Logo
Logo
×

অর্থনীতি

ফুটপাতের ঈদ কেনেকাটায় দিশেহারা ক্রেতা

Icon

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৪, ০৭:৫৩ পিএম

ফুটপাতের ঈদ কেনেকাটায় দিশেহারা ক্রেতা

রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের পশ্চিম পাশের ফুটপাতে বাচ্চার জন্য জুতা কিনতে এসেছিলেন গোড়ানের আলমাস দম্পতি। ছেলের পায়ে জুতা পরিয়ে দেখছেন আলমাস। এভাবে কয়েক জোড়া জুতা পরানোর পর একজোড়া জুতা পছন্দ হয়ে যায়। কিন্তু দাম শুনে না কিনেই চলে যান তারা। চাইনিজ জুতা জোড়ার দাম হাঁকানো হয়েছে ১২০০ টাকা। বিক্রেতা মোশারফ সাফ জানিয়ে দিলেন একদাম, একরেট; কোনো দামাদামি চলবে না।

যেতে যেতে তার স্ত্রী বাংলা আউটলুককে বললেন, ছোট্ট এক জোড়া জুতারও এতো দাম। এতো দাম হলে কিভাবে কিনবো। আমাদের মতো যারা স্বল্প আয়ের মানুষ তাদের বাচ্চাদের ঈদের কেনাকাটা কিভাবে করবে?

এবারের ঈদে এখানে প্রায় সব পণ্যই বিক্রি হচ্ছে ‘এক রেটে’। অথচ বছরের অন্যান্য সময় এখান থেকে দরদাম করে কেনা যায় বিভিন্ন পণ্য।

শুধু এই দোকানটিই নয়, সবখানেই একই অবস্থা। বিক্রেতারা যে দাম ঠিক করে দিচ্ছেন সে দামেই কিনতে হচ্ছে পণ্য। সামর্থ্যে না কুলালে না কিনেই চলে যাচ্ছেন ক্রেতা। তবুও দামে কোনো ছাড় নেই।

এখানকার ফুটপাতে সারা বছরই বাহারি সহ পণ্যের পসরা থাকে। বাচ্চাদের খেলনা থেকে শুরু করে জামাকাপড়, পাঞ্জামি-পাজামা থেকে সিট কাপড় কিংবা ব্যাগ-লাগেজ। এসবের মধ্যে বাচ্চাদের জুতা ও জামা প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তান, চীন ও থাইল্যান্ড থেকে আসে বলে জানালেন বিক্রেতারা।

এবারের ঈদে এখানকার বেচাবিক্রি তেমন জমেনি বলে জানালেন বাচ্চাদের জামা বিক্রেতা জয়নাল আবেদিন। তিনি বললেন, এখানকার ক্রেতাদের সিংহভাগই নিম্ন মধ্যবিত্ত শ্রেণির। কিন্তু এই শ্রেণিটির হাতে বর্তমানে টাকা নেই। ফলে আমাদের কেনাবেচাও কম।

তিনি জানান, শিশুদের জামার ফেব্রিকস চীন ও পাকিস্তানি, কিন্তু সেলাই বাংলাদেশের। ভারতীয় কিছু পণ্য থাকলেও সেগুলোর চাহিদা অনেক কম। সাম্প্রতিক সময়ে ভারতীয় পণ্য মানুষ কম কিনে বলেও জানান তিনি।

এ দোকানেই কথা হয় আজিমপুরের একটি কলোনির বাসিন্দা রশিদুল হকের সঙ্গে। তিনি তার পাঁচ বছর বয়সী মেয়ে বাচ্চার জন্য একটি জামার দাম করছিলেন। বিক্রেতা জানালেন এটি চায়না ফেব্রিকসের, এক দাম ৮০০ টাকা। তিনিও আলমাসের মতো না কিনে চলে যান।

বিক্রেতারা জানান, ডলারের দাম বেড়ে যাওয়ার কারণে এবারের ঈদে এসব পণ্যের দাম অনেকটাই বেশি। আগের ঈদে এসব জামা ৫০০ টাকায় বিক্রি করলেও এবছর সেটি পারছেন না। তাই অনেকে পূর্ব ধারণা নিয়ে এখানে আসলেও দামের হেরফের দেখে না কিনে চলে যাচ্ছেন। আমাদেরও কিছু করার নেই।

শুধু বাচ্চাদের জামা-জুতাই নয়, জিপিওর সামনে থেকে স্টেডিয়াম গেট পর্যন্ত ফুটপাতের দুই ধারে যে পাঞ্জাবির দোকান সেখানেও সবকিছু বিক্রি হচ্ছে একদামে।

বিক্রেতারা বলছেন, এসব পাঞ্জাবির বেশিরভাগই নাকি বাইরের। বিশেষ করে ভারত ও পাকিস্তানি। দাম সর্বনিম্ন ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা। তবে ক্রেতাদের চাহিদা ২ হাজারের ভেতরের পাঞ্জাবি বলে জানান সেখানকার একজন দোকানি।

তিনি বলেন, ফুটপাতে মানুষ হাই বাজেটের পাঞ্জাবি কেনে না। এখানে মধ্যম বাজেটের পাঞ্জাবিই বেশি চলে। ঈদ ঘনিয়ে এলেও এখনো বিক্রি সেভাবে বাড়েনি বলেও জানান এই দোকানি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন