Logo
Logo
×

অর্থনীতি

মূল্যস্ফীতি ও রিজার্ভ নিয়ে সংসদীয় কমিটির উদ্বেগ

Icon

প্রকাশ: ২২ মার্চ ২০২৪, ০১:২৩ এএম

মূল্যস্ফীতি ও রিজার্ভ নিয়ে সংসদীয় কমিটির উদ্বেগ

দুর্বল ও সবল ব্যাংকগুলোর একীভূতকরণ, উচ্চ মূল্যস্ফীতি ও ক্ষয়ে যাওয়া বৈদেশিক মুদ্রার রির্জাভ অবস্থা নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠা জানিয়েছেন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিরা। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের অডিটোরিয়ামে ২০২৪-২৫ অর্থবছরের প্রাক বাজেট আলোচনায় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠকে এ উৎকণ্ঠার কথা জানান সংসদীয় ১৫টি স্থায়ী কমিটির সভাপতিরা। তারা আগামী বাজেটে দেশের সামষ্টিক অর্থনীতির ভারসাম্য ধরে রাখার দিকে নজর দিতে বলেছেন।

তারা বলেন, আগামী বাজেট করার মধ্যে দিয়ে যাতে দেশে সামষ্টিক অর্থনীতি ভারসাম্য ধরে রাখা যায় তা নিয়ে অর্থমন্ত্রীকে বিভিন্ন উপদেশ দিয়েছেন। দেশের সামষ্টিক অর্থনীতি নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক এবং সাধারণ মানুষের যেমন উদ্বেগ ও উৎকণ্ঠা আছে, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিদের মধ্যেও একই ধরনের উদ্বেগ ও উৎকণ্ঠা আছে।

বাজেট বাস্তবায়নের হার নিয়ে আলোচনা হলে অর্থমন্ত্রী বলেন, অর্থ মন্ত্রণালয় বাজেট বাস্তবায়ন করে না। লাইন মন্ত্রণালয়গুলো বাজেট বাস্তবায়ন করে। সুতরাং সংসদীয় কমিটিগুলো মন্ত্রণালয় ও বিভাগের বাজেট বাস্তবায়ন যেন ঠিকভাবে হয়, সেই সংক্রান্ত নিদের্শনা দিতে হবে।

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিদের কয়েকজন প্রাক বাজেট বৈঠকে দেশের ১০টি দুর্বল ব্যাংকগুলোর সাথে সবল ব্যাংকগুলোর একীভূত নিয়ে সরকার কীভাবে ব্যবস্থা নিচ্ছে তা নিয়ে অর্থমন্ত্রীকে নানা ধরনের প্রশ্ন করেছেন। ব্যাংকখাতে একীভূত নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে এ বৈঠকে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেন, ব্যাংকিং খাতের একীভূত করার নিয়মটা ১৯৯১ সালের ব্যাংক কোম্পানি আইনে ছিল। তখন ছিল এটা ভলান্টারি, এখন সেই অবস্থায় আছে। কোন দুইটা ব্যাংক যদি একীভূত করতে চায় তবে তারা নিজে থেকেই তা করতে পারবে। কিন্তু সাম্প্রতিক ব্যাংক কোম্পানি আইন সংশোধনে যেটা হয়েছে দেশের ব্যাংকগুলোর স্বার্থে বাংলাদেশ ব্যাংক দুইটা ব্যাংক মার্জার (একীভূত) করতে জোর-জবরদোস্তি করতে পারে। আমরা এখনও কোনো ব্যাংককে একীভূত করতে ফোর্স করতে চাই না। আমরা চাই ব্যাংকগুলো ভলান্টারি মার্জার হোক। প্রয়োজন হলে আমরা যদি দেখি অনেক দুর্বল ব্যাংক মার্জ করছে না তখন বাংলাদেশ ব্যাংক ক্ষমতা প্রয়োগ করে একীভূত করতে সেই দুর্বল ব্যাংককে আদেশ দেবে। এখন বাংলাদেশ ব্যাংক কোনো ক্ষমতা প্রয়োগ করেছে না।

বেঠকে সভাপতিরা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে এখন কোন অবস্থায় আছে জানতে চাইলে গভর্নর বলেন, দেশের রির্জাভ ২০ বিলিয়ন মার্কিন ডলারের নিচে আছে। সেই বিষয়ে বাজেট বৈঠকে আপডেট তারা দিয়েছেন।

সভাপতিরা বলেন, দেশের সামষ্টিক অর্থনৈতিক ভারসাম্য বজায়ে রাখতে হলে অবশ্যই প্রতিটি মন্ত্রণালয়ের সুষম বরাদ্দ দিতে হবে। এক মন্ত্রণালয়ে বেশি বরাদ্দ, অন্য মন্ত্রণালয়ে কম বরাদ্দ দিলে সামষ্টিক অর্থনীতির ভারসাম্য আসবে না।

বৈঠক সূত্রে জানা যায়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. আফতাবউদ্দিন সরকার জানতে চেয়েছেন খাদ্যের বিনিময়ে শিক্ষা প্রোগ্রামটা কেন বন্ধ হয়ে গেছে? এটা আরো বড় আকারে চালু করা যায় কি-না তা জানতে চেয়েছেন। তার নিজের সংসদীয় এলাকাগুলোতে সেই প্রোগ্রামটা চালু করা দরকার বলে উল্লেখ করেন।

বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি টিপ মুনশি জানতে চান, রমজান মাসে দেশের নিত্যপণ্যের মূল্য স্তর কমানো জন্য কী ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। তা আদৌও কাজে লাগছে কি-না তা দেখতে বলা হয়েছে। কারণ দেশের মূল্যস্ফীতি প্রায় ১০ শতাংশের কাছাকাছি।

বৈঠককে সভাপতিরা বলেন, নতুন বাজেটে গ্রামীণ এলাকায় বড় শহরের বাইরে যে গ্রোথ সেন্টারগুলো আছে সেগুলো থেকে রাজস্ব আয় বাড়াতে হবে। এজন্য আগামী বাজেটে ব্যবস্থা নিতে হবে। এজন্য সেই সব এলাকায় জাতীয় রাজস্ব বোর্ড অফিস খুলতে হবে। সেই সব গ্রোথ সেন্টারগুলোতে অনেক ব্যবসায়ী আছে যারা ট্যাক্স দেওয়ার ক্ষমতা আছে তারা সরকারকে কর দিচ্ছে না।

শিক্ষা সম্পর্কিত স্থায়ী কমিটি সভাপতি নূরুল ইসলাম নাহিদ বলেন, আগামী অর্থ বছরে টেকনিক্যাল এডুকেশনের বাজেট বরাদ্দ বাড়াতে হবে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন