পণ্যের শুল্ক মুক্ত সুবিধা
শ্রম অধিকারের বিষয়গুলো উন্নতির তাগিদ যুক্তরাষ্ট্রের
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৪, ০৪:৩৫ এএম
বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষ বলেছেন, পণ্যের শুল্ক মুক্ত প্রবেশাধিকার পেতে হলে বাংলাদেশের শ্রম অধিকারের বিষয়গুলোকে আরও উন্নত করার তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্র।
রোববার সচিবালয়ের বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তির (টিকফা) মধ্যবর্তী বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন বাণিজ্য সচিব। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ব্যবসা সম্প্রসারণ ও বাণিজ্য প্রতিবন্ধকতাগুলো দূর করার বিষয়টি স্থান পেয়েছে ।
বৈঠক সূত্র জানা যায়, মার্কিন বাণিজ্য প্রতিনিধি (ইউএসটি) সদস্যরা মোট ১১টি বিষয় উপস্থাপন করেন। এর মধ্যে শ্রম অধিকার আইনের সংস্কারসহ শ্রমিকদের ন্যায্য বিচার পাওয়ার বিষয়টি উঠে আসে। এ ক্ষেত্রে ইলেকশনের আগে গাজীপুরে পুলিশ ও যুবলীগের গুলিতে নারী শ্রমিকসহ যারা নিহত হয়েছেন তাদের বিচারিক কার্ষক্রম কি অবস্থায় আছে তাও জানতে চায় ইউএসটি সদস্যরা । বাংলাদেশ পক্ষ এর যথাযোগ্য ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছে। বৈঠকে মার্কিন বাণিজ্য প্রতিনিধির কার্যালয়ের (ইউএসটিআর) নয় সদস্যসহ দল নেতা ব্রন্ডন লিচ এবং আমেরিকার বাংলাদেশের রাষ্ট্রদূত পিটার হাস উপস্থিত ছিলেন ।
বাণিজ্য সচিব বলেন, বৈঠকে বাংলাদেশ বাণিজ্য সুবিধা এবং যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থার (ডিএফসি) বিশেষায়িত তহবিল থেকে সহায়তা চেয়েছে। আর শ্রম আইন সংস্কার, মেধাস্বত্ব ও তথ্য সুরক্ষা আইনের মতো বিষয়ে আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, দেশে শ্রম অধিকারের বিষয়টি আরও উন্নত করতে হবে । আমাদের আইনগুলো অনেক সংস্কার হয়েছে, কিন্তু প্রয়োগের ক্ষেত্রে কেন আমরা পিছিয়ে আছি—মার্কিন প্রতিনিধিদল সেই বিষয়টি উল্লেখ করে বলেন, আমাদের আরো ভাল করতে হবে।
বাণিজ্য সচিব বলেন, আলোচনার প্রাথমিক বক্তব্য থেকেই ইউএসটিআর দল নেতা ব্রন্ডন লিচ এবং আমেরিকার বাংলাদেশের রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন আমরা যে যুক্তরাষ্ট্রের মাকের্ট প্রবেশাধিকার চাচ্ছি—এই জন্য দেশের শ্রম অধিকার ইস্যুতে আরও আমাদের উন্নত করতে হবে । যে আইনটা আমরা সংশোধন করতে চাইনি তারা সেটিতে তিনটি বিষয় ঢুকাতে বলেছেন ।
প্রথমটা হচ্ছে, কারখানায় শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করতে হলে ২০ শতাংশ শ্রমিকদের সমর্থন বা অংশগ্রহণ লাগবে তা কমিয়ে নিয়ে আসতে হবে । এটা ১৫ শতাংশ করতে চাচ্ছে তারা। দ্বিতীয়ত , বিভিন্ন কারখানা মালিকদের অপরাধে যে শাস্তির বিধান আছে তা আরও বাড়াতে হবে । তৃতীয়ত বা শেষ হচ্ছে, একবার রেজিস্ট্রেশন হওয়ার পরে ট্রেড ইউনিয়নে শ্রমিক সংখ্যা যদি ২০ শতাংশের নিচেও নেমে যায় পরবর্তীতে সেই ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন বাতিল করা যাবে না। এই সব প্রভিশন নতুন শ্রম অধিকার আইনে আনতে হবে। এছাড়া শ্রম আদালতে যদি মামলা হয় তবে সেই মামলা দ্রুত নিষ্পত্তি করতে হবে।
তিনি বলেন, প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে আমরা আজকে আলোচনা করেছি। বিশ্ব বাণিজ্য সংস্থার আইন অনুযায়ী উন্নত দেশ প্রযুক্তি হস্তান্তরের জন্য সহযোগিতা করে থাকে । মিটিংয়ে সেইটা আমরা তাদের স্মরণ করিয়ে দিয়েছি। আমাদের খাদ্য নিশ্চয়তার জন্য দেশে আরও বেশি উৎপাদন করতে হবে। এজন্য উন্নত দেশ থেকে প্রযুক্তি হস্তান্তর প্রয়োজন রয়েছে । বাংলাদেশের কম জমিতে বেশি উৎপাদন করতে হবে । এই বিষয়গুলো আমরা বৈঠকে আলোচনা করেছি।
ডেটা প্রটেকশন অ্যাক্ট বিষয়টি উল্লেখ করে সচিব বলেন, এই আইনটা আইসিটি ডিভিশন থেকে ড্রাফট করা হয়েছে। এ বিষয় নিয়ে অনেক আলোচনা হয়েছে । এমন কি আমেরিকান সরকার এবং সেই দেশের বিজনেস কাউন্সিল অনেক ধরনের মতামত দিয়েছে, আমরা তা গ্রহণ করেছি। তারা এ বিষয় নিয়ে সন্তুষ্ট আছে। এছাড়া প্যান্টেন অ্যাক্ট বা কপিরাইট অ্যাক্টগুলো তারা ইংরেজি করতে বলেছেন। তাদের সঙ্গে সেই বিষয়গুলো শেয়ার করতেও বলেছে। কৃষি ক্ষেত্রে আরেকটা বিষয় আলোচনা হয়েছে তা হলো সার্টিফিকেশন। যে বিষয়ে দুই দেশের মিউচুয়াল রিকগনিশন লাগে সেই বিষয়ের ব্যাপারে তারা সহযোগিতা করতে নিশ্চয়তা দিয়েছেন । আরও কি কি বিষয়ে সহযোগিতা দেওয়া যায় সেই বিষয়েও ইউএসটিআর এর সঙ্গে আলোচনা হয়েছে।
তিনি বলেন, এ পর্যন্ত ১১টি দাবি ইউএসটিআর দিয়েছে। তারা নতুন আইনে এ দাবির অন্তর্ভুক্তি দেখতে চায়। আমরা বলেছি এসব দাবি দাওয়া আমরা শ্রম মন্ত্রণালয়ে পাঠাবো । সবচেয়ে বড় বিষয় হচ্ছে আইন নিয়ে আসতে হলে ত্রিপক্ষীয় আলোচনা পর্যালোচনা প্রয়োজন রয়েছে। যেখানে মালিক পক্ষ, শ্রমিক পক্ষ এবং সরকারকে আলোচনায় থাকতে হবে ।
তিনি বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থার আইন অনুসারে বাংলাদেশ এখন যেহেতু স্বল্প উন্নত দেশ হয়েছে, তাই অন্যান্য সব স্বল্প উন্নত দেশ যে শুল্ক মুক্ত সুবিধা পায় আমরা কেন যুক্তরাষ্ট্র থেকে এ সুবিধা পাবো না?
