমে যাচ্ছে। ব্যাংকিং খাতের  অবস্থা দেখে খাত সংশ্লিষ্ট বিশ্লেকরা উদ্বেগ প্রকাশ করেছেন। 

আমানতকারীরা বলেছেন, এখন আর আতঙ্কিত হওয়ার কিছুই নেই । এতদিন সরকারের লোকজন কেবল লুটপাট করে খেয়েছে, এখন মার্জারের মাধ্যমে ব্যাংকগুলোর গ্রাহকদের আমানত সর্ম্পূণভাবে গিলে খাবার পাঁয়তারা করছে।

তারা আরও বলেন, এ অবস্থায় সাধারণ গ্রাহকরা টাকা তুলে নেবেন সেটাই স্বাভাবিক বিষয়।

অনিয়ম , তারল্য সংকট , ঋণ খেলাপি, সুশাসনের অভাবে দীর্ঘ দিন ধরে নানামুখী সংকটের জর্জরিত দেশের ব্যাংকিং খাত। ফলে টান পড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। এ বিশৃঙ্খল অবস্থা  থেকে উত্তরণের জন্য একীভূতকরণ প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। কিন্তু এ প্রক্রিয়া শুরু করার পরই থেকেই  দেশের ব্যাংকিং খাতে শৃঙ্খলা রাখা তো যাচ্ছেই না, বরং আমানতকারী এবং ব্যাংকারদের মধ্যে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরই মধ্যেই একীভূতের ঘোষণা আসার পরই এপিল মাসে সরকারি মালিকানার বেসিক ব্যাংক ২০০০ কোটি টাকার আমানত হারিয়েছে। বর্তমানে বেসিক ব্যাংকের আমানত রয়েছে ১২ হাজার কোটি টাকা। 

এদিকে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি থেকে  আমানতকারীরা প্রায় ১০০ কোটি টাকা তুলে নিয়েছেন। শরিয়াহভিত্তিক একটি বেসরকারি ব্যাংকে কয়েকদিনে আমানত ফেরতের ১২টি আবেদন জমা পড়েছে। প্রতিটিই বড় অঙ্কের এফডিআর।

মামুন রশিদ নামে জনতা ব্যাংকের এক গ্রাহক বলেন, ব্যাংকিং খাতে তারল্য সংকট, সুশাসনের অভাব, আস্থার অভাবসহ আর কি বাকি আছে। এ অবস্থায় কেন লোকজন আমানত রাখবে? দেওলিয়া হওয়ার পর ২ লাখ ৫০ হাজার টাকা দিবে, আর কোটি টাকা আমানতকারীকে কি একই টাকা দেবে। তাও আবার ১০০ বৎসর সময়ের মধ্যে?

বেসিক ব্যাংকের আমানতকারী অর্পণ কবির বলেন, সবার উচিৎ বাংলাদেশের ব্যাংক থেকে টাকা তুলে নেওয়া। কারণ আওয়ামী সরকার এবং বাংলাদেশ ব্যাংকের কার্যক্রমে ব্যাংকের ওপর থেকে মানুষের আস্থা ধীরে ধীরে কমে যাচ্ছে।

বিডিবিএল গ্রাহক এমডি মাহবুব বলেন, মার্জার করার পর ব্যাংকের গ্রাহকরা যা মনে করছে তা এখন সবই সত্য। যারা এই হাজার হাজার কোটি টাকা খেলাপি হয়েছে তাদের কিছুই হচ্ছে না। ঘুরেফিরে ব্যাংকের সাধারণ গ্রাহকদের অবস্থা খারাপ।

গত মার্চ মাসে এক্সিম ও পদ্মা ব্যাংকের মধ্যে মার্জারের সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে সংকটে পড়া সবল বা ভালো ব্যাংকের সঙ্গে দুর্বল ব্যাংকগুলোর একীভূত করার প্রক্রিয়া শুরু হয়। তবে এতে ভালো ব্যাংকের পরিচালক-কর্মকর্তারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। কারণ, যে প্রক্রিয়ায় এক্সিম ও পদ্মা ব্যাংক একীভূত করা হচ্ছে, তাতে ভালো ব্যাংকগুলোর ওপর খারাপ ব্যাংক চাপিয়ে দেওয়ার আশঙ্কা করছেন তারা। দেশের ১০টি ব্যাংক একীভূত করার কথা বলছে বাংলাদেশ ব্যাংক। ফলে সমসংখ্যক ভালো ব্যাংক একীভূত হওয়ার চাপে রয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মার্জারের জন্য  ব্যাংকগুলোর ২৫ হাজার কোটি টাকার ক্ষতি হবে।

এদিকে সোনালী ব্যাংক ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম বলেছেন, একীভূত ব্যাংকগুলোর গ্রাহকদের আতঙ্কিত হওয়ার অবকাশ নাই। একটা খারাপ ব্যাংক একটা সবল ব্যাংকের সঙ্গে মার্জার হচ্ছে, বিষয়টি আমানতকারীদের জন্য এক ধরনের স্বস্তির ।

তিনি আরও বলেন, বড় এবং সবল ব্যাংকের কাছে আমানতকারীর টাকা পয়সা সুরক্ষিত থাকবে।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর  ড. মোহাম্মদ ফরাসউদ্দিন আহমেদ বলেন, একীভূতকরণে নীতিমালা আরও গঠনমূলক করা উচিৎ ছিল। যে ব্যাংকগুলো খেলাপি ঋণের জন্য খারাপ ব্যাংক হচ্ছে । সেই ব্যাংকগুলোতে গরীব মানুষদের অনেক সঞ্চয় আছে। তাকে আমি এই ভাবে একীভূতকরণ না করে, খারাপ ব্যাংকগুলোর ভালো করার যে সমস্ত গ্রামার আছে বা নীতিমালা আছে তা ব্যবহার করা উচিৎ ছিল।

তিনি আরও বলেন, ব্যাংক খাতের শৃঙ্খলা ফিরিয়ে আসতে সুশাসনের কোনো বিকল্প নেই।

অন্যদিকে, বাংলাদেশের পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) পরিচালক ও অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর বলেছেন, বাংলাদেশ ব্যাংকের একীভূতকরণ নীতি নিয়ে আমার বড় ধরনের প্রশ্ন রয়েছে। তিন বছর ব্যাংকের পরিচালক ও কর্মকর্তা ও কর্মচারীদের ভরণ পোষণ দিতে হবে। নীতিমালার মধ্যে এসব বিষয়ে কোনো কথাবার্তা নাই।

তিনি বলেন, ব্যাংক মার্জারের জন্য যাদের চাকরি চলে যাবে তাদের তো কোনকিছু ক্ষতিপূরণ দিতে হবে। সেই ক্ষতিপূরণ ম্যাকানিজ খুবই স্বচ্ছ হওয়া দরকার। এই ক্ষতিপূরণ বেশিও দেবে, কমও দেবে না—এ বিষয়টি একটা ইন্টারনাল প্রতিযোগিতা মূল্যায়নের মাধ্যমে করা দরকার। ব্যাংকের নীতিমালার মধ্যে এসব বিষয় কোনোভাবেই আসেনি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন