ফাইল ছবি
মার্কিন যুক্তরাষ্ট্রর অতিরিক্ত শুল্ক হুমকির মধ্য পড়েছে দেশীয় পোশাক শিল্প খাত। পাশাপাশি ২০২৬ সালে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের কথা রয়েছে বাংলাদেশের। এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী সময়ে রপ্তানি প্রণোদনা/নগদ সহায়তা সম্পূর্ণভাবে একত্রে প্রত্যাহার করা হলে রপ্তানি খাত নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। সেজন্য সরকার এখন থেকেই বিভিন্ন ধাপে নগদ সহায়তা/ প্রণোদনার হার অল্প অল্প করে কমানোর সিদ্ধান্ত নিয়েছে।
এছাড়া বাংলাদেশ ব্যাংক ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) রপ্তানি আয়ের তথ্যে ১২ বিলিয়ন ডলার গরমিল নিয়েও বিপাকে রয়েছে সরকার। বিশাল অঙ্কের ডলারের পার্থক্যের কারণে বড় ধরনের অর্থ পাচারের শঙ্কায় রয়েছে সরকার।
এ অবস্থায় দেশের গামের্ন্ট খাতের তিন ধরনের সুবিধার কথা নিয়ে আলোচনা করে যাচ্ছে অর্থ বিভাগ। সেগুলা হলো নীতিগত, ট্যারিফ এবং ভর্তুকিগত সুযোগ-সুবিধা।
স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় গঠিত সাব কমিটির ষষ্ঠ সভা ডাকা হয়েছে ২৮ মার্চ। সেই সভায় এতে সভাপতিত্ব করবেন অর্থ সচিব ড. মো খায়েরুজ্জামান মজুমদার। ওই বৈঠকে তিনটি সাব স্টাডি গ্রুপ গবেষণাকর্ম উস্থাপন করবে।
এদিকে, বর্তমানে বাংলাদেশসহ পাঁচটি দেশের গামের্ন্ট খাতের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেড রিপ্রেজেটিভ নকল পণ্যের রপ্তানির বিষয়টি খতিয়ে দেখছে। বিষয়টি প্রমাণিত হলে মার্কিন যুক্তরাষ্ট্র রপ্তানিতে প্রায় ১৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করবে। এখন দেশের বিভিন্ন গামের্ন্ট রপ্তানি পণ্যের ওপর ১৫ থেকে ২৬ শতাংশ শুল্ক দিতে হয়।
দেশের রপ্তানি আয়ের মূল উৎস তৈরি পোশাক খাত। বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) হিসেবে গেল বছর এই খাত থেকে এসেছে ৪৭ বিলিয়ন ডলারেরও বেশি বৈদেশিক মুদ্রা। এর মধ্যে একক দেশ হিসেবে সবচেয়ে বেশি রপ্তানি আয় এসেছে যুক্তরাষ্ট্র থেকে ৭ দশমিক ২৯ বিলিয়ন ডলার। যদিও এই আয় আগের বছরের চেয়ে ২৫ শতাংশ কম। তবে যুক্তরাষ্ট্রে ২৫ শতাংশ রপ্তানি কমে গেলেও সার্বিকভাবে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি কমেনি, বরং বেড়েছে।
রপ্তানির ক্ষেত্রে অর্থ বিভাগ নীতি সহায়তা দিয়ে থাকে। চলতি বছরের জানুয়ারি মাসের শেষে অর্থ বিভাগ নগদ সহায়তা অনেকটা কমিয়ে ফেলে। প্রতি এক বছর পর পর এই রপ্তানি সুবিধা কমাতে হবে, কারণ ২০২৬ সালে মধ্যম আয়ের দেশে পরিণত হতে যাচ্ছে বাংলাদেশ। ২০২৬ সালে নগদ সহায়তা শূন্যে নিয়ে আসতে হলে প্রতি বছর নগদ সহায়তা ২ শতাংশ হারে কমাতে হবে। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন, ঠিক সময়ে বাংলাদেশ গ্রাজুয়েশন হবে।
নগদ সহায়তা বন্ধ হয়ে গেলে সরকার দেশের ব্যবসায়ীদের কী ধরনের সহায়তা দেবে- এ বিষয় নিয়ে সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আলোচনা করে যাচ্ছে। ইতোমধ্যে অর্থ বিভাগ ইআরডিকে রপ্তানিকারকদের কী ধরনের সহায়তা দেওয়া যায় তা নিয়ে একটি গবেষণা করার অনুরোধ করেছে। কারণ অন্য দেশগুলো রপ্তানির ক্ষেত্রে কী ধরনের সুবিধা পায় তাও খতিয়ে দেখতে হবে। নগদ সহায়তার পরিবর্তে কী ধরনের সুবিধা দেওয়া যায়, তা জানতে চেয়ে অন্য বিভাগগুলোর প্রতি জানতে চেয়েছে অর্থ বিভাগ।
বাংলাদেশ ব্যাংক ও ইপিবির রপ্তানি আয়ের তথ্যে গরমিল কেন
অর্থ বিভাগ সূত্রে জানা যায়, দেশের রপ্তানি আয়ের তথ্যে ইপিবি এবং বাংলাদেশ ব্যাংকের হিসাবে গড়মিল প্রায় ১২ বিলিয়ন ডলারের বেশি। এ সমস্যা নিরসনে এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে নিয়ে একটা কমিটি করে দেওয়া হয়েছিল। ইপিবি আর বাংলাদেশ ব্যাংকের রপ্তানি আয়ের ব্যবধানের কয়েকটি কারণ রয়েছে। যেমন- দেশের রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ইপিজেড) রপ্তানিকারকরা বড় পরিসরে রপ্তানি করে থাকে। আবার মোট রপ্তানির হিসাবে ইপিজেডের পরিমাণটা হিসাবের মধ্যে নিয়ে আসে। এখানে রপ্তানি আয় দুইবার গণনা হয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।
আবার চট্রগ্রাম ও ঢাকা শাহাজালাল এয়ারপোর্ট থেকে রপ্তানি হয়ে থাকে কাস্টমসের মাধ্যমে। কিন্তু কোনো কারণে মান নিম্ন হওয়ার কারণে সেই রপ্তানি ফেরত এসেছে। দেখা গেল, সেই রপ্তানির ২০ শতাংশ দেশে ফেরত এসেছে। সেটা ইপিবি আর বাংলাদেশ ব্যাংকের হিসেবের সময় গড়মিল হয়ে যেতে পারে। এছাড়া কাস্টমসের মাধ্যমে ভুয়া রপ্তানি হয়ে থাকে। এখন সেটা রপ্তানি আয়ের হিসেবে দেখানো হয়। ভুয়া রপ্তানি করে সেই অবৈধ রপ্তানিকারকরা বড় ধরনের অবৈধ আয় করে থাকে। সরকারের সব ধরনের নগদ সুবিধা নিতে এই ভুয়া রপ্তানি করা হয়ে থাকে।
