Logo
Logo
×

অর্থনীতি

মান কমছে টাকার, বিদেশি ঋণ পরিশোধ ৩৯% বাড়াতে চায় ইআরডি

Icon

প্রকাশ: ২০ মার্চ ২০২৪, ০১:২৮ এএম

মান কমছে টাকার, বিদেশি ঋণ পরিশোধ ৩৯% বাড়াতে চায় ইআরডি

টাকার মান কমে যাওয়ার কারণে বিদেশি ঋণের আসল ও সুদ পরিশোধে ব্যয় বাড়াতে চাচ্ছে সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)। আগামী অর্থবছরে এ ব্যয় ৩৮ দশমিক ৯৫ শতাংশ বাড়াতে চাচ্ছে ইআরডি।

ইআরডি বলছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের( আইএমএফ) মুদ্রা স্পেশাল ড্রয়িং রাইটসের (এসবিআর) তুলনায় মার্কিন ডলারের দাম বেড়েছে। এছাড়া বাংলাদেশের আর্থিক হিসাবের বড় ধরনের ঘাটতির (৭ দশমিক ৬ বিলিয়ন ডলার) কারণে মার্কিন ডলার ও বৃটিশ পাউন্ডের দামও টাকার তুলনায় বেড়েছে।

সরকার বিদেশি ঋণ ও সুদ মার্কিন ডলার ও যুক্তরাষ্ট্রের পাউন্ডে পরিশোধ করে থাকে। সরকারের পক্ষে বিদেশি ঋণ ও সুদ পরিশোধের দায়িত্বে রয়েছে ইআরডি। পরিশোধের চাপ বাড়তে থাকায় সম্প্রতি অর্থ মন্ত্রণালয়কে আগামী বছরের ব্যয়সীমা ৪১ হাজার ৬০৭.০১ কোটি টাকা থেকে ৩৮ দশমিক ৯৫ শতাংশ, অর্থাৎ ১৬ হাজার ২০৫.৬৮ কোটি টাকা বাড়াতে চিঠি দিয়েছে ইআরডি।

ইআরডি সচিব মো. শাহ্রিয়ার কাদের ছিদ্দিকী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, বৈদেশিক ঋণ ব্যবস্থাপনা কার্যক্রমের অংশ হিসেবে ঋণের কিস্তি ও সুদ পরিশোধের বাধ্যবাধকতা রয়েছে। বিদেশি ঋণের মাধ্যমে বেশ কয়েকটি মেগা প্রকল্প বাস্তবায়ন করেছে সরকার। এসব প্রকল্প বাস্তবায়নের জন্য অধিক হারে বৈদেশিক ঋণ আহরণ করা হয়েছে। ফলে পরিশোধিত ঋণের পরিমাণ ক্রমান্বয়ে বাড়ছে। তাছাড়া নতুন ঋণের পরিশোধও ইতোমধ্যে শুরু হয়েছে।

বিদেশি ঋণের আসল ও সুদ পরিশোধে ২০২২-২৩ অর্থবছরে সরকারের ব্যয় হয়েছে ২৬ হাজার ৮০৩ কোটি টাকা। সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের প্রাক্কলন হলো, আগামী অর্থবছরে (২০২৪-২৫) এ বাবদ ব্যয় দাঁড়াবে ৫৭ হাজার কোটি টাকা। এর মধ্যে আসল ৩৬ হাজার ৫০০ কোটি এবং সুদ ২০ হাজার ৫০০ কোটি টাকা। দুই বছরের মাথায় বিদেশি ঋণ পরিশোধে সরকারের ব্যয় বেড়ে দ্বিগুণেরও বেশি হবে। ক্রমবর্ধমান পরিশোধের চাপ মাথায় রেখে আগামী অর্থবছরের বাজেট প্রণয়ন করতে হচ্ছে সরকারকে।

আইএমএফের মুদ্রার এসডিআরের সঙ্গে ডলার ও পাউন্ডের বিনিময় হার ও ডলারের সঙ্গে টাকার বিনিময় হারের তারতম্য এবং ডলার ও ইউরোর বেঞ্চমার্ক দর বৃদ্ধির কারণে বৈদেশিক ঋণের পরিমাণ বেড়ে যাচ্ছে। একই সঙ্গে বিভিন্ন আন্তর্জাতিক চাঁদা বা শেয়ার মূলধন বাবদ নির্দিষ্ট পরিমাণ অর্থ বৈদেশিক মুদ্রায় পরিশোধ করতে হয়। তাই আগামী ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে ইআরডির অনুকূলে নির্ধারিত ব্যয়সীমা বাড়ানোর দাবি করা হয় চিঠিতে।

চিঠির সঙ্গে শাহ্রিয়ার কাদের ছিদ্দিকীর সভাপতিত্বে সম্প্রতি অনুষ্ঠিত অর্থনৈতিক সম্পর্ক বিভাগের বাজেট ব্যবস্থাপনা কমিটির সভার কার্যবিবরণী সংযুক্ত করা হয়। এতে উল্লেখ রয়েছে, চলতি ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে ইআরডির অনুকূল উন্নয়ন, পরিচালন এবং বিশেষ কার্যক্রমে ব্যয় বাবদ মোট বরাদ্দ রাখা হয় ৩৭ হাজার ৮৩১ কোটি টাকা। আর আগামী অর্থবছরের জন্য বিদেশি ঋণের কিস্তি ও সুদ পরিশোধ বাবদ সরকারের প্রাক্কলন ও অন্যান্য ব্যয়ের জন্য ৪১ হাজার ৬০৭ কোটি টাকার মধ্যে আগামী বাজেট প্রণয়নে ইআরডিকে সীমারেখা নির্ধারণ করে দেয় অর্থ মন্ত্রণালয়।

কিন্তু ঋণের কিস্তি ও সুদ পরিশোধের বর্তমান ধারা ও আগামীর চাহিদা পর্যালোচনা করে ইআরডি বলছে, এ ব্যয়সীমার মধ্যে বাজেট প্রণয়ন সম্ভব নয়। কারণ বিদেশি ঋণ-সংক্রান্ত দায় ক্রমান্বয়ে বাড়ছে। আগামী বছরগুলোতে তা আরও বাড়বে।

ইআরডির তথ্য অনুযায়ী, বৈদেশিক ঋণের সুদ পরিশোধ বাবদ গত ২০২১-২২ অর্থবছরে সরকারের ব্যয় হয় ৪ হাজার ২২৪ কোটি টাকা। এর পরের অর্থবছর তা দ্বিগুণেরও বেশি বেড়ে দাঁড়ায় ৯ হাজার ৩৬৮ কোটি টাকা। চলতি ২০২৩-২৪ অর্থবছর এ খাতে বরাদ্দ রাখা হয়েছে ১২ হাজার ৩৭৬ কোটি টাকা। আগামী ২০২৪-২৫ অর্থবছর সুদ পরিশোধ বাবদ ব্যয়ের প্রাক্কলন করা হয়েছে ২০ হাজার ৫০০ কোটি টাকা। এর পরের দুই অর্থবছর এ ক্ষেত্রে ব্যয়ের প্রক্ষেপণ হচ্ছে যথাক্রমে ২১ হাজার ৩৭৫ কোটি এবং ২৪ হাজার ৫৭৬ কোটি টাকা।  

এদিকে ঋণের কিস্তি পরিশোধ বাবদ গত ২০২১-২২ অর্থবছর ব্যয় হয় ১৩ হাজার ১৬৬ কোটি টাকা। এর পরের অর্থবছর তা বেড়ে দাঁড়ায় ১৭ হাজার ৪৩৫ কোটি টাকা। চলতি ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে এ খাতে বরাদ্দ রাখা হয় ২৪ হাজার ৭০০ কোটি টাকা। আগামী ২০২৪-২৫ অর্থবছর কিস্তি পরিশোধ বাবদ ব্যয়ের প্রাক্কলন করা হয়েছে ৩৬ হাজার ৫০০ কোটি টাকা। এর পরের দুই অর্থবছর এ ক্ষেত্রে ব্যয়ের প্রক্ষেপণ হচ্ছে যথাক্রমে ৪১ হাজার ৩৫৯ কোটি এবং ৪৫ হাজার ৯৬০ কোটি টাকা।

বিদেশি মেগা প্রকল্পের ঋণ পরিশোধ

বিদেশি অর্থায়নে বেশ কিছু বড় প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। এর মধ্যে রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্প, মেট্রোরেল (লাইন-৬), হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, কর্ণফুলী টানেল, মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র, চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ ইত্যাদি।

পদ্মা রেল সংযোগ প্রকল্পের জন্য চীনের সঙ্গে বাংলাদেশের ২ দশমিক ৬৬৭ বিলিয়ন ডলারের ঋণ চুক্তি হয় ২০১৮ সালের ২৭ এপ্রিল। এই ঋণের পাঁচ বছরের গ্রেস পিরিয়ড শেষ হয়েছে গত বছর ২০২৩ সালের এপ্রিলে। গত অর্থবছর থেকে এ ঋণের আসলের কিস্তি পরিশোধ করছে বাংলাদেশ। ১৫ বছরে এই ঋণ পরিশোধ করতে হবে।

২০২৭ সাল থেকে রূপপুর পারমাণকি বিদ্যুৎ প্রকল্পের জন্য নেওয়া ১১ দশমিক ৩৮ বিলিয়ন ডলারের ঋণ পরিশোধ শুরু করবে বাংলাদেশ। ২০ বছর মেয়াদের এ ঋণের জন্য প্রতি বছর ৫০০ মিলিয়ন ডলারের বেশি আসল পরিশোধ করতে হবে।

ওই একই সময়ে মেট্রোরেল প্রকল্পের প্রথম পর্যায়ের ঋণের আসল পরিশোধও শুরু হবে। তখন বার্ষিক আসল পরিশোধ ৪ দশমিক ৫ বিলিয়ন ডলার থেকে ৫ বিলিয়ন ডলার হয়ে যাবে।

এর ফলে ২০২৫-২৬ অর্থবছর থেকে ২০২৬-২৭ অর্থবছরে আসল পরিশোধে আরও বড় উল্লম্ফন হবে।

সরকার ডিপিডিসি প্রকল্পের আওতায় পাওয়ার সিস্টেম নেটওয়ার্কের সম্প্রসারণ ও শক্তিশালীকরণের জন্য ২০১৯ সালের ৪ জুলাই চীনের কাছ থেকে ১ দশমিক ৪ বিলিয়ন ডলার ঋণ নেয়। এই ঋণের গ্রেস পিরিয়ড় আগামী জুনে শেষ হবে। ঋণ পরিশোধে বাংলাদেশ সময় পাবে ১৫ বছর।

এছাড়া বঙ্গবন্ধু টানেল প্রকল্পের জন্য নেওয়া ঋণ পরিশোধ শুরু হয়ে গেছে টানেলের আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই। এ প্রকল্পের ৪০৫ মিলিয়ান ডলার ঋণের গ্রেস পিরিয়ড শেষ হওয়ায় গত ২০২২ অর্থবছর থেকে আসল পরিশোধ শুরু হয়েছে।

রূপসা ৮০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওযার প্ল্যান্ট প্রকল্পের জন্য এডিবি থেকে নেওয়া ৪৫০ মিলিয়ান ডলার ঋণের গ্রেস পিরিয়ড শেষ হয়েছে গত আগস্টে।

এছাড়াও এডিবির আরও কয়েকটি বড় আকারের ঋণের গ্রেস পিরিয়িড শেষ হয়েছে। এর মধ্যে রয়েছে রেলওয়ে রোলিং স্টক অপারেশনস ইমপ্রুভমেন্ট প্রকল্পের জন্য নেওয়া ২৭৫ মিলিয়ন ডলার ঋণ, সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ) ট্রাঞ্চ-৩-এর জন্য নেওয়া ২২৫ মিলিয়ান ডলার ঋণ, সাউথ-ইস্ট ট্রান্সমিশন গ্রিড এক্সপ্যানশন প্রকল্পের জন্য নেওয়া ৩৫১ মিলিয়ান ডলার ঋণ এবং ফোর্থ প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের জন্য নেওয়া ৫০০ মিলিয়ান ডলারের ঋণ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর শেষে সরকারি ও বেসরকারি খাতে নেওয়া বিদেশি ঋণ দাঁড়িয়েছে ৯ হাজার ৬৫৫ কোটি মার্কিন ডলার, যা ২০১৫-১৬ অর্থবছরে ছিল ৪ হাজার ১১৭ কোটি ডলার। আট বছরের ব্যবধানে বিদেশি ঋণের পরিমাণ বেড়েছে দ্বিগুণেরও বেশি। বিদেশি ঋণের বড় অংশ (৭৭ শতাংশ) সরকারি খাতের। ঋণের দায় পরিশোধ চলমান সংকটে থাকা বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ আরও বাড়িয়ে দিচ্ছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ড. মইনুল ইসলাম বলেন, মেগা প্রকল্পের ওপর সরকারের বর্তমান মনোযোগের ফলে বৈদেশিক ঋণ পরিশোধের এই চাপ ক্রমাগত বাড়তে থাকবে; কারণ এসব প্রকল্প থেকে উল্লেখযোগ্য আয়ের সম্ভাবনা নেই। এসব ঋণের আসল পরিশোধ শুরু করার কারণে দেশ বড় আর্থিক বোঝার মুখে পড়তে পারে।

বিষেশজ্ঞদের মতে, গত অর্থবছর থেকে আর্থিক হিসাবে যে ঘাটতি দেখা দিয়েছে, সেটি আগের মতো উদ্বৃত্তে আনার পথে ঋণের আসল পরিশোধ বাধা হয়ে দাঁড়াতে পারে। একের পর এক বড় ঋণগুলোর গ্রেস পিরিয়ড শেষ হওয়ার কারণে আর্থিক হিসাবে আসল পরিশোধ আগামীতে বাড়তেই থাকবে।

তারা বলছেন, ঋণের আসল পরিশোধের চাপ মোকাবিলায় সরকারকে বৈদেশিক ঋণ পরিশোধের অর্থছাড় বাড়ানোর ওপর জোর দিতে দিবে। তবে আগামী বছরগুলোতে অর্থছাড় বাড়ানো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হবে বলে উল্লেখ করেন তারা।

অর্থনীতিবিদরা বলছেন, সংগত কারণে বাজেট সংকোচনমূলক করার সিদ্ধান্ত হয়েছে। কিন্তু অভ্যন্তরীণ রাজস্ব আহরণ বাড়ানোর জন্য গত এক দশকের বেশি সময় আলোচনার পাশাপাশি বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়ন সম্ভব হয়নি। এর ফলে সরকারের ওপর বিদেশি ঋণের দায় বেড়েছে, যা অর্থনৈতিতে সংকট তৈরি করেছে। তারপরও বাংলাদেশ এখন পর্যন্ত বিদেশি ঋণ পরিশোধে খেলাপি হয়নি। তবে আগামীতে সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে, এভাবে ঋণ নিয়ে সংকট আরও বাড়াবে নাকি রাজস্ব বাড়ানোর ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে।

অর্থনীতিবিদরা বলছেন, মোট দেশজ উৎপাদনের (জিডিপি) অনুপাতে বাংলাদেশের বিদেশি ঋণ এখনও সহনীয় পর্যায়ে আছে। এ হার প্রায় ২২ শতাংশ। তবে রপ্তানি আয়, প্রবাসী আয় ও বিদেশি বিনিয়োগ, অর্থাৎ বৈদেশিক মুদ্রার সরবরাহ বাড়ানোর পাশাপাশি সার্বিকভাবে রাজস্ব বাড়াতে না পারলে বিদেশি ঋণের দায় পরিশোধ অর্থনীতিতে বড় ধরনের সংকট তৈরি করতে পারে।

আইএমএফ সর্বশেষ ডেট সাসটেইনেবল অ্যানালাইসিস অনুযায়ী বাংলাদেশের বিদেশি ঋণ আন্তর্জাতিক মান অনুযায়ী কম ঝুঁকিতে রয়েছে।

অর্থনীতিবিদরা বলছেন, জিডিপি নয় বরং রাজস্ব আয়ের অনুপাতে ঋণ পরিস্থিতি বিশ্লেষণ করা প্রয়োজন। কারণ ঋণ পরিশোধে টাকা কিংবা ডলার প্রয়োজন। জিডিপির অনুপাতে বাংলাদেশের রাজস্ব আয়ের হার অত্যন্ত কম। রাজস্ব আয়ের অনুপাতে বাংলাদেশের ঋণ ৩৮০ শতাংশের মতো। সার্বিকভাবে ঋণের দায় পরিশোধ দেশের অর্থনীতিতে অন্যতম সংকট হিসেবে দেখা দিয়েছে।

অর্থ বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, অর্থনৈতিক ধীরগতি শিগগিরই কাটছে না– এমনটি ধরে নিয়ে চলতি ২০২৩-২৪ অর্থবছরে সরকারের ব্যয়ে প্রায়  ৮০ হাজার কোটি টাকা কাটছাঁট করে বাজেট সংশোধন হচ্ছে। একই সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অগ্রাধিকার দিয়ে মুদ্রানীতির সঙ্গে সমন্বয় রেখে আগামী ২০২৪-২৫ অর্থবছরেও সংকোচনমূলক বাজেট প্রণয়নের সিদ্ধান্ত হয়েছে। এর আলোকে নির্ধারিত ব্যয়সীমার মধ্যে থেকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগকে বাজেট প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন