প্রায় সাড়ে ১৫ শতাংশ আমদানি কমেছে চলতি (২০২৩-২৪) অর্থবছর জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আট মাসে । এসময় এলসি খোলা কমেছে প্রায় ৪ দশমিক ২৩ শতাংশ আর নিষ্পত্তি কমেছে ১৩ দশমিক ৯৩ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের গতকাল প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতেয়, ডলার সংকটের কারেণ আশঙ্কাজনকভাবে হ্রাস পায় ঋণপত্র (এলসি) খোলা। এতে ২০২২-২৩ অর্থবছর অক্টোবরে আমদানি প্রবৃদ্ধি ঋণাত্মক হয়ে পড়ে। এরপর থেকে চলতি (২০২৩-২৪) অর্থবছর জানুয়ারি পর্যন্ত টানা ১৬ মাস ঋণাত্মক প্রবৃদ্ধি চলে আমদানিতে। তবে চলতি অর্থবছর ফেব্রুয়ারিতে ঘুরে দাঁড়িয়েছে আমদানি প্রবৃদ্ধি। সম্প্রতি ডলার সংকট প্রকট হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, গত অর্থবছরের প্রথম আট মাসে মোট আমদানি হয়েছিল ৫২ দশমিক ১৯০২ বিলিয়ন ডলারের পন্য। তবে চলতি অর্থবছর একই সময়ে মোট আমদানি হয়েছে ৪৪ দশমিক ১০৮১ বিলিয়ন ডলারের পণ্য। অর্থাৎ আট মাসে আমদানি কমেছে আট দশমিক ০১০১ বিলিয়ন ডলার বা ১৫ দশমিক ৪৯ শতাংশ। এ সময় শুধু চিনি ও জ্বালানি তেল আমদানিতে ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। বাকি সব পণ্যই আমদানি প্রবৃদ্ধি ঋণাত্মক ছিল।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ২০২২-২৩ অর্থবছরের ফেব্রুয়ারিতে গত ১৭ মাসের মধ্যে সবচেয়ে কম পণ্য আমদানি হয়েছিল । ওই মাসে পণ্য আমদানির পরিমাণ ছিল ৪ দশমিক ৬২৪ বিলিয়ন ডলার। আর চলতি অর্থবছর ফেব্রুয়ারিতে পণ্য আমদানি হয়েছে ৫ দশমিক ২৪৮ বিলিয়ন ডলারের। অর্থাৎ ফেব্রুয়ারিতে আমদানি বেড়েছে ১৩ দশমিক ৪৭ শতাংশ।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, খাদ্যশস্য আমদানি আট মাসে কমেছে প্রায় ৩৫ শতাংশ। এর মধ্যে চাল আমদানি কমেছে ৯৭ দশমিক ৫৪ শতাংশ। ধান উৎপাদনে ভালো প্রবৃদ্ধি হওয়ায় চাল আমদানি প্রায় শূন্যের কোঠায় নেমে গেছে। এ সময়ে সামান্য কিছু সুগন্ধি চাল আমদানি হয়েছে। আর গম আমদানি কমেছে ৭ দশমিক ৮২ শতাংশ।
খাদ্যশস্যের পাশাপাশি অন্যান্য ভোগ্যপণ্য আমদানিও কমেছে ধারাবাহিকভাবে। যদিও এ সময় চিনি আমদানি উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে। চলতি অর্থবছর আট মাসে ভোগ্যপণ্য আমদানি কমেছে ১৬ দশমিক ৫৪ শতাংশ। এর মধ্যে ভোজ্যতেল আমদানি কমেছে ৩১ দশমিক ৪১ শতাংশ। তবে চিনি আমদানি বেড়েছে ২৯ দশমিক ৫০ শতাংশ। এর বাইরে অন্যান্য ভোগ্যপণ্য আমদানি কমেছে ১৩ দশমিক ৩৫ শতাংশ।
চলতি অর্থবছর আমদানি বৃদ্ধিতে শীর্ষস্থানে রয়েছে অপরিশোধিত জ্বালানি তেল। এর বাইরে চলতি অর্থবছর মূলধনি পণ্য আমদানি কমেছে ২১ দশমিক ৫৫ শতাংশ।
এদিকে চলতি অর্থবছর আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) প্রধান ছয়টি খাতেই এলসি খোলা ও নিষ্পত্তি কমেছে। এর মধ্যে ভোগ্যপণ্য আমদানিতে এলসি খোলা কমেছে প্রায় ১৮ শতাংশ, মাধ্যমিক পণ্যে ১৬ দশমিক ৭১ শতাংশ, শিল্পের কাঁচামাল চার দশমিক ০৯ শতাংশ, মূলধনি যন্ত্রপাতি ১৯ দশমিক ১১ শতাংশ, অন্যান্য যন্ত্রপাতি ৯ দশমিক ৩২ শতাংশ এবং জ্বালানি তেল ও অন্যান্য জ্বালানি পণ্য ৯ দশমিক ৯৩ শতাংশ।
অন্যদিকে আট মাসে ভোগ্যপণ্য আমদানিতে এলসি নিষ্পত্তি কমেছে ১৮ দশমিক ৮১ শতাংশ, মাধ্যমিক পণ্যে আট দশমিক ৮২ শতাংশ, শিল্পের কাঁচামাল ২৫ দশমিক ০৬ শতাংশ, মূলধনি যন্ত্রপাতি ২৫ দশমিক ৩৬ শতাংশ, অন্যান্য যন্ত্রপাতি ২১ দশমিক ৩৮ শতাংশ এবং জ্বালানি তেল ও অন্যান্য জ্বালানি পণ্য প্রায় সাড়ে সাত শতাংশ। তবে অন্যান্য খাতে এলসি খোলা বেড়েছে ১৩ দশমিক ৬৪ শতাংশ ও নিষ্পত্তি কমেছে চার দশমিক ০৭ শতাংশ।
