Logo
Logo
×

অর্থনীতি

রিজার্ভের পতন ঠেকানোর প্রাণান্ত চেষ্টা সরকারের

Icon

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৪, ০২:১১ এএম

রিজার্ভের পতন ঠেকানোর প্রাণান্ত চেষ্টা সরকারের

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধরে রাখার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে সরকার। আন্তর্জাতিক বাজারে ঋণের সুদের হার না কমলে সেই রিজার্ভ ধরে রাখা সম্ভব না। অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত অনুযায়ী মার্চ মাসে রিজার্ভ থাকার কথা ছিল ১ হাজার ৯২৬ কোটি মার্কিন ডলার। এখন প্রকৃত রিজার্ভ ১ হাজার ৫০০ কোটি ডলারের নিচে নেমে গেছে।

আজ বৃহস্পতিবার ‘আর্থিক মুদ্রা ও মুদ্রা বিনিময় হার সংক্রান্ত কো-অর্ডিনেশন কাউন্সিল এবং বাজেট মনিটরিং, বাজেট ব্যবস্থাপনা ও সম্পদ কমিটির বৈঠকে আগামী অর্থবছরের বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে।

বৈঠকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ার বিষয়ে গভর্নর আব্দুর রউফ তালুকদার একটি ব্যাখ্যা  দেন। ওই দুটি বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

অর্থ বিভাগের সংশ্লিষ্ট সূত্র জানায়, কো-অর্ডিনেশন কাউন্সিল বৈঠকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে কথা হয়েছে। চলতি হিসাব ভালো বা খারাপ হয় বাংলাদেশ ব্যাংকের রেপো রেইটের মাধ্যমে। অন্যদিকে আর্থিক হিসাব ভালো বা খারাপ হওয়ার বিষয়টি নির্ভর করে আন্তর্জাতিক সুদের হার বাড়া-কমার ওপর।

এখন আন্তর্জাতিক সুদের হার অনেক বেশি। ফলে দেশের ব্যবসায়ীরা আন্তর্জাতিক আর্থিক বাজার থেকে ঋণ নিতে পারছে না। আন্তর্জাতিক বাজার ঋণের সুদের হার কমে আসলেই দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের অবস্থা ভালো হওয়া নিশ্চয়তা দেওয়া যায়। এজন্য বিদেশ থেকে বিনিয়োগ আনার নানা ধরনের উপায় নিয়ে আলাপ আলোচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে প্রস্তাব দিতে বলা হয়েছে।

বৈঠকে অংশগ্রহণ করা এক কর্মকর্তা বলেন, প্রত্যেক মিটিংয়ে আমাদের বলা হয়- দেশে অর্থনীতি ছয় মাসের মধ্যে আগের অবস্থা ফিরে যাবে। অর্থাৎ ভালো হয়ে যাবে। মিটিংয়ে এসব কথাবার্তা অনেকটা বাগাড়ম্বরপূর্ণ (রেটোরিক) কথা-বার্তার মতো শোনায়। দেশের অর্থনীতি আর ভালো হয় না। তবে সাধারণ মানুষের মতো আমরাও আশায় আছি দেশের অর্থনীতি ভালো হয়ে আসবে। মুদ্রাস্ফীতি কমে আসবে। মানুষ কম দামে নিত্যপণ্য কিনতে পারবে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, আইএমএফের বর্ধিত ঋণ সহায়তা ঋণের শর্ত অনুযায়ী নিট বা প্রকৃত বৈদেশিক মুদ্রার রিজার্ভ রাখতে পারেনি বাংলাদেশ। আইএমএফ বাংলাদেশকে যে ঋণ দিয়েছে, তার শর্ত অনুযায়ী মার্চের শেষে বাংলাদেশ ব্যাংকে প্রকৃত রিজার্ভ থাকার কথা ১ হাজার ৯২৬ কোটি মার্কিন ডলার। কিন্তু প্রকৃত রিজার্ভ ছিল ১ হাজার ৫০০ কোটি ডলারের কম।

প্রকৃত রিজার্ভ হলো দায়হীন রিজার্ভ। প্রকৃত রিজার্ভের হিসাব কীভাবে হবে, সেই সূত্রও ঋণ দেওয়ার সময় বাংলাদেশকে জানিয়ে দিয়েছিল আইএমএফ। সংস্থাটি ঋণের শর্ত হিসেবে নির্দিষ্ট সময় পরপর প্রকৃত রিজার্ভ কী পরিমাণে থাকতে হবে, তা ঠিক করে দেয়। সে অনুযায়ী, প্রতি তিন মাস পরপর আইএমএফের শর্ত মেনে বাংলাদেশকে রিজার্ভ সংরক্ষণ করতে হচ্ছে। সেই রিজার্ভ রাখতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ সরকারের কেন্দ্রীয় ব্যাংক।

এদিকে, দেশের সার্বিক আর্থিক বিষয় বিবেচনায় রেখে বৈঠকে আগামী অর্থবছরের মূল বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে ৭ লাখ ৯৬ হাজার ৯০০ কোটি টাকা। যা মোট জিডিপির ১৪ দশমিক ২ শতাংশ।চলতি অর্থবছরে মূল বাজেটের আকার ছিল ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। আগামী অর্থ বছরে সরকারের আয় ধরা হয়েছে ৫ লাখ ৩১ হাজার ৯০০ কোটি টাকা। যা জিডিপির ৯ দশমিক ৫ শতাংশ।

একইসঙ্গে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রাও ধরা হয়েছে ৬ দশমিক ৭৫ শতাংশ। এ মুহূর্তে প্রবৃদ্ধি অর্জনে গুরুত্ব কমিয়ে বেশি নজর দেওয়া হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে। মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা বাড়িয়ে ধরা হয়েছে ৬ দশমিক ৫০ শতাংশ। আইএমএফের শর্তের সঙ্গে সমন্বয় রেখেই প্রবৃদ্ধি কমিয়ে আনা হচ্ছে।

এদিকে বৈঠকে ভর্তুকি নিয়ে আলোচনা হয়েছে। চলতি বছর ভর্তুকি মোট জিডিপির ২ দশমিক ১ শতাংশ  ধরা হয়েছে । আগামী অর্থ বছর ভর্তুকি আগের মতোই থাকবে  প্রায় এক লাখ কোটি টাকার কাছাকাছি। কারণ জ্বালানি ও বিদ্যুৎ খাতে কয়েক বছরের অনেক বকেয়া আছে। তবে নতুন ভর্তুকি পরিমাণ হয়তো কম হবে। কারণ আন্তর্জাতিক বাজারে সারের দাম কমে এসেছে।

বিনিয়োগের বিষয়ে বৈঠকে বলা হয়েছে, আগামী বাজেটে বিনিয়োগ বাড়ানোর জন্য কোনো ধরনের নাটকীয় অর্থনৈতিক উদ্যোগ নেওয়ার বিষয়ে আলোচনা হয়নি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন