আব্দুল মোনেম গ্রুপের আমদানি-রপ্তানি স্থগিত ও ব্যাংক হিসাব জব্দ
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৪, ০১:৩৩ এএম
আব্দুল মোনেম সুগার রিফাইনারিসহ ব্যবসায়িক গ্রুপটির সব প্রতিষ্ঠানের আমদানি-রপ্তানি স্থগিত ও ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল মঙ্গলবার ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেট (দক্ষিণ) এক অফিস আদেশে এ নির্দেশ দিয়েছে। বন্ড সুবিধার অপব্যবহার করে কর ফাঁকি দেওয়া ৬৭৪ কোটি ৩৫ লাখ টাকা পরিশোধ না করায় এই নির্দেশ দিয়েছে এনবিআর। প্রতিষ্ঠানটির চলতিসহ অন্যান্য সব অ্যাকাউন্ট জব্দ করতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর ব্যবস্থাপকদের নির্দেশনা দেওয়া হয়েছে।
কমিশনারের পক্ষে আদেশে সই করেন বন্ড কমিশনারেটের উপকমিশনার দ্বৈপায়ন চাকমা।
আদেশে দেশের সব সমুদ্র, স্থল ও বিমানবন্দরকে প্রতিষ্ঠানটির মালিকানাধীন সব প্রতিষ্ঠানের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ করার পাশাপাশি সব বিজনেস আইডেনটিফিকেশন নম্বর বা বিআইএন স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বিআইএন স্থগিত রাখার অর্থ হচ্ছে—প্রতিষ্ঠানটির আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া। বন্দরে যেসব পণ্য ইতোমধ্যে আমদানি হয়েছে, তার শুল্কায়ন কার্যক্রমও বন্ধ থাকবে। একইভাবে গ্রুপটির প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি এর মালিকানাধীন ও ব্যবস্থাপনাধীন সব প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট থেকে কোনো অর্থ উত্তোলন বা লেনদেন করতে পারবে না।
অফিস আদেশে বলা হয়, শুল্ক পরিশোধ না করে ৫২৮ টন অপরিশোধিত চিনি কারখানা থেকে অবৈধভাবে অপসারণ করে প্রতিষ্ঠানটি। এতে তারা ১ হাজার ২০৫ কোটি ৫২ লাখ টাকার কর ফাঁকি দেয়। ছয় কিস্তিতে এসব অর্থ পরিশোধের নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে প্রতিষ্ঠানটি ৫৩৩ কোটি টাকা পরিশোধ করে। বাকি ৬৭৪ কোটি ৩৫ লাখ টাকা এখন পর্যন্ত জমা দেয়নি।
কাস্টমস কর্মকর্তারা জানান, বন্ড বা হোম কনজাম্পশন সুবিধার আওতায় শুল্ক ছাড়াই আব্দুল মোনেম সুগার রিফাইনারি লিমিটেড অপরিশোধিত চিনি আমদানি ও খালাস করে থাকে। তবে শর্ত থাকে, এসব পণ্য কোম্পানির বন্ডেড ওয়ারহাউজ থেকে অপসারণের সময় শুল্ক পরিশোধ করবে। কিন্তু প্রতিষ্ঠানটি প্রাপ্যতার অতিরিক্ত পণ্য আমদানি করেছে এবং এর শুল্ক পরিশোধ না করেই বাজারজাত করেছে। ফলে, আমদানি শুল্কের পাশাপাশি ভ্যাট থেকেও বঞ্চিত হয়েছে সরকার।
এ বিষয়ে জানতে কাস্টমস বন্ড কমিশনারেট (ঢাকা দক্ষিণ) কমিশনার খালেদ মোহাম্মদ আবু হাসান ও উপকমিশনার দ্বৈপায়ন চাকমার সঙ্গে যোগাযোগ করে হলেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
চট্টগ্রাম কাস্টমস, ঢাকা কাস্টমস, মোংলা কাস্টমস ও কমলাপুর আইসিডির কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইতোমধ্যে প্রতিষ্ঠানের মালিকানাধীন নয়টি প্রতিষ্ঠানের শতাধিক চালান খালাস স্থগিত করে দিয়েছেন তারা।
এর মধ্যে চট্টগ্রাম বন্দরে আব্দুল মোনেম সুগার রিফাইনারি লিমিটেডের ১০টি চালানে থাকা প্রায় ৫০ হাজার টন চিনি ও খাদ্যপণ্য রয়েছে। তাছাড়া, প্রতিষ্ঠানটির ইগলু ডেইরি, এএম বেভারেজ, ইগলু আইসক্রিম, এএমএল কনস্ট্রাকশনসহ অন্যান্য প্রতিষ্ঠানের আরও অন্তত ১০টি চালান স্থগিত রেখেছেন তারা।
চট্টগ্রাম কাস্টমসের কমিশনার মোহাম্মদ ফায়জুর রহমানও একই কথা বলেন। কমলাপুর আইসিডি কাস্টমসের কমিশনার আকবর হোসেনও জানান, তারাও এই নির্দেশনা পেয়েছেন। তবে এ বিষয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এএসএম মাইনুদ্দিন মোনেমের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
