Logo
Logo
×

অর্থনীতি

দাম বেঁধে দেওয়ার কথা ‘জানেন না’ বিক্রেতারা, বাজার চড়া

Icon

প্রকাশ: ১৭ মার্চ ২০২৪, ০৪:২৮ এএম

দাম বেঁধে দেওয়ার কথা ‘জানেন না’ বিক্রেতারা, বাজার চড়া

ফাইল ছবি।

রমজান মাসে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে শুক্রবার সরকারের বেঁধে দেওয়া দামে বিক্রেতারা পণ্য বিক্রি করছেন না বিক্রেতারা। ঢাকার বাইরে রংপুরে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করার অভিযোগে তিন খেঁজুর ব্যবসায়ীকে জরিমানা করা হলেও শনিবার ঢাকাসহ অন্যান্য শহরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কোনো অভিযান দেখা যায়নি। ঢাকা শহরের বেশিরভাগ কাঁচা বাজারের বিক্রেতারা জানেনই না যে সরকার মাছ-মাংসসহ কৃষিপণ্যের দাম বেঁধে দিয়েছে। রমজান মাস উপলক্ষে মাছ-মাংসসহ ২৯ পণ্যের দাম বেঁধে দিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। শুক্রবার থেকেই বেঁধে দেওয়া দাম নিশ্চিতে কাজ করার কথা বিভিন্ন সংস্থার।

বেঁধে দেওয়া দাম অনুসারে প্রতি কেজি গরুর মাংসের সর্বোচ্চ খুচরা মূল্য ৬৬৪ টাকার মধ্যে হওয়ার কথা। শনিবার বিকেলে গোপীবাগ বাজারে গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকা দরেই বিক্রি করতে দেখা গেছে। জানতে চাইলে মৌলভী নামে মাংসের দোকানে নজরুল ইসলাম বাংলা আউটলুককে বলেন, কৃষি বিপণন অধিদপ্তরের দাম ঠিক করে দেওযার ব্যাপারে আমরা কিছুই জানি না। আমাদের দোকান মালিক সমিতি থেকেও কিছু জানানো হয়নি। প্রতিবছর রোজার আগে মাংসের দাম দুই সিটি করপোরেশন থেকে বেঁধে দিতো। এবার সেটাও দেয়নি। তাই ৬৬৪ টাকায় গরুর মাংস বিক্রি করার প্রশ্নই ওঠে না।

সেই গোপীবাগের ছোট কাঁচা বাজারে মুরগির দোকানে প্রতি কেজি ব্রয়লার মুরগি ২২০ টাকা এবং সোনালী মুরগি ৩০০ টাকা দরে বিক্রি করতে দেখা যায়। যেখানে বেঁধে দেওয়া দাম ব্রয়লারের ১৭৫ টাকা ও সোনালি মুরগির ২৬২ টাকা। বেধে দাওয়া দামের কোনো মূল্য তালিকা দেখা যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে মুরগি বিক্রেতা রুহুল গাজি বলেন, দাম বেঁধে দিলে কী হবে। আমরা তো মুরগি ঘর থেকে এনে বিক্রি করছি না। আগে আড়তে দাম কমান, তারপর খুচরায় এমনিতে কমে আসবে।

যদিও নতুন এ দাম তিনটি স্তরে নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। একটি পণ্য উৎপাদক পর্যায়ে সর্বোচ্চ দাম, পাইকারি বাজারে এবং ভোক্তা পর্যায়ে খুচরা দাম নির্ধারণ করা হয়েছে।

কারওয়ান বাজারে সবজি, মাছ-মাংসসহ অন্যান্য পণ্যের পাইকারি বাজারেও খোঁজ নিয়ে জানা গেছে, এ নির্দেশনার কোনো প্রভাব তো পড়েনি। এমনকি বিষয়টি কেউ জানে না। বাজারে সব পণ্যের দাম আগের মতোই চড়া। মাছের মধ্যে চাষের পাঙাশের খুচরা দাম ১৮১ টাকা নির্ধারণ করা হলেও বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি।

কারওয়ান বাজারের একজন পাইকারী ব্যবসায়ী জানান, সরকার এমন একসময় খেজুরের দাম নির্ধারণ করেছে, যখন রমজান শুরু হয়ে গেছে। তাতে বাজারে বেঁধে দেওয়া দামের প্রভাব পড়ার সম্ভাবনা কম।

কৃষি বিপণন অধিদপ্তরের বেঁধে দেওয়া দাম অনুযায়ী, পাইকারী বাজারে ছোলার দাম সর্বোচ্চ সাড়ে ৯৩ টাকা এবং খুচরা পর্যায়ে ৯৮ টাকা দরে বিক্রি করা যাবে। মসুর ডালের খুচরা পর্যায়ে ১৩০ টাকা ৫০ পয়সা এবং মোটা দানার মসুর বিক্রি হবে ১০৫ টাকা ৫০ পয়সায়। খেসারি ডালের খুচরায় সর্বোচ্চ দাম হবে ৯৩ টাকা। এছাড়া মাসকলাই ১৬৬ টাকা ৫০ পয়সা এবং মুগডাল খুচরা বাজারে সর্বোচ্চ ১৬৫ টাকা দাম নির্ধারণ করা হয়েছে। সেখানে শনিবার মুদি দোকানে প্রতি কেজি ছোলা ১২ টাকা, মসুর ডাল ১০ টাকা, খেসারি ১৭ টাকা বেশি দামে বিক্রি হতে দেখা গেছে।

এছাড়া প্রতিকেজি দেশি পেঁয়াজের দাম নির্ধারণ করা হয়েছে ৬৫ টাকা, যা এখন বাজারে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজ বিক্রেতারা বলছেন, পেঁয়াজের দাম আর কমবে না। এক সময় পেয়াজের দাম প্রতি কেজি ছিল ১৩০ থেকে ১৪০ টাকা। রসুন ১২০ টাকা ও আদা ১৮০ টাকা দরে বিক্রি হওয়ার কথা থাকলেও কিনতে হচ্ছে যথাক্রমে ৪০ টাকা ও ২০ টাকা বেশিতে। তবে বাজার নিম্নমুখী থাকায় কাঁচা মরিচ ৬০ টাকায় খুচরা বাজারে কিনতে পারছেন ক্রেতারা। কোনো কোনো দোকানে ২৫০ গ্রাম ২০ টাকায়ও বিক্রি হচ্ছে।

অন্যদিকে, সবজির মধ্যে বাঁধাকপি ও ফুলকপি ৩০ টাকা, প্রতিকেজি বেগুন ও সিম ৫০ টাকা ও আলু সাড়ে ২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া প্রতি কেজি টমেটো ৪০ টাকা, মিষ্টি কুমড়া ২৪ টাকা খুচরা মূল্য বেঁধে দিয়েছে সংস্থাটি। তবে ফুলকপি ও বাঁধাকপি ৪০ টাকা এবং বেগুন সিম ৭০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।

বাজারে প্রতি কেজি জাহেদি খেজুর বা বাংলা খেজুর ১৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ও এ নিত্যপণ্যের দাম বেঁধে দিয়েছিল। সে সময় খুচরা বাজারে অতি সাধারণ ও নিম্নমানের খেজুরের কেজিপ্রতি দাম হবে ১৫০ থেকে ১৬৫ টাকা এবং বহুল ব্যবহৃত জাহেদি খেজুরের প্রতি কেজির দাম ১৭০ থেকে ১৮০ টাকার মধ্যে থাকতে হবে বলে বিজ্ঞপ্তি দেয় সংস্থাটি।

তবে, বাজারে এখনো ২৫০ টাকার নিচে কোনো সাধারণ খেজুর মিলছে না। জাহেদি খেজুর বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৪০০ টাকা দরে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন