মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৪, ১২:৫৫ এএম
বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিয়ে মন্ত্রিসভার সব সদস্য ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে তীক্ষ্ণ নজর রাখার নির্দেশ দিয়েছেন। তিনি একই সঙ্গে বাস্তবতা অনুসারে প্রয়োজনীয় প্রস্তুতি রাখতে হবে বলেও জানিয়েছেন। বুধবার (১৭ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এসব কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।
মাহবুব হোসেন বলেন, প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের উত্তেজনায় সম্ভাব্য রি-অ্যাকশন কী হতে পারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এখন থেকে প্রস্তুতি নিতে বলেছেন। কনফ্লিক্ট যদি দীর্ঘমেয়াদি হয় তা কীভাবে আমরা মোকাবিলা করব, সেগুলো মোকাবিলা করার জন্য আমরা কী করতে পারি তার প্রস্তুতি নিতে বলেছেন। ঘটনাপ্রবাহের দিকে নজর রাখতে বলেছেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, যদি দীর্ঘমেয়াদি হয় তখন বিভিন্ন সেক্টরে যে ইমপ্যাক্ট পড়তে পারে, তা যেন সংশ্লিষ্ট সেক্টর এক্সারসাইজ করে প্রস্তুত করে। সবাইকে বলেছেন যার যার সেক্টরে সবাই যেন প্রস্তুতি নেয়। ক্রাইসিস তৈরি হলে জ্বালানি তেলের দাম বেড়ে যেতে পারে, তখন কী করা যায় সেসব বিষয়ে পরিকল্পনা রাখতে বলেছেন।
দেশে এখনো ১৬টি আইন তালিকাভুক্ত করা হয়নি উল্লেখ করে মাহবুব বলেন, প্রধানমন্ত্রী শীঘ্রই আইনগুলো বাদ দেয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দিয়েছেন। মন্ত্রিপরিষদ সচিব বলেন, মন্ত্রিসভা ‘মহেশখালী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অথরিটি (এমআইডিএ) অ্যাক্ট, ২০২৪’ ও ‘প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার (পারিশ্রমিক ও সুযোগ-সুবিধা) আইন, ২০২৪’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে।
