Logo
Logo
×

অর্থনীতি

মূল্যস্ফীতি কমেনি, সংশোধিত বাজেটের আকার কমেছে ৬.২১%

Icon

প্রকাশ: ২১ মার্চ ২০২৪, ০৪:৫৯ এএম

মূল্যস্ফীতি কমেনি, সংশোধিত বাজেটের আকার কমেছে ৬.২১%

অনেকে ধারণা করেছিল জাতীয় নির্বাচন হয়ে গেলেই দেশের মূল্যস্ফীতি কমে আসবে। কিন্তু বিএনপিসহ বিরোধী দলগুলোকে বাদ দিয়ে আওয়ামী লীগ সরকার দেশকে ইমেজ সংকটে ফেলে নামরক্ষার নির্বাচন করে মূল্যস্ফীতি কমাতে পারেনি।

২০২৩-২৪ অর্থবছরের বাজেটে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তার ধারেকাছেও নেই দেশের মূল্যস্ফীতি। অর্থবছরে দ্বিতীয় অধ্যায়ে ফেব্রুয়ারি মাসে সার্বিক মূল্যস্ফীতি দাড়িয়েছে ৯ দশমিক ৬৭ শতাংশ। অর্থনৈতিক মন্দা থেকে দক্ষিণ এশীয় দেশগুলোর বেশিরভাগ দেশ বেরিযে আসলেও বাংলাদেশের মূল্যস্ফীতি কমার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।

শ্রীলঙ্কার সরকার দেশের মূল্যস্ফীতি প্রায় ৫০ শতাংশ থেকে কমিয়ে ৬ শতাংশে নিয়ে গেছে। এ অবস্থায় বুধবার অর্থ বিভাগ দেশের ২০২৩-২৪ অর্থবছরের বাজেটের সংশোধিত বাজেটের আকার নির্ধারণ করেছে সরকার। মোট বাজেটের আকার প্রায় ৬ দশমিক ২১ শতাংশ কমানো হলেও গত ছয় মাসে বাজেট বাস্তবায়নের হার মাত্র ২৬ শতাংশ।

অর্থ বিভাগ বলেছে, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানকে অতিরিক্ত অর্থ ব্যয় বিল গ্রহণ না করার জন্য অনুরোধ করা হয়েছে। মন্ত্রণালয়, বিভাগ বা স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান যে পরিমাণ অতিরিক্ত অর্থ নিয়েছে অবিলম্বে তা সরকারি কোষাগারে জমা রাখতে বলা হয়েছে।

অর্থনীতিবিদরা বলছেন, মূল্যস্ফীতি কমিয়ে আনাতে বাংলাদেশ ব্যর্থ হওয়ার পেছনে অর্থনৈতিক কারণ ছাড়াও আরো নানা বিষয় প্রভাব ফেলেছে। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দেশে আওয়ামী লীগ বিভিন্ন নেতাকর্মীদের ব্যাপক আকারে অর্থ পাচার এবং রমজানের মধ্যেও বাজার সিন্ডিকেট দমনে ব্যর্থতা।

তারা বলছেন, দেশের ডলার ও রিজার্ভ সংকট থাকলেও সরকার নিজস্ব ব্যয় কমাতে পারেনি। উল্টো টাকা ছাপানোর মতো পদক্ষেপের কারণে বাজারে অর্থ সরবরাহ থাকায় মুদ্রাস্ফীতিজনিত মূল্যাস্ফীতি ব্যাপক আকার ধারণ করেছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী, ফেব্রুয়ারিতে বাংলাদেশের সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ৬৭ শতাংশে। জানুয়ারিতে এটি ছিল ৯ দশমিক ৮৬ শতাংশ। প্রায় এক বছরের বেশি সময় ধরে বাংলাদেশে মূল্যস্ফীতির এই উচ্চহার চলছে। বাজেটের মূল্যস্ফীতির বার্ষিক লক্ষ্যমাত্রা ৬ শতাংশ থেকে বাড়িয়ে করা হচ্ছে ৭ দশমিক ৫ শতাংশ। কিন্তু দেশের বাজেটের মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা কোনোভাবেই বর্তমান ৯ শতাংশের মূল্যস্ফীতির সাথে খাপ খাচ্ছে না।

অর্থবছরের লক্ষ্যমাত্রা অনুযায়ী মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হারও অর্জিত হওয়ার সম্ভাবনা নেই। আবার রাজস্ব আদায়ের চিত্রও নিম্নমুখী, লক্ষ্যমাত্রার চেয়ে প্রকৃত আদায়ে অনেক ঘাটতি। ঈদকে সামনে রেখে প্রবাসী আয় (রেমিট্যান্স) ও রপ্তানি আয় বাড়লেও ডলার সংকটের কারণে মুসলমানদের এ ধর্মীয় উৎসবের পরই তা কমে যাওয়া শঙ্কা রয়েছে।

জানা গেছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণের শর্ত সাপেক্ষে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমিয়ে আনা হয়েছে। চলতি ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধির হার ৭ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ৬ দশমিক ৫ শতাংশ করা হচ্ছে।

অর্থ বিভাগ সূত্র জানায়, সামষ্টিক অর্থনীতির এসব অবস্থা বিবেচনায় রেখে চলতি অর্থবছরের বাজেটের লক্ষ্যমাত্রাগুলোকে বাস্তবভিত্তিক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে অনুযায়ী এই অর্থবছরের বাজেটের আকার ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা থেকে কমিয়ে ৭ লাখ সাড়ে ১৪ হাজার কোটি টাকা করা হচ্ছে। অর্থাৎ সংশোধিত বাজেটের আকার ৪৭ হাজার ২৮৫ কোটি টাকা কমানো হয়েছে। শতকরা হারে কমেছে প্রায় ৬ দশমিক ২১ শতাংশ। আর মূল বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার ২ লাখ ৭৭ হাজার ৫৮২ কোটি টাকা থেকে কমিয়ে ২ লাখ ৪৫ হাজার কোটি টাকা করা হচ্ছে।

অনুদান ছাড়া চলতি অর্থবছরে বাজেট ঘাটতি ধরা হয়েছিল ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। সংশোধিত বাজেটে এ ঘাটতি ধরা হচ্ছে ২ লাখ ৩৬ হাজার কোটি টাকা। শতকরা হারে কমেছে ৯ দশমিক ৪৫ শতাংশ। জিডিপি আকারে তা দাঁড়িয়েছে প্রায় ৪ দশমিক ৭ শতাংশ, যা আগে ছিল ৫ দশমিক ২ শতাংশ। বিদেশি ঋণ ও অনুদান ১ লাখ ৬ হাজার টাকা থেকে কমে ৯০ হাজার টাকা করা হয়েছে। অভ্যন্তরীণ খাত থেকে ব্যাংক ঋণ ১ লাখ ৪০ হাজার কোটি টাকা। বাকি ৭ হাজার টাকা সঞ্চয় পত্র থেকে ঋণ নেওয়া হয়েছে।

মোট রাজস্ব আয় ৫ লাখ ৩ হাজার কোটি টাকা থেকে কমিয়ে ৪ লাখ ৭০ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়। রাজস্ব আয় কমানো হয়েছে ৩৩ হাজার ৯০০ কোটি টাকা।

অর্থনীতিবিদ এবং সাবেক অর্থ উপদেষ্টা ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বাংলা আউটলুককে বলেন, সরকারের সংশোধিত বাজেট যদি ৭ লাখ ১৪ হাজার কোটি টাকা ঠিক করা হয়, তাহলে তা বাস্তবসম্মতই হচ্ছে বলা যাবে না। দেখা যাবে অর্থ বছর শেষে তাও বাস্তবায়ন করা হবে না। তবে আগামী বাজেট যদি আট লাখ কোটি টাকা ছাড়িয়ে যায়, সেটি আবার উচ্চাভিলাষী হয়ে যাবে।

তিনি আরো বলেন, সরকারের মূল্যস্ফীতি কমানোর কৌশল কাজে আসছে না। মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা আরো বাস্তবসম্মত হওয়া উচিৎ।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন