ইসরায়েলের গাজায় অগ্রাসনের মধ্যে একটি পক্ষ কোমল পানীয় কোকা-কলা বয়কটের ঘোষণা দেয়। এরপর থেকে ভোক্তাদের অনেকেই কোকা-কোলা থেকে আগ্রহ হারাচ্ছেন। বিক্রেতাদের সঙ্গে কথা বলেও এমন তথ্য পাওয়া গেছে। এই সুযোগে বিক্রি বেড়েছে দেশীয় কোমল পানীয়ের।
দেশের বড় শিল্প প্রতিষ্ঠান আকিজ, পারটেক্স, প্রাণ এবং মেঘনাসহ কার্বনেটেড কোমল পানীয়ের বাজারের স্থানীয় প্রতিযোগীরা কোকা-কোলার বাজার দখল করছে।
কোকা-কলা বাংলাদেশের কোমল পানীয়ের বাজারের ৭০ শতাংশ দখল করে রেখেছিল। এখন তা কমে এসেছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় কোমল পানীয় মোজো নিয়ে ভোক্তাদের আগ্রহ বেড়েছে। আকিজ বেভারেজেসের এই পণ্যটি জনপ্রিয় হওয়ার কারণ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের ভোক্তাদের আবেগকে কাজে লাগানোতে কৌশলী উদ্যোগ।
রাজধানীর সেগুনবাগিচায় শহিদ জেনারেল স্টোরের কর্মচারী আব্দুল হক বলেন, ক্রেতাদের কাছে দেশের আকিজ গ্রুপের মোজোর এখন খুবই চাহিদা। চাহিদা অনুসারে তারা পণ্য সরবরাহ করতে পারছে না। তবে আমাদের দোকানে কোকা-কলার বিক্রি অর্ধেকে নেমে গেছে।
তিনি আরো বলেন, কোকা-কোলা দাম কমাচ্ছে না। আকিজ গ্রুপের প্রতিটি কোমল পানীয় থেকে এক টাকা ফিলিস্তিনের জন্য সাহায্য হিসেবে দেওয়ার ঘোষণা রয়েছে। দেশের ক্রেতাদের কাছে মোজোর চাহিদা প্রতিদিনই বাড়ছে।
গত ১২ মার্চ আকিজ গ্রুপের পক্ষ থেকে কোমল পানীয় মোজো বিক্রি থেকে ১ টাকা হারে ৮৭ হাজার ২৪ টাকা ফিলিস্তিনি সাহায্য তহবিলে জমা দেওয়া হয়েছে।
আকিজ ফুডের প্রধান বিপণন কর্মকর্তা মো. মাইদুল ইসলাম বাংলা আউটলুককে বলেন, দেশের পণ্য বিশেষ করে মোজো এই ক্যাম্পেইন শুরুর পর থেকেই আমরা ভোক্তাদের অকল্পনীয় সাড়া পেয়ে অভিভূত। ইসরায়েল-গাজা যুদ্ধের আগের সময়ের চেয়ে আমাদের বেচাবিক্রি দ্বিগুণ হয়েছে।
তিনি জানান, মধ্যপ্রাচ্যে এই সংঘাত শুরুর পর থেকে মোজোর বিক্রি ১৩০ থেকে ১৪০ শতাংশ বেড়েছে। ফলে দেশে কোমল পানীয়ের মধ্যে মোজোর বাজার অংশীদারত্ব ৩৫ শতাংশে উন্নীত হয়েছে; ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের আগের সময়ের চেয়ে যা উল্লেখযোগ্য হারে বেড়েছে।
গাজীপুরের শহরের বাসিন্দা নাহিদ আহসান বলেন, কোকা-কোলা বর্জনের বোতলটা যত সুন্দরই করা হোক না কেন আমরা এই তা কিনবো না। এমনিতেই দেশে ভারতীয় পণ্য বর্জন কমসূচী অব্যাহত আছে। তাই এখন দেশীয় কোমল পানীয় কিনবো।
এদিকে, ১৬ ফেব্রুয়ারি কোকা-কোলা বাংলাদেশ বেভারেজেস লিমিটেডকে (সিসিবিবি) কিনে নেয় তুরস্কের কোকা-কোলা আইসেক (সিসিআই)।
সংশ্লিষ্ট সূত্র এবং রাজধানীর দোকানদাররা জানিয়েছেন, বাংলাদেশের কোকা-কোলা কোম্পানিটি বিক্রি হওয়ার পর ক্রেতারা কোকা-কোলার পণ্য বর্জন করা থেকে বিরত হননি।
কোকা-কোলা বাংলাদেশ বেভারেজেস দেশে কোক ব্র্যান্ডের পানীয় উৎপাদন, বিক্রয় ও বিতরণ করে। এই কোম্পানি রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা অঞ্চলের প্রায় ১০ কোটি গ্রাহককে সেবা দেয়। তাদের তিন শতাধিক কর্মচারী রয়েছে। এ ছাড়া একটি বোতলজাত প্ল্যান্ট, তিনটি গুদামসহ প্রায় তিন লাখ বিক্রয়কেন্দ্র রয়েছে কোম্পানির। তাদের ডিস্ট্রিবিউটরের সংখ্যা ৫০০।
বাংলাদেশে কোমল পানীয়ের বাজারের আকার চার হাজার কোটি থেকে ছয় হাজার কোটি টাকা। যুক্তরাষ্ট্রের দুই বহুজাতিক কোমল পানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান কোকা-কোলা ও পেপসিকোর পাশাপাশি প্রাণ, আকিজ, পারটেক্স ও মেঘনার মতো বেশ কয়েকটি স্থানীয় প্রতিষ্ঠান এই চাহিদা পূরণ করে।
