Logo
Logo
×

অর্থনীতি

ঋণগ্রস্ত বেক্সিমকোকে ২ হাজার ৬২৫ কোটি টাকার বন্ড ইস্যুর অনুমোদন

Icon

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৪, ০১:৩৩ এএম

ঋণগ্রস্ত বেক্সিমকোকে ২ হাজার ৬২৫ কোটি টাকার বন্ড ইস্যুর অনুমোদন

বেক্সিমকো গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানকে নিয়মের ব্যত্যয় ঘটিয়ে প্রায় ২২ হাজার কোটি টাকার ঋণ দিয়েছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শন শাখার এক প্রতিবেদনে জনতা ব্যাংক থেকে দেশের অন্যতম বৃহৎ শিল্প গ্রুপ বেক্সিমকোকে ২১ হাজার ৯৭৮ কোটি টাকার এই ঋণ দেওয়ার তথ্য উঠে এসেছে। এমন ঋণগ্রস্ত অবস্থার  মধ্যেই এই প্রতিষ্ঠানটি ২৬২৫ কোটি টাকার জিরো কুপন বন্ড ছাড়ছে শেয়ার বাজারে।

সোমবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিবার্হী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এটি অনুমোদনের ব্যাপারে জানানো হয়।

বিএসইসি জানিয়েছে, এই বন্ডের অভিহিত মূল্য ২,৬২৫ কোটি টাকা, ডিসকাউন্ট রেইট হচ্ছে ১৫ শতাংশ। শেয়ার বাজার থেকে উত্তোলিত অর্থ বেক্সিমকো ব্যাংকের ঋণ পরিশোধ এবং মায়াকনন প্রকল্পের উন্নয়নে ব্যবহার করা হবে।

ব্যাংক খাত সংশ্লিষ্টরা বেক্সিমকোর মতো ঋণগ্রস্ত প্রতিষ্ঠানের বন্ড ইস্যুর অনুমোদন নিয়ে প্রশ্ন তুলছেন। তারা বলছেন, এখান যে অল্প পরিমাণ টাকা আসবে তাতে ব্যাংকের ঋণ পরিশোধে খুব একটা কাজে লাগবে না।

নির্দিষ্ট কিছু ঋণগ্রহীতার কাছে ব্যাংকগুলো যেন জিম্মি না হয়ে যায় এর জন্য বাংলাদেশ ব্যাংক একক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ দেওয়ার ক্ষেত্রে একটি সীমা নির্ধারণ করে দিয়েছে। এই সীমা অনুযায়ী, ব্যাংকগুলো তাদের মূলধনের ২৫ শতাংশের বেশি একক ব্যক্তি বা ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ঋণ দিতে পারবে না।কোনো ব্যাংককে এই সীমার বাইরে গিয়ে ঋণ দিতে হলে কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমতি নিতে হয়।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে জানা যায়, কেন্দ্রীয় ব্যাংকের যথাযথ নিয়ম অনুসরণ না করে বেক্সিমকো গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানকে বিভিন্ন সময়ে প্রায় ২২ হাজার কোটি টাকার এই ঋণ দিয়েছে জনতা ব্যাংক। হিসাব অনুযায়ী, এর মাধ্যমে তারা কেবল একটি গ্রুপকেই ব্যাংকের মূলধনের ৯৪৯ দশমিক ৭৮ শতাংশ ঋণ সুবিধা দিয়েছে। কিন্তু কোনো একক গ্রাহককে মূলধনের ২৫ শতাংশের (ফান্ডেড ও ননফান্ডেড) বেশি ঋণ দেওয়ার নিয়ম নেই।

কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ বিবেচনায় জনতা ব্যাংক থেকে ঋণ সুবিধা পেয়েছে বেক্সিমকো গ্রুপের ২৬টি প্রতিষ্ঠান। এগুলো হলো- ১. ইন্টারন্যাশনাল নিটওয়্যার অ্যান্ড অ্যাপারেলস লিমিটেড, ২. ইন্টারন্যাশনাল নিটওয়্যার অ্যান্ড অ্যাপারেলস লিমিটেড (ইউনিট-২), ৩. ক্রিসেন্ট ফ্যাশনস অ্যান্ড ডিজাইন লিমিটেড, ৪. নিউ ঢাকা ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ৫. শাইনপুকুর গার্মেন্টস লিমিটেড, ৬. এসকপ অ্যাপারেলস লিমিটেড, ৭. বেক্সিমকো ফ্যাশনস লিমিটেড, ৮. বেক্সটেক্স গার্মেন্টস লিমিটেড, ৯. এসেস ফ্যাশনস লিমিটেড, ১০. বে সিটি অ্যাপারেলস লিমিটেড, ১১. পিয়ারলেস গার্মেন্টস লিমিটেড, ১২. প্লাটিনাম গার্মেন্টস লিমিটেড, ১৩. হোয়াইট বে অ্যাপারেলস লিমিটেড, ১৪. কোজি অ্যাপারেলস লিমিটেড, ১৫. পিঙ্ক মেকার গার্মেন্টস লিমিটেড, ১৬. অটামলুপ অ্যাপারেলস লিমিটেড, ১৭. কাঁচপুর অ্যাপারেলস লিমিটেড, ১৮. অ্যাডভেঞ্চার গার্মেন্টস লিমিটেড, ১৯. কসমোপলিটান অ্যাপারেলস লিমিটেড, ২০. মিডওয়েন্ট গার্মেন্টস লিমিটেড, ২১. এ্যাপোলো অ্যাপারেলস লিমিটেড, ২২. আরবান ফ্যাশন্স লিমিটেড, ২৩. স্কাই নেট অ্যাপারেলস লিমিটেড, ২৪. স্প্রিংফুল অ্যাপারেলস লিমিটেড, ২৫. উইন্টার স্প্রিন্ট গার্মেন্টস লিমিটেড ও ২৬. ইয়েলো অ্যাপারেলস লিমিটেড।

২০২১ সালের শেষে বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠানগুলো জনতা ব্যাংকের শীর্ষ ৩১ ঋণগ্রহীতার মধ্যে ছিল, যার মোট ঋণের পরিমাণ ছিল ১০ হাজার ৪৩৯ কোটি টাকা।

বেক্সিমকো গ্রুপের ভাইস-চেয়ারম্যান হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। সরকারের ঘনিষ্ঠ হওয়ায় তিনি এসব বিশেষ সুবিধা পেয়ে আসছেন বলে অভিযোগ রয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন