২০২৬ সালের জুনের মধ্যে দেশের সরকারি ও বেসরকারি ব্যাংকগুলোর খেলাপি ঋণ কমিয়ে আনার লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। আর আন্তর্জাতিক মানদণ্ডে খেলাপি ঋণ কমাতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং বাংলাদেশ ব্যাংক কি ধরনের পদক্ষেপ নিয়েছে তা জানতে চেয়েছে সফররত আইএমএফের বর্ধিত ঋণ সহায়তা ঋণের দ্বিতীয় পর্যবেক্ষণ দল। এছাড়া অর্থবছরের লক্ষ্যমাত্রা অনুসারে দেশের ব্যাংকিং খাতের খেলাপি ঋণ কমানো এবং পুঁজি পুনরুদ্ধার পরিকল্পনা কী তা জানতে চেয়েছে তারা ।
সাম্প্রতিক সময়ে দেশের ব্যাংক খাত সবচেয়ে খারাপ সময় পার করছে। খাতটির টালমাটাল এই পরিস্থিতির মধ্যে আজ বৃহস্পতিবার আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ব্যাংকিং সচিব শেখ মোহাম্মদ সলিমউল্লাহ সঙ্গে বৈঠক করেছে আইএমএফএর সফররত ঋণ পর্যবেক্ষণ প্রতিনিধিদল।
বৈঠকে উপস্থিত আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কর্মকর্তা বলেন, ২০২৬ সালের জুনের মধ্যে সরকারি ব্যাংকগুলোর খেলাপি ঋণ ১০ শতাংশে নামিয়ে আনতে হবে। পাশাপাশি বেসরকারি ব্যাংকগুলোর গড় খেলাপি ৫ শতাংশে নামিয়ে আনার কথা। এক্ষেত্রে বাংলাদেশ কী ধরনের পদক্ষেপ নিয়েছে, সে বিষয়ে জানতে চেয়েছে আইএমএফ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে ,২০২৩ সালের ডিসেম্বর শেষে দেশের ব্যাংকিং খাতে এক বছরে খেলাপি ঋণ বেড়েছে ২৫ হাজার কোটি টাকা। যা মোট ঋণের ৯ শতাংশ খেলাপি। বাংলাদেশে ব্যাংক খাতের প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে ঋণ নিয়ে টাকা ফেরত না দেওয়া। এতে দিন দিন বাড়ছে খেলাপি ঋণ। আর্থিক খাতের এ বিষফোঁড়ার জ্বালা কমাতে নানা পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু ফল তেমন মিলছে না।
২০২৩ সালের ডিসেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণ এক লাখ ৪৫ হাজার ৬৩৩ কোটি টাকায় দাঁড়িয়েছে। এক বছর আগে ২০২২ সালের ডিসেম্বর শেষে যা ছিল এক লাখ ২০ হাজার ৬৫৬ কোটি টাকা। বছরের ব্যবধানে বেড়েছে ২৪ হাজার ৯৭৭ কোটি টাকার খেলাপি ঋণ হয়েছে। সফররত আইএমএফএর ঋণ পর্যবেক্ষণ দল বৈঠকে দেশের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর বর্তমান কার্যক্রম অবস্থা , ঝুঁকি, পুনার্থয়নের প্রয়োজন সর্ম্পকে জানতে চেয়েছে। রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের ঋণের লক্ষ্যমাত্রাও জানতে চেয়েছে। সরকারি সিকিউরিটির বিক্রির অবস্থা কেমন এটা জানতে চেয়েছে আইএমএফের পর্যবেক্ষণ টিমটি । এছাড়া দেশের ব্যাংকের সেক্টরের পাঁচটি আইন বাস্তবায়নের অবস্থা কী রকম তাও জানতে চেয়েছে ।
ইতিমধ্যে আইএমএফএর ৪.৭০ বিলিয়ন ডলার ঋণ ছাড়ে রিজার্ভের বেধে দেওয়া লক্ষ্য পূরণে বারবার ব্যর্থ হয়েছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে সুদের হার বাস্তবায়ন, রাজস্ব আয় বৃদ্ধি করা এবং বাজার ভিত্তিক মুদ্রা বিনিময় চালু করার ক্ষেত্রেও পিছিয়ে পড়েছে বাংলাদেশ।
আইএমএফএর দেওয়া গুরুত্বপূর্ণ শর্তগুলোই পূরণ করতে পারেনি বাংলাদেশ ব্যাংক। মুদ্রা বিনিময়ে চাপিয়ে দেওয়া দরের কারণেই দেশের আর্থিক হিসাব ঋণাত্মক ও রিজার্ভে পতন অব্যাহত রয়েছে বলে মনে করে সংস্থাটি।
এমন পরিস্থিতিতে দেশের বিদেশি বাণিজ্যের স্থিতিশীলতা, রিজার্ভ সংরক্ষণ ও খেলাপি ঋণ কমানোর ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কী ধরনের পদক্ষেপ নিয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য চেয়েছে আইএমএফ। পাশাপাশি বাজার ভিত্তিক মুদ্রা বিনিময় হার ও সুদের হার বাস্তবায়নে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়েও জানতে চেয়েছে সংস্থাটি।
