Logo
Logo
×

অর্থনীতি

এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে পদ্মা ব্যাংক

Icon

ইউএনবি

প্রকাশ: ১৫ মার্চ ২০২৪, ১২:২৯ এএম

এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে পদ্মা ব্যাংক

কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তে এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হতে যাচ্ছে ঋণে জর্জরিত চতুর্থ প্রজন্মের পদ্মা ব্যাংক। বৃহস্পতিবার শরিয়াহভিত্তিক এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় পদ্মা ব্যাংক অধিগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার বলেন, ‘আমরা ইতোমধ্যে এমওইউ’র (সমঝোতা স্মারক) খসড়া চূড়ান্ত করেছি, যা আগামী ১৮ মার্চ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের উপস্থিতিতে সই হবে।’

একীভূতকরণের বিষয়ে জানতে চাইলে পদ্মা ব্যাংকের চেয়ারম্যান আফজাল করিম বলেন, বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এখনো কোনো তারিখ চূড়ান্ত হয়নি। চূড়ান্ত সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানান তিনি।

এ বিষয়ে এখন বাংলাদেশ ব্যাংকের আনুষ্ঠানিক অনুমোদন নিতে হবে বলে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ধাপে ধাপে একীভূত হবে।

বাংলাদেশ ব্যাংকের ‘ব্যাংক হেলথ ইনডেক্স অ্যান্ড হিট ম্যাপ’ শীর্ষক প্রতিবেদনে দেশের মোট ৩৮টি ব্যাংককে দুর্বল ব্যাংক হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এর মধ্যে ১২টি ব্যাংকের অবস্থা খুবই খারাপ এবং ৯টি ব্যাংক ইতোমধ্যেই রেড জোনে চলে গেছে। বাকি ৩টি ইয়েলো জোনে অবস্থিত, অর্থাৎ রেড জোনের খুব কাছাকাছি।

ব্যাংকগুলোর স্বাস্থ্য নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা বিভাগের মিডিয়া প্রতিবেদনের পরে দুর্বল ব্যাংকগুলো তাদের গ্রাহক ও আমানতকারীদের কাছ থেকে প্রশ্নের মুখোমুখি হচ্ছে।

২০১৩ সালে প্রতিষ্ঠিত ফারমার্স ব্যাংকের নতুন নামকরণ করা হয় পদ্মা ব্যাংক। ঋণে জর্জরিত হয়ে পড়ায় এবং ব্যাপক আর্থিক অনিয়মের কারণে কার্যক্রম শুরুর তিন বছরের মধ্যেই মুখ থুবড়ে পড়ে। এরপর ২০১৯ সালে বাংলাদেশ ব্যাংক ফারমার্স ব্যাংকের নাম পরিবর্তন করে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন