Logo
Logo
×

অর্থনীতি

ইসলামী ব্যাংককে ধার দিয়ে বিপাকে সোনালী

Icon

প্রকাশ: ১৯ মার্চ ২০২৪, ০১:২৭ এএম

ইসলামী ব্যাংককে ধার দিয়ে বিপাকে সোনালী

নগদ অর্থ সংকটে থাকা ইসলামী ব্যাংক শরিয়াহভিত্তিক ব্যাংকিং নীতিমালা লঙ্ঘন করে সুদের বিনিময়ে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক থেকে ১ হাজার ৮০ কোটি টাকা ঋণ নিয়েছে। মেয়াদ শেষ হয়ে গেলেও ফেরত দিতে পারেনি সেই ঋণ। এর মধ্যে ৪৯১ কোটি টাকা সীমাতিরিক্ত ঋণ।

কেন্দ্রীয় ব্যাংকের উল্লেখযোগ্য সহায়তা সত্ত্বেও নগদ অর্থ সংকটে ভুগছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। উপায় না পেয়ে বাণিজ্যিক ব্যাংকের দারস্থ হয়েছে ব্যাংকটি। সেখানেও শুরু হয়েছে বিপত্তি। কারণ সময়মত ধার পরিশোধ করতে পারছে বাংলাদেশের সবচেয়ে বড় সেবরকারি ইসলামী ব্যাংক।

নগদ অর্থ সংকটে থাকা ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের শরিয়াহভিত্তিক ব্যাংকিং নীতিমালা লঙ্ঘন করে সুদের বিনিময়ে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক থেকে ১ হাজার ৮০ কোটি টাকা ঋণ নিয়েছে। মেয়াদ শেষ হয়ে গেলেও ফেরত দিতে পারেনি সেই ঋণ। বাধ্য হয়েই বোর্ড সভায় ১৪ দিনের জন্য সেই ঋণ নবায়ণ করেছে সোনালী ব্যাংক।

সোনালী ব্যাংকের ৮৫৮তম বোর্ড সভায় ১ হাজার ৩০ কোটি টাকা নবায়নের সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে ৪৯১ কোটি টাকা সীমাতিরিক্ত ঋণ। বৈঠকের কার্যবিবরণীতে সোনালী ব্যাংক বলেছে, ক্রেডিট রেটিং ও টলারেবল ক্লাসিফায়েড লোন রেটিংসহ ইসলামী ব্যাংকের আর্থিক অবস্থা সন্তোষজনক হওয়ায় কাউন্টার পার্টি ক্রেডিট লিমিটের বাইরে গিয়ে তারা এই ঋণ দিয়েছে। কাউন্টারপার্টি ক্রেডিট লিমিট হলো আন্তঃব্যাংকিং লেনদেনের ক্ষেত্রে ব্যাংকগুলোর ঋণসীমা।

তথ্যমতে, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে স্বল্প মেয়াদের ঘোষণার আমানত (এসএন্ডডি) খাতে দেওয়া ১ হাজার ৮০ কোটি টাকা মেয়াদপূর্তিতে সম্পূর্ণ মুনাফা ও আংশিক আসল ৫০ কোটি টাকা পরিশোধ করে। অবশিষ্ট আসল ১০৩০ কোটি টাকার মধ্যে ৮৮০ কোটি টাকা ১৩দিন ও ১৫০ কোটি টাকা ১৪দিন মেয়াদে ১১% মুনাফায় নবায়নের প্রস্তাব অনুমোদন করেছে সোনালী ব্যাংক।

পর্ষদের সিদ্ধান্তমতে, এসএন্ডডি খাতে দেয়া এই ঋণ আদায়ের বিষয়ে মেয়াদপূর্তির আগেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের (ইসলামী ব্যাংক) সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। এক্ষেত্রে মুনাফার পাশাপাশি আসল আদায়ে মাধ্যমে প্রতিষ্ঠানটিকে দেওয়া সীমাতিরিক্ত ঋণের পরিমাণ ক্রমান্বয়ে কমিয়ে আনতে হবে।

এই প্রক্রিয়া সংশ্লিষ্ট সোনালী ব্যাংকের কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে জানান, গত বছরের ২৬ ডিসেম্বর সোনালী ব্যাংকের ৮৫১তম পর্ষদ সভার কার্যবিবরণী অনুযায়ী, ইসলামী ব্যাংক ১০ দশমিক পাঁচ শতাংশ সুদের হারে ১৪ দিনের জন্য এই ঋণ নেয়। কিন্তু তারল্য সহায়তার মেয়াদ শেষ হলেও ইসলামী ব্যাংক এখনো পুরো টাকা পরিশোধ করতে পারেনি। নীতিমালা অনুযায়ী, শরিয়াহভিত্তিক ব্যাংকগুলো সুদ গ্রহণ বা পরিশোধ করতে পারে না।

বৈঠকে বলা হয়, শরিয়াহভিত্তিক ব্যাংকটি সাময়িক তারল্য সংকটে থাকায় দেশের সার্বিক ব্যাংকিং ব্যবস্থার স্বার্থে তাদের তারল্য সহায়তা দেওয়া হয়।

এ বিষয়ে জানতে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আফজাল করিমের সঙ্গে ফোনে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি। ইসলামী ব্যাংকের এমডি মুহাম্মদ মুনিরুল মওলার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকেও পাওয়া যায়নি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জানুয়ারি মাসে ইসলামী ব্যাংক বাংলাদেশের মোট ঘাটতি ছিল ৯ হাজার ৭১২ কোটি টাকা। এর মধ্যে চলতি হিসাবে নেতিবাচক ৩ হাজার ৬৪৭ কোটি টাকা এবং সিআরআর বাবদ ৬ হাজার ৬৫ কোটি টাকা। গত ১ জানুয়ারি ব্যাংকটির ঘাটতি ছিল ৫ হাজার ৮৯৩ কোটি টাকা।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন