আশুলিয়া, মাধবদী ও চান্দিনায় সামিট পাওয়ার লিমিটেডের তিনটি গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে চুক্তির মেয়াদ পাঁচ বছর বাড়িয়েছে সরকার।
বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে মেয়াদ বৃদ্ধির এই প্রস্তাব অনুমোদন করা হয়। সভা শেষে এ সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান।
আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে পরিচিদ সামিট ১৩ বছর ধরে মার্কিন ডলারে ক্যাপাসিটি চার্জের নামে অর্থ আদায় করেছে। এখন ক্যাপাসিটি চার্জ নেওয়া বন্ধ হলেও নতুন করে বিদ্যুৎ কেন্দ্রের ট্যারিফও নির্ধারণ করে দেওয়া হচ্ছে। নতুন ট্যারিফে এই তিন কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনা হলে পাঁচ বছরে সরকারের ব্যয় হবে ১ হাজার ১১৮ কোটি টাকা।
সরকারের বিদ্যুৎ বিভাগ প্রস্তাবিত প্রতি ইউনিট ট্যারিফ ৫.৫৬ টাকা হলেও ক্রয় সংক্রান্ত মন্ত্রী সভায় সেটি বৃদ্ধি করেছে। যা হয়েছে ৬.০৪ টাকা।
সচিব মাহমুদুল হোসাইন খান বলেন, সামিট পাওয়ার লিমিটেডের ৭১ দশমিক ৫৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন তিনটি আইপিপি পাওয়ার প্লান্টের মেয়াদ পাঁচ বছর বাড়ানো হয়েছে। এই তিনটি পাওয়ারপ্লান্ট হলো- আশুলিয়ায় ৩৩ দশমিক ৭৫ মেগাওয়াট, মাধদীতে ২৪ দশমিক ৩০ মেগাওয়াট এবং চাঁন্দিনায় ১৩ দশমিক ৫০ মেগাওয়াট।
তিনি বলেন, এই তিন কেন্দ্রের মেয়াদ গত বছরের ২২ নভেম্বর শেষ হয়ে গেছে। ক্রয় সংক্রান্ত মন্ত্রী সভায় তিনটি বিদ্যুৎ কেন্দ্রেরর কার্যক্রমের মেয়াদ পরবর্তী পাঁচ বছরের জন্য বৃদ্ধি করা হয়েছে। এটার ট্যারিফ হলো ৬ দশমিক ০৪ টাকা পার ইউনিট।
জানা গেছে, বিদ্যুৎ বিভাগের প্রস্তাবে ট্যারিফ ছিল ৫ দশমিক ৫৬ টাকা। সভায় বাড়তি দাম অনুমোদন দেওয়া হয়েছে।
সচিব বলেন, এক সময় তিনটি বিদ্যুৎ কেন্দ্রে ইনস্টলেশন খরচ ছাড়াও অনেক ধরনের খরচ ছিল। এর মধ্যে ক্যাপাসিটি চার্জও ছিল। এখন নো ক্যাপাসিটি চার্জ, নো ফিক্স চার্জ, নো ইলেক্ট্রিসিটি, নো পেমেন্ট চার্জের ভিত্তিতে থাকবে। এখন তো সেই ক্যাপাসিটি চার্জ খরচ ধরা হবে না। যেহেতু বিদ্যুৎ কেন্দ্রগুলো এখন রেডি আছে, তবে সভায় বিদ্যুৎ বিভাগ আগের ট্যারিফ তো দেখতে পারেনি। ওরা যেটা বলেছে যে পাঁচ বছরে ইউনিটপ্রতি সরকারের সাশ্রয় হবে ৬.৮১ কোটি টাকা এবং আগের তুলনায় এখন সরকারের ০.০৭২৫ কোটি টাকা কম খরচ হবে।
সামিটের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ২০০৩ সাল থেকে ২০০৭ সালের মধ্যে এসব বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে এসেছিল। তিনটি অঞ্চলে মোট ছয়টি ইউনিটে এসব বিদ্যুৎকেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা ১১১ মেগাওয়াট।
২০১৩ সামিট পাওয়ার প্লান্ট লিমিটেড এক আবেদনে উল্লেখ করে যে, ২০০০ সালের ১০ ফেব্রুয়ারি তারা নরসিংদীর মাধবদি, কুমিল্লার চান্দিনা এবং সাভারের আশুলিয়ায় বিদ্যুৎ বিক্রির জন্য আরইবির সঙ্গে ‘বিদ্যুৎ ক্রয় চুক্তি’ স্বাক্ষর করে। সে চুক্তির শর্তাধীনে প্রত্যেকটি স্থানে ১১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন মোট ৩টি বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হবে। সামিট ট্যারিফ বাড়ানোর চেষ্টা করলে মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল- সামিট পাওয়ার লিমিটেডের চান্দিনা, মাধবদি ও আশুলিয়ার সম্প্রসারিত পাওয়ার প্লান্টসমূহের বিদ্যুতের মূল্যবৃদ্ধির কোনো সুযোগ নেই।
দুই বছর আগে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এক প্রতিবেদনে ক্যাপাসিটি চার্জকে লুটপাটের মডেল হিসাবে উল্লেখ করেছিল। এই চার্জ দূর করার জন্য পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়েছিল।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৪ বছরে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোতে ক্ষমতার চার্জ হিসাবে ৯০,০০০ কোটি টাকা প্রদান করা হয়েছে, যার সবকটি ডলারে পরিশোধ করতে হয়েছে।
