অর্থ সংকট ও ডলারের অভাবে দেশি ও বিদেশি বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া পরিশোধ করতে পারছে না সরকার। ফলে সরকারি-বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া দিন দিন বেড়েই চলেছে। সব মিলিয়ে এই বকেয়া ৬০ হাজার কোটির ঘরে উঠতে যাচ্ছে।
এতো বড় অঙ্কের বকেয়ার বোঝা আগে কখন দেখেনি সরকারের বিদ্যুৎ বিভাগ। তাই গরমে বিদ্যুৎ সরবরাহ নিয়ে আশঙ্কায় রয়েছে প্রতিষ্ঠানটি। এর বাইরে আরও কিছু খাতে বকেয়া রয়েছে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের।
বিশেষজ্ঞরা বলছেন, বকেয়া বাড়তে থাকলে জ্বালানি সরবরাহকারীদের আস্থা কমতে থাকে। তারা দীর্ঘমেয়াদি সরবরাহ চুক্তি করতে আগ্রহী হয় না। জ্বালানি সরবরাহে তারা গড়িমসিও করে। বকেয়া দিতে দেরি হলে চুক্তি অনুযায়ী জরিমানাও দিতে হয়। ব্যাংকগুলো নতুন আমদানির ঋণপত্র খোলার ফি বাড়িয়ে দেয়।
সম্প্রতি অর্থ বিভাগকে এ সংক্রান্ত এক চিঠি পাঠিয়েছে বিদ্যুৎ বিভাগ। বিশাল আকারের বকেয়া কীভাবে সামাল দেবে তা নিয়ে সংশয় রয়েছে। তবে অর্থ বিভাগ বিল পরিশোধের দায় এড়াতে বিদ্যুতের বকেয়া ভর্তুকি বন্ডে রূপান্তর করতে শুরু করেছে। চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ১০ হাজার ৫৯৯ কোটি টাকা ভর্তুকি আর বকেয়া বিভিন্ন ঋণের বিপরীতে বন্ড আকারে সরকারি ও বেসরকারি ব্যাংকের কাছে বিক্রি করেছে অর্থ বিভাগ।
অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদারকে পাঠানো চিঠিতে বিদ্যুৎ বিভাগের উপসচিব সাইফুর ইসলাম আজাদ বিদ্যুৎ বিভাগের বকেয়া বিলসহ ভর্তুকির টাকা দ্রুত পরিশোধ করার অনুরোধ করেছেন। মোট বকেয়া বিল পরিমাণ দাঁড়িয়েছে ৫৯ হাজার ৫০৬ কোটি ৯৯ লাখ টাকা।
চিঠিতে বলা হয়েছে, ২০২৪ সালের জানুয়ারি মাস পর্যন্ত সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং আদানিসহ ভারত থেকে বিদ্যুৎ আমদানির বকেয়া বিল ৪২ হাজার ৭০৭ কোটি ১৬ লাখ টাকায় গিয়ে ঠেকে। এছাড়াও সরকারি বিদুৎ উৎপাদন প্রতিষ্ঠান এবং আমদানি নির্ভর কয়লাভিত্তিক বিদুৎকেন্দ্রগুলোর অপরিশোধিত বিলের পরিমাণ দাঁড়িয়েছে ১৬ হাজার ৭৯৯ কোটি ৮৩ লাখ টাকায়।
রমজান মাসে সেচ ও গ্রীষ্ম মৌসুমে নিরবিচ্ছন্ন বিদ্যুৎ ভর্তুকির পরিমাণ বাকি আছে মাত্র ১৭ হাজার ৭০১ কোটি টাকা । ২০২৩-২৪ অর্থ বছরের বাজেটে মোট ভর্তুকির পরিমাণ ছিল ৩৫ হাজার কোটি টাকা। এদিকে বিদ্যুৎ বিভাগের ভর্তুকি বাবদ র্মাচ মাসে ৪ হাজার কোটি টাকা, এপিল মাসে ৪ হাজার ৫০০ কোটি টাকা, মে মাসে ৪ হাজার ৫০০ কোটি টাকা এবং জুন মাসে দেওয়ার কথা আছে ৪ হাজার ৭০১ কোটি টাকা।
২০২৪ সালের র্মাচ মাসে ৪ হাজার কোটি টাকা চেয়েছে বিদ্যুৎ বিভাগ। ভারতের ঝড়খান্ডের আদানি পাওয়ার লিমিটেডের ১ হাজার ৫০০ কোটি, অর্থাৎ ৩০০০ কোটি টাকা জরুরিভিত্তিতে ভর্তুকি হিসেবে ছাড়ের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিতে অনুরোধ করেছে বিদ্যুৎ বিভাগ।
এদিকে, মার্চে গরমের মৌসুম শুরু থেকেই বিদ্যুৎকেন্দ্র চালাতে বাড়তি জ্বালানির প্রয়োজন হবে। আমদানি বাড়াতে হবে গ্যাস, কয়লা ও জ্বালানি তেলের। তবে মার্চ মাসের মাঝামাঝিতেই বৃষ্টি শুরু হয়েছে। বিদ্যুৎ বিভাগের নীতি-নির্ধারকরা চায় পুরো গরমকালে এবার বৃষ্টি থাকুক। কারণ টাকার অভাব ও ডলার সংকটের মধ্যে বিদ্যুৎকেন্দ্রের জন্য পর্যাপ্ত জ্বালানি আমদানি করা যাবে কি-না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। জ্বালানির অভাবেই গত বছর গরমে বিদ্যুৎকেন্দ্র প্রয়োজন অনুযায়ী চালানো সম্ভব হয়নি। এতে ঢাকায় দিনে ২ থেকে ৩ ঘণ্টা এবং গ্রামে ৮ থেকে ১০ ঘণ্টাও লোডশেডিং করতে হয়েছিল।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সংবাদমাধ্যমকে বলেছেন, কিছু সমস্যা আছে, তা সমাধান করার চেষ্টা করা হচ্ছে। কিছু কিছু করে ডলার পাওয়া যাচ্ছে, যা দিয়ে বকেয়া শোধ করা হচ্ছে। বাকিটা অর্থ বিভাগের সঙ্গে আলোচনা করে সমাধান করা হবে।
তিনি বলেন, সরকার বন্ড দিয়ে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের বকেয়া কিছুটা পরিশোধের ব্যবস্থা করেছে। বিদেশি পাওনা পরিশোধে তো ডলার লাগবে।
পলিসি রির্সাচ ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআরআইসি) নির্বাহী পরিচালক ড আহসান এইচ মনসুর বাংলা আউটলুককে বলেন, বিদেশিদের সঙ্গে বিদ্যুৎ আমদানির চুক্তিগুলো আরো সর্তকভাবে করা উচিৎ ছিল। প্রতি ইউনিট বিদ্যুৎ বেশি দিয়ে দিলে আমাদের তো ডলারে শোধ করতে গেলে ডলারের পরিমাণ বেশি লাগবেই।
তিনি আরও বলেন, সরকারের বিদ্যুৎ খাতের ঋণগুলো বন্ডে রূপান্তর করলে ব্যাংকগুলো তো ভালোভাবে নিতে পারছে না । বিদ্যুৎ খাতে বিল নিয়ে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা দরকার।
