Logo
Logo
×

অর্থনীতি

রোজার আগে বাজারে আগুন, পুড়ছে ক্রেতা নির্বিকার সরকার 

Icon

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশ: ০৯ মার্চ ২০২৪, ১০:৫৮ পিএম

রোজার আগে বাজারে আগুন, পুড়ছে ক্রেতা নির্বিকার সরকার 

দুদিন পরেই শুরু হবে পবিত্র মাহে রমজান। তার আগে দু’টিনের সাপ্তাহিক ছুটি। তাই বাজারে চাপ বেড়েছে ক্রেতার। শনিবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে বাড়তি ক্রেতার এ চাপ লক্ষ্য করা গেছে। তবে জিনিশপত্রের অস্বাভাবিক দামে পুড়ছেন এসব ক্রেতা। নিত্যপণ্যের এই অগ্নিমূল্যে ক্রেতারা পুড়লেও একদমই অক্ষত রয়েছে সরকার। সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যক্রম কেবল মিডিয়ার মধ্যেই সীমাবদ্ধ। বাস্তরে বাজারে তার কোনো প্রভাব নেই। বাজারের খুচরা দোকানিরা বলছেন, পাইকারি বাজারে দাম বৃদ্ধির কারনে প্রতিটি পণ্যেরই দাম বেড়েছে। এক্ষেত্রে তাদের কিছুই করার নেই। 
 
রোজা সামনে রেখে আগেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার করে রাখেন মানুষ। বিশেষ করে রমজান মাসের শুরুতে খেজুর, চাল, ডাল, ছোলা, বেসন, চিনি ও পেঁয়াজের ওপর একটু বেশি চাপ পড়ে। রোজা শুরুর এক সপ্তাহ আগে থেকেই বাজার ঘুরে শুরু হয় কেনাকাটা। ক্রেতাদের পূর্ব প্রস্তুতিতে প্রতিবারের মতো এবারও দাম বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা। 

শনিবার রাজধানীর সিপাহীবাগ বাজারে গিয়ে দেখা যায়, দেশি পেঁয়াজের খুচরা মূল্য প্রতি কেজি সর্বোচ্চ ৬৫ টাকা হলেও বর্তমানে বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকায়। সম্প্রতি ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে দাম কমতে শুরু করে। এক সপ্তাহ আগে যে পেঁয়াজ বিক্রি হয়েছে ১১০-১২০ টাকা কেজিতে, গত দুদিন সেই পেঁয়াজ বিক্রি হয়েছে ৮০-৮৫ টাকায়। তবে রোজার আগ মুহূর্তে শনিবার থেকে আবারও দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকায়।

জানা গেছে, দেশে বছরে চিনির চাহিদা ২০ লাখ টন। স্বাভাবিক সময়ে মাসে চাহিদা থাকে দেড় লাখ টন। আর রমজানে চাহিদা ৩ লাখ টন। চট্টগ্রাম কাস্টমস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত আট মাসে (২০২৩ সালের ১ জুলাই থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত) দেশে চিনি আমদানি হয়েছে ১৪ লাখ ১৮ হাজার ৬৩০ টন। আর রোজা ঘিরে শেষ তিন মাসে আমদানি হয়েছে ১ লাখ ৬০২ টন। এর বাইরে খালাসের অপেক্ষায় রয়েছে আরও প্রচুর চিনি। তারপরও বাজারে বেড়ে চলেছে পণ্যটির দাম।

এদিকে রমজান মাসকে সামনে রেখে সরকার চিনির আমদানি শুল্ক কমিয়েছে। তবে বাজারে এর কোনো প্রভাব নেই, উল্টো দাম বাড়ার প্রবণতা দেখা গেছে। এর ওপর নতুন করে একটি সুগার মিলের অগ্নিকাণ্ডকে পুঁজি করে বাজারে চিনির কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে।
বাজার ঘুরে দেখা গেছে, গত এক সপ্তাহ আগেও যেখানে খোলা চিনি কেজিপ্রতি বিক্রি হয়েছে ১৩৫ থেকে ১৪০ টাকা পর্যন্ত, সেখানে রোজার আগ মুহূর্তে কেজিপ্রতি চিনির দাম উঠেছে ১৪৫ থেকে ১৫০ টাকা।

রমজানে ইফতারের অন্যতম অনুষঙ্গ ছোলা ও বেসনের দামও বাড়তি।  ব্যবসায়ীদের তথ্যমতে, গত কয়েকদিনে ডালের দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে। একই হারে বেড়েছে বেসনের দাম। ভালো মানের ছোলার দামও নতুন করে কেজিতে ২ থেকে ৫ টাকা বেড়েছে।
সরেজমিনে দেখা গেছে, এক সপ্তাহের ব্যবধানে ছোলার দাম কেজিতে ১০ টাকা বেড়ে এখন ১০০ টাকা থেকে ১১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বুটের ডালের দামও কেজিতে ১০ টাকা বেড়ে এখন ১০০ টাকা। কয়েকদিন আগেও ১২০-১৩০ টাকা কেজিতে বিক্রি হওয়া ছোট দানার মসুর ডালের দাম বেড়ে হয়েছে ১৪০-১৪৫ টাকা। মাঝারি দানার মসুর ডালের কেজি বিক্রি হচ্ছে ১২০-১৩০ টাকায়, যা কিছুদিন আগেও ছিল ১১০-১১৫ টাকা কেজি।

এদিকে ডালের দাম বাড়ায় বেড়েছে বেসনের দামও। বুটের ডালের বেসন বিক্রি হচ্ছে ১৩০ টাকায়, যা কিছুদিন আগে ছিল ১০০ থেকে ১১০ টাকার মধ্যে। আর অ্যাংকর ডালের বেসন বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজিতে, যা কিছুদিন আগে ছিল ৭০ টাকার মধ্যে। এক্ষেত্রে সরকার ব্যবসায়ীদের শুল্কমুক্ত সুবিধায় কাঁচা ছোলা আমদানির সুযোগ দিলেও তার সুফল পাচ্ছেন না ক্রেতারা।

ক্রেতাদের সঙ্গে কথা বলে দেখা গেছে নিত্যপন্যের এমন অস্বাভাবিক দামে তারা ক্ষুব্ধ। তারা বলছেন, বাজারে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। যে কারণে ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে জনগণের পকেট কাটছে। সরকার খুচরা পর্যায়ে লোক দেখানো কিছু অভিযান পরিচালনা করলেও সব সময় ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে রাঘব-বোয়ালরা।

খিলগাঁও কাঁচা বাজারের একজন ক্রেতা বলেন, রোজার আগমুহূর্তে ছুটির দিন হওয়ায় এসেছিলাম রোজার মাসের বাজার করতে। কিন্তু প্রতিটি পণ্যেরই আজ বাড়তি দাম। গতকাল এবং পরশু ভারতের পেঁয়াজ কিনেছে ৮০ টাকা কেজি, আজ বাজারে এসে দেখি ৯০ টাকা। চিনি-ডালের দামও বাড়তি মনে হয়েছে।

তিনি বলেন, বিশ্বের অন্য মুসলিম দেশগুলোতে রোজার মাসে জিনিসপত্রের দাম কমিয়ে দেওয়া হয়। আর আমার দেশে যে যত পারে বাড়তি দামে বিক্রি করে। দেশের প্রধানমন্ত্রী যেখানে বারবার বলছেন রোজা উপলক্ষ্যে কোনো জিনিসের দাম বাড়বে না, সেখানে একটা জিনিসও হয়ত বাকি নেই, যার দাম বাড়েনি।

এ বিষয়ে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান বলেন, প্রতিবছরই রোজার শুরুতে আমরা বাজারের এমন চিত্র দেখি। রোজার মাসে মানুষ সাধারণত যেসব পণ্য বেশি ব্যবহার করে, সিন্ডিকেটের মাধ্যমে সেগুলোর দাম এক সপ্তাহ আগে থেকেই বাড়িয়ে দেওয়া হয়। এটা যেন আমাদের সমাজে একটা সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। সাধারণ মানুষ সবকিছু মুখ বুজে মেনে নেওয়ায় এমন সংস্কৃতি থেকে বের হওয়া যাচ্ছে না বলেও মনে করেন তিনি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন