Logo
Logo
×

অর্থনীতি

সরকার নির্ধারিত দামে মেলে না কোনো পণ্য

Icon

প্রকাশ: ১৬ মার্চ ২০২৪, ০৩:০৯ এএম

সরকার নির্ধারিত দামে মেলে না কোনো পণ্য

ফাইল ছবি

নিত্যপণ্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেলে ঘটা করে মাঠে নামে নিয়ন্ত্রক সংস্থাগুলো। লোক দেখানো দাম নির্ধারণ করে বাণিজ্য মন্ত্রণালয়। একইভাবে চিনি, পেঁয়াজ, খেজুর ও সয়াবিন তেলের দাম বেঁধে দেয় সরকার। কিন্তু বাজারে তা কার্যকর হওয়া তো দূরের কথা, দাম আরও বেড়েছে। এমন অবস্থায় ভোক্তাদের প্রশ্ন, কেন বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে সরকার।

কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও সাধারণ ক্রেতারা বলছেন, বাণিজ্য মন্ত্রণালয়ের নিত্যপণ্যের দাম কমানোর কোনো উদ্যোগই কাজে আসছে না। বিফলে যাচ্ছে ভারত থেকে নিত্যপণ্য আনার পদক্ষেপ, শুল্ক কমানো, কম টাকায় দরিদ্র জনগোষ্ঠীকে পণ্য বিতরণ কার্যক্রম।

নিয়োগ পাওয়ার পর বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু গণমাধ্যমকে বলেন, তিনি বাজারে কোনো ধরনের সিন্ডিকেট রাখবেন না। কেউ সিন্ডিকেট শব্দটা আর ব্যবহার করবে না। কিন্তু কয়েকদিন পরেই সেই আগের কথা থেকে সরে এসে বলতে শুরু করেন, সিন্ডিকেট ভাঙা সম্ভব নয়। রমজান মাসে এসে বলতে শুরু করেন, এ বছর রমজান মাসে নিত্যপণ্যের দাম কমাতে না পারলেও আগামী বছর নিত্যপণ্যের দাম কমানো ব্যবস্থা করব। 

এদিকে শুক্রবার এক সরকারি সার্কুলারে অবশ্য পবিত্র রমজান মাস উপলক্ষে মাছ-মাংসসহ ২৯টি নিত্যপণ্যের দাম বেঁধে দিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই দাম অনুযায়ী পণ্য বিক্রি নিশ্চিত করতে কাজ করবে সরকারের বিভিন্ন সংস্থা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কৃষি বিপণন আইন ২০১৮ এর ৪ (ঝ) ধারার ক্ষমতা বলে কৃষি বিপণন অধিদপ্তর কৃষি পণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণ করেছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ দামেই  বাজারে ২৯টি পণ্য হয় সেই সরকারী প্রতিষ্ঠানগুলো যথাযোগ্য ব্যবস্থা নেবে। বাজারে এসব কৃষি পণ্যের দামের বিষয়টি কীভাবে মনিটরিং করবে তার কোনো সঠিক ব্যাখ্যা নেই।

বাজারে রোজায় ক্রেতার খেজুরের চাহিদা যখন তুঙ্গে, দামও ইচ্ছেমতো হাঁকিয়ে বিক্রি করছেন ব্যবসায়ীরা। শুল্ক কমানো হলেও কমেনি দাম। কেজিতে বেড়ে গেছে ৪০ শতাংশের বেশি।

ব্যবসায়ীরা বলছেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) খেজুরসহ বিদেশি ফলে সর্বনিম্ন আমদানি মূল্য বাড়িয়ে ধরছে; যার প্রভাব পণ্য মূল্যে পড়ছে।

গত ১১ মার্চের বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুসারে, সাধারণ মানের খেজুরের কেজি ১৫০-১৬৫ টাকা এবং জাইদি খেজুরের কেজি ১৭০ থেকে ১৮০ টাকার মধ্যে বিক্রির কথা থাকলেও বাজারে মিলছে না সেই দামে। ক্রেতারা বলছেন, শুধু দাম বেঁধে দিলেই চলবে না। করতে হবে নিয়মিত বাজার মনিটরিংও।

এদিকে, গত মাসে বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করে দেয় সরকার। কিন্তু সেই দামের তেল আসছে না বাজারে। মিলে তদারকি আর লোক দেখানো অভিযানে কোনো সুফল পাওয়া যাচ্ছে না।

বাণিজ্য প্রতিমন্ত্রীর ঘোষণা ছিল ১ টাকাও দাম বাড়বে না চিনির কেজিতে। কিন্তু বাস্তবে তারও অস্তিত্ব নেই। ক্রেতারা বলেন, কোনো নির্দেশনা মানছেন না ব্যবসায়ীরা। যে যার মতো পারছে দাম বাড়াচ্ছে। লাগামহীনভাবে চলছে বাজার।

গত বছরের সেপ্টেম্বরে প্রতি কেজি পেঁয়াজের দাম নির্ধারণ করা হয় ৬৪ টাকা। কিন্তু ২০২৪ সালের শুরুতে দাম ঠেকে ১৩০ টাকায়। এ পরিস্থিতিতে ভোক্তাদের প্রশ্ন, দাম নির্ধারণ করে তা কার্যকরে বারবার কেন ব্যর্থ বাণিজ্য মন্ত্রণালয়?

বৃহস্পতিবার সচিবালয়ে ভোক্তা দিবস উৎযাপনের এক সংবাদ সম্মেলনে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, পাইকারী পর্যায়ের খেজুরসহ অনেক পন্যের রশিদ রাখা বাধ্যতামূলক করা হয়েছে।

তিনি আরো বলেন, বড় বড় কোম্পানিগুলোর সুপারসপে ২৯ টাকায় আলু থাকে, কিন্তু আমরা কী করি- খোলা বাজারে গিয়ে ৩৫ টাকায় আলু নিয়ে দরকষাকষি করে থাকি। এর আগেও বাণিজ্য মন্ত্রী একই কথা বলেছেন। পাইকারী পর্যায়ের পণ্যের রশিদ রাখতে বলেছিলেন ব্যবসায়ীরা সরকারের সেই কথা শোনেননি।

পাইকারী পর্যায় থেকে খুচরা বিক্রেতারা রমজানের মাসে দাম বাড়িয়ে গেছে সরকার কিছুই করতে পারেনি। এজন্য বড় ধরনের  রাজনৈতিক পলিসি গ্রহণ করতে হবে। তার ফলে ব্যবসায় কিছুটা হলেও সরকারি আদেশ-নিষেধ মেনে চলার কার্যকলাপ দেখাবে।

দেশে বর্তমানে কোনো ব্যবসা সিন্ডিকেটের বাইরে নেই অভিযোগ করে কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান বাংলা আউটলুককে বলেন, একেক সময় একেক সিন্ডিকেট সক্রিয় হয়ে ভোক্তাদের কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। রমজানের সময় টাকা হাতিয়ে নেওয়ার মোক্ষম সময়।

তিনি বলেন, রমজান মাসের সব ধরনের ভোক্তা, বিশেষ করে নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত ভোক্তারা কঠিন সময় পাড় করছে। ভোক্তাদের নাভিশ্বাস দিন দিন বাড়ছে। একদিকে সরকার বলছে- দেশে খাদ্যপণ্যের যথেষ্ট মজুদ আছে, দাম বৃদ্ধি পাওয়ার কোনো যৌক্তিকতা নেই। কিন্তু নিত্যপণ্যের দাম বাড়িয়ে সরকারের সব ধরনের উদ্যোগকে ব্যর্থ করে দিচ্ছে।

তিনি আরো বলেন, বাজারে পণ্যের দাম বৃদ্ধির কারণ হিসেবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ, রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ, এলসি সংকট, আন্তর্জাতিক বাজারে পণ্যমূল্য বৃদ্ধিসহ বিভিন্ন কথা অসাধু ব্যবসায়ী বারবার বলে আসছেন। আর এর আড়ালে বাজার কারসাজি বা সিন্ডিকেট তৈরি করে পণ্যের দাম বৃদ্ধি করছে তারা।

এদিকে বাজারের ক্রেতারা বলছেন, ব্যবসায়ীরা সরকারকে পাঁচ পয়সা দাম দেয় না। সেহেরা খাতুন নামে একজন বলেন,  সবচেয়ে খারাপ অবস্থা আছে মধ্যবিত্তরা। তারা না চাইতে পারে, না গিলতে পারে, না খাইতে পারে। আবার কোনো কিছু ফেলতেও পারে না। এই অবস্থার মধ্যে আছে দেশের মধ্যবিত্ত।

তিনি আরো বলেন, ২৮০ টাকার মুরগী এখন চাচ্ছে ৩২০ টাকা। সরকার এ রমজানের সময়ে বাজারে পণ্যের দাম নির্ধারণ করল। সাধারণ মানুষ কি সেই দামে পাচ্ছে?

বাজার করতে আসা মুজিব নামে এক ব্যক্তি বলেন, অন্য দেশে রমজান মাসে নিত্যপণ্যের দাম কমানো হয়, কিন্তু  আমাদের দেশে ঠিক উল্টা হয়ে থাকে। এখানে দাম বেড়ে যায়। আজকে আমি ঠাটারী বাজার থেকে দুইটা ইলিশ কিনেছি, দাম নিয়েছে ৩৬০০ টাকা। কিন্তু দুই ইলিশের দাম এক কেজির কম হবে।

একজন পুলিশ কনস্টেবল বলেন, আমার আয়ের সাথে বাজারের নিত্যপণ্যের দামে কোনভাবেই মেলানো যায় না।  যদিও সরকার আমাদের বেতন বাড়িয়েছে। আমরা কি সরকারের কাছে আমার আয় বাড়ানো কোন আবেদন করব? বুঝতে পারছি না।

চাল বিক্রেতা রহমত আলী বাংলা আউটলুককে বলেন, বিক্রেতারা সরকারের নিয়মকানুন না মেনে দাম হাকিয়ে যাচ্ছে। তারাই তো অনিয়ম করে নিত্যপণ্যের দাম বাড়াচ্ছে। এ দেশের স্বাধীনতার পঞ্চাশ বছর পর বাণিজ্য মন্ত্রণালয় এখন প্রতি কেজি নিত্যপণ্যের দাম কত হবে তা নির্ধারণ করতে পারলো না।

তিনি আরও বলেন, ভ্রাম্যমাণ আদালত কয়েক দিন আগে আমার দোকানে বিশ হাজার টাকা জরিমান করেছে। এরাই পাশে দোকানে গিয়ে দুই হাজার টাকা জরিমানা করেছে। কেন সেই দোকানে এই জরিমানা করা হলো এ বিষয়ে সরকারি কর্মকর্তা বলেন- সবাইকে যখন জরিমানা করেছি আপনাকে দিতে হবে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন