এস আলমের কাছ থেকে আট হাজার মেট্রিক টন চিনি কিনছে সরকার। প্রতি কেজি ১৩৪ টাকা ৫০ পয়সা দরে এই চিনি কিনতে ব্যয় হবে ১০৭ কোটি ৬০ লাখ টাকা।
জানা গেছে, রমজানে টিসিবির ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের এক কোটি পরিবারের কাছে ভর্তুকি মূল্যে চিনি সরবরাহ অব্যাহত রাখতে অভ্যন্তরীণ বাজার এই পরিমাণ চিনি কিনবে রাষ্ট্রায়ত্ত সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সরাসরি ক্রয় পদ্ধতিতে এ চিনি সরবরাহ করবে এস আলম রিফাইনড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
বৃহস্পতিবার (১৩ মার্চ) অনুষ্ঠেয় সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সরকারি মিলে দাম বেশি হওয়ায় বেসরকারি মিল থেকে কিনতে হচ্ছে চিনি। এর আগে চিনি সংগ্রহের জন্য দরপ্রস্তাব আহ্বান করার পরও কোনো সাড়া পাওয়া যায়নি এবং দাম বেশি উল্লেখ করায় দরপ্রস্তাব বাতিল করতে হয়েছে।
আন্তর্জাতিক বাজারে চিনির দাম বেড়ে যাওয়ায় টিসিবির ফ্যামিলি কার্ডধারীদের কাছে প্রতি কেজি চিনি ৭০ টাকার পরিবর্তে দাম বাড়িয়ে প্রতি কেজি ১০০ টাকা দরে বিক্রির ঘোষণা দিয়েছিল টিসিবি। কিন্তু নিম্ন আয়ের ভোক্তাদের কথা বিবেচনা করে পর দিনই বর্ধিত মূল্য প্রত্যাহার করে প্রতি কেজি চিনি পুনরায় ৭০ টাকা দরে বিক্রির সিদ্ধান্ত বহাল রাখা হয়। সে হিসাবে প্রতি কেজি চিনিতে সরকারের ভর্তুকি দিতে হবে ৬৪.৫০ টাকা।
সূত্র জানায়, চলতি ২০২৩-২৪ অর্থবছরে টিসিবির বার্ষিক ক্রয় পরিকল্পনায় এক লাখ ৪৪ হাজার মেট্রিক টন চিনি ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে মোট ১৪ হাজার ৫০০ মেট্রিক টন ক্রয়ের চুক্তি সম্পন্ন হয়েছে। এ ধারাবাহিকতায় এবার আট হাজার মেট্রিক টন (৫০ কেজির বস্তা) ক্রয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।
