মাতারবাড়ি টার্মিনালের অপারেটিং সিস্টেমের কাজ পাচ্ছে জাপানি প্রতিষ্ঠান
প্রকাশ: ২০ মার্চ ২০২৪, ০৬:৫৪ এএম
দেশের প্রথম গভীর সমুদ্রবন্দর মাতারবাড়ি উন্নয়ন প্রকল্পের প্যাকেজ টু এর আওতায় টার্মিনাল অপারেটিং সিস্টেম জন্য জাপানি প্রতিষ্ঠান ‘মিতসু অ্যান্ড এস মেশিনারি অ্যান্ড টেক ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম’ নিয়োগ পেতে যাচ্ছে।
বুধবার ক্রয়সংক্রান্ত মন্ত্রীসভার কমিটিতে নৌ মন্ত্রণালয়ের এই প্রস্তাব উত্থাপিত হবে।
প্রস্তাবটিতে বলা হয়েছে, জাপানি ঠিকাদার নিয়োগের মোট খরচ হবে ৭৯৯ কোটি টাকা। জাপান ইন্টান্যাশনাল কর্পোরেশনের (জাইকা) অর্থায়নে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অধীনে ২০২০ সালের ১৬ নভেম্বর মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর উন্নয়ন প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছিল।
জাপানি ‘মিতসু অ্যান্ড এস মেশিনারি অ্যান্ড টেক ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম’ টার্মিনাল অপারেটিং সিস্টেম এবং সিকিউরিটি সিস্টেম পরিচালনায় কাজ করবে। এছাড়া ঠিকাদার প্রতিষ্ঠানটি গ্যান্টি ক্রন, রিচ ইসস্টিকার, ট্র্যাক্টর হেড সংগ্রহ করে মাতারবাড়ির গভীর সমুদ্র বন্দরটির কার্যক্রম পরিচালনা করবে।
গত বছর দেশের প্রথম গভীর সমুদ্রবন্দর মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর পরিচালনায় নতুন কর্তৃপক্ষ গঠন করেছে সরকার। বন্দরের কার্যক্রমে গতি আনার জন্য এ কর্তৃপক্ষ গঠন করা হয়।
মাতারবাড়ি বন্দর উন্নয়ন প্রকল্পে ইতোমধ্যে প্রায় ২০০ কোটি টাকা ব্যয় করেছে চট্টগ্রাম বন্দর। নতুন কর্তৃপক্ষ গঠিত হলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে আর টাকা অর্থায়ন করতে হবে না। যে টাকা ব্যয় হয়েছে, সেটি মাতারবাড়ি বন্দরের কাছে ঋণ হিসেবে বিবেচিত হবে।
বন্দর সংশ্লিষ্টরা বলছেন, নতুন কর্তৃপক্ষ গঠিত হলে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের নির্মাণ কাজ দ্রুত শেষ হবে। কমে আসবে পরিচালন ব্যয় ও সময়; সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান।
চট্টগ্রাম বন্দর থেকে মাতারবাড়ি বন্দরের দূরত্ব সমুদ্রপথে ৩৪ নটিক্যাল মাইল। এই দূরত্ব পাড়ি দিয়েই চট্টগ্রাম বন্দরের কর্মকর্তারা বন্দর নির্মাণ সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করছেন। মাতারবাড়ি বন্দর উন্নয়ন প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১৭ হাজার ৮০৭ কোটি ৪৪ লাখ টাকা।
