Logo
Logo
×

অর্থনীতি

কোটিপতি বাড়লেও ধার করে খাদ্য কিনছে ৪০% পরিবার

Icon

প্রকাশ: ১৮ মার্চ ২০২৪, ১২:৫৫ এএম

কোটিপতি বাড়লেও ধার করে খাদ্য কিনছে ৪০% পরিবার

প্রতীকী ছবি

ব্যাংকে কোটি টাকা রয়েছে, এমন গ্রাহকের সংখ্যা বেড়েই চলেছে। অর্থাৎ, দিন দিন দেশে কোটিপতির সংখ্যা বাড়ছে। অন্যদিকে, জাতিসংঘের তথ্য বলছে, গেল ডিসেম্বর থেকে দেশের অন্তত ৪০ শতাংশ পরিবার ঋণ করে খাদ্য কিনছে। দেশে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও অর্থনৈতিক সংকটের মধ্যেও কোটিপতির সংখ্যা বাড়া নিয়ে নানা প্রশ্ন দেখা দিচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যমতে, ব্যাংক অ্যাকাউন্টে কোটি টাকা রয়েছে দেশে এমন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় এক লাখ ১৭ হাজার।

বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিয়ে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারিতে দেশের ৪৩ শতাংশ পরিবারকে ঋণ করে খাবার কিনতে হয়েছে। আর মোট জনসংখ্যার ১৭ শতাংশ ছিল খাদ্য নিরাপত্তাহীনতায়।

এর আগে, গত বছর ডিসেম্বরে ঋণ করে খাবার কিনতে হয় ৪০ শতাংশ পরিবারকে। ওই মাসে মোট জনসংখ্যার ১৫ শতাংশ ছিল খাদ্য নিরাপত্তাহীনতায়। তার আগের মাস নভেম্বরে ঋণ করে খাবার কিনতে হয় ৪২ শতাংশ পরিবারকে। আর মোট জনসংখ্যার ১৮ শতাংশ ছিল খাদ্য নিরাপত্তাহীনতায়।

এদিকে, ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিম্ন ও মধ্যবিত্তরা পিষ্ট। সাধারণ মানুষ এখন সংসারের ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন। ফলে ব্যাংকে টাকা জমানোর চেয়ে অনেকে আগের জমানো অর্থ ভেঙে খাচ্ছেন। এমন পরিস্থিতিতেও একটি শ্রেণির মানুষের আয় বেড়েছে। এরা হচ্ছে বিত্তশালী বা বড় প্রতিষ্ঠান।

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, ২০২৩ সালের ডিসেম্বর শেষে ব্যাংক খাতে মোট আমানতকারীর সংখ্যা ১৫ কোটি ৩৫ লাখ ৬০ হাজার ৯৩৭টি। এসব হিসাবে জমা আছে ১৭ লাখ ৪৯ হাজার ১৩২ কোটি টাকা। এর মধ্যে এক কোটি টাকার বেশি আমানত রয়েছে— এমন ব্যাংক হিসাবের সংখ্যা এক লাখ ১৬ হাজার ৯০৮টি। কোটি টাকার ওপরের এসব হিসাবে জমা আছে ৭ লাখ ৪১ হাজার ৪৬৬ কোটি টাকা। অর্থাৎ, দেশের ব্যাংকিং খাতের মোট আমানতের ৪২ দশমিক ৩৯ শতাংশ কোটি টাকার হিসাবধারীদের।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, কোটি টাকার হিসাব মানেই যে এতগুলো মানুষ কোটিপতি এমন নয়। কারণ ব্যাংকে এক কোটি টাকার বেশি অর্থ রাখার তালিকায় ব্যক্তি ছাড়াও অনেক প্রতিষ্ঠান রয়েছে। আবার ব্যক্তি ও প্রতিষ্ঠান কতটি ব্যাংক হিসাব খুলতে পারবে, তার কোনো নির্দিষ্ট সীমা নেই। ফলে এক প্রতিষ্ঠান বা ব্যক্তির একাধিক হিসাবও রয়েছে। এর মধ্যে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার কোটি টাকার হিসাবও রয়েছে।

এদিকে, গত বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) এক কোটি টাকার বেশি আমানতের ব্যাংক হিসাব ছিল ১ লাখ ১৩ হাজার ৫৮৬টি। ওই প্রান্তিকে এসব ব্যাংক হিসাবে জমা ছিল ৭ লাখ ২৫ হাজার ৫৫০ কোটি টাকা। অর্থাৎ, তিন মাসের ব্যবধানে (অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে) কোটি টাকার ব্যাংক হিসাবের সংখ্যা বেড়েছে ৩ হাজার ৩২২টি। একই সময়ে এসব হিসাবের বিপরীতে জমা টাকার পরিমাণ বেড়েছে ১৫ হাজার ৯১২ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত এক কোটি এক টাকা থেকে পাঁচ কোটি টাকার আমানতকারীর হিসাব সংখ্যা দাঁড়িয়েছে ৯২ হাজার ৫১৬টিতে। যেখানে জমা ছিল এক লাখ ৯৪ হাজার ৩৩৬ কোটি টাকা। পাঁচ কোটি ১ টাকা থেকে ১০ কোটির ১২ হাজার ৬৫২টি হিসাবে জমার পরিমাণ ৮৯ হাজার ৪৫১ কোটি টাকা। এছাড়া ১০ কোটি থেকে ১৫ কোটি টাকার হিসাবের সংখ্যা রয়েছে চার হাজার ৮২টি, ১৫ কোটি থেকে ২০ কোটির মধ্যে ২ হাজার ২টি, ২০ কোটি থেকে ২৫ কোটির মধ্যে এক হাজার ৩৪৫টি, ২৫ কোটি থেকে ৩০ কোটির মধ্যে রয়েছে ৯১২টি আমানতকারীর হিসাব। আর ৩০ কোটি থেকে ৩৫ কোটি টাকার মধ্যে ৫১২টি এবং ৩৫ কোটি থেকে ৪০ কোটির মধ্যে রয়েছে ৪৮০টি, ৪০ কোটি থেকে ৫০ কোটি টাকার হিসাব সংখ্যা ৭৩৮টি। তাছাড়া ৫০ কোটি টাকার বেশি আমানত রাখা হিসাবের সংখ্যা এক হাজার ৮১২টি।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, স্বাধীনতার পর ১৯৭২ সালে দেশে কোটিপতি আমানতকারী ছিল ৫ জন, ১৯৭৫ সালে তা ৪৭ জনে উন্নীত হয়। ১৯৮০ সালে কোটিপতি হিসাবধারীর সংখ্যা ছিল ৯৮টি। এরপর ১৯৯০ সালে ৯৪৩টি, ১৯৯৬ সালে ২ হাজার ৫৯৪ জন, ২০০১ সালে ৫ হাজার ১৬২টি, ২০০৬ সালে ৮ হাজার ৮৮৭টি এবং ২০০৮ সালে ছিল ১৯ হাজার ১৬৩টি।

২০২০ সালের ডিসেম্বর শেষে এ আমানতকারীর সংখ্যা দাঁড়ায় ৯৩ হাজার ৮৯০টি। ২০২১ সালের ডিসেম্বরে বেড়ে তা দাঁড়ায় ১ লাখ ১৯৭৬টিতে। ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত সেই হিসাবের সংখ্যা ছিল এক লাখ ৯ হাজার ৯৪৬টি। সবশেষ ২০২৩ সালের ডিসেম্বরে সেই হিসাবের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ১৬ হাজার ৯০৮টিতে।

এদিকে, বাংলাদেশে খাদ্য নিরাপত্তাহীনতা দীর্ঘমেয়াদী হচ্ছে। যে কারণে দেশের পুষ্টিবিদরা বলছেন, এমন পরিস্থিতি দীর্ঘমেয়াদে চললে ভবিষ্যতে নেতিবাচক ফল পেতে হবে। বিশেষ করে, শিশুরা অপুষ্টিতে ভুগছে। ফলে অতিমাত্রায় খর্বকায় শিশু দেখা যাবে। দেশে কর্মহীনতা বাড়বে। দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে জনমিতিক লভ্যাংশেও। দীর্ঘমেয়াদে খাদ্য নিরাপত্তাহীনতার কারণে মানুষের কার্যক্ষমতা কমে যাচ্ছে। আর কর্মক্ষম মানুষ কমে গেলে দেশের অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়বে। মানুষের মৌসুমকেন্দ্রিক আয়ের সুযোগ ক্রমশ বিপর্যস্ত হচ্ছে, বহুমুখী বিপদ খাবারের টেবিলে খাবারের পরিমাণকে বাধাগ্রস্ত করেছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর গত দুই বছর ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি রয়েছে। টানা ২৪ মাস মজুরির চেয়ে দেশের মূল্যস্ফীতি বেশি। মজুরির চেয়ে মূল্যস্ফীতি বেশি হলে অর্থনীতির শঙ্কা আরও বাড়ে।

এ ব্যাপারে অর্থনীতিবিদরা বলেছেন, উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের ক্রয়ক্ষমতা কমে যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে মানুষ কর্মচ্যুতও হচ্ছে। সব মিলিয়ে সঞ্চয় কমে গেছে, জীবনযাপনের ব্যয় বেড়ে গেছে। ফলে যেসব পণ্য না কিনলেই নয়, বিশেষ করে চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার জন্য মানুষ ঋণ করে কিংবা সঞ্চয় ভেঙে খেতে হচ্ছে।

প্রয়োজনীয় ছাড়াও মানুষ অন্যান্য পণ্যও কেনা কমিয়ে দিয়েছে। বিক্রি কমে যাওয়ায় শিল্প প্রতিষ্ঠানগুলোও বাধ্য হয়ে তাদের কর্মী ছাঁটাই করবে। তবে আমাদের মুদ্রানীতির কারণে এটা কিছুটা কমছে।

ডব্লিউএফপির প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারিতে তীব্র শীতের কারণে নিম্নআয়ের মানুষ বিশেষ করে দৈনিক মজুরিতে কাজ করা শ্রমিক, রিকশা ও ভ্যানচালকরা বেশিরভাগ দিন কাজে যেতে পারেননি। এছাড়া নারীপ্রধান পরিবারগুলোতে খাবার জোগানোর ক্ষেত্রে অক্ষমতা বেড়েছে। এ সময়ে পুরুষের তুলনায় নারী শ্রমিকরা তুলনামূলক কম বেতন পেয়েছেন। কিছু পরিবার তাদের আত্মীয়স্বজন কিংবা কাছের মানুষের কাছ থেকে আর্থিক সহায়তা নিয়ে চলতে হয়েছে বলে উঠে এসেছে জরিপে।

সংকটের কারণে প্রতি দশ পরিবারের মধ্যে সাতটি পরিবার জীবন-জীবিকা নির্বাহের ক্ষেত্রে কৌশলী অবস্থান নিয়েছে। কৌশলগুলোর মধ্যে রয়েছে টাকা ধার করে চলা, উৎপাদনশীল সম্পদ বিক্রি করে দেওয়া, খাদ্য কেনার জন্য ঋণ নেওয়া প্রধান হয়ে দাঁড়িয়েছে। যে কারণে মধ্যবিত্তের জন্য এটি আরও কঠিন হয়ে পড়ছে। আমরা মনেকরি পর্যাপ্ত খাবার ছাড়া পুষ্টিহীন একটি প্রজন্ম গড়ে ওঠার সম্ভাবনা বাড়ছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন