Logo
Logo
×

অর্থনীতি

জ্বালানি তেলের নতুন দামে লাভবান হবে শুধু বিত্তবানরা

Icon

প্রকাশ: ০৮ মার্চ ২০২৪, ০৫:৩২ এএম

জ্বালানি তেলের নতুন দামে লাভবান হবে শুধু বিত্তবানরা

প্রতীকী ছবি

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বর্ধিত ঋণ সহায়তার শর্তের বেড়াজালে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ চালু করেছে সরকার। প্রতিবেশী দেশ ভারত অনেক বছর ধরেই বিশ্ববাজারের সাথে জ্বালানি তেলের দাম সমন্বয় করছে। তবে বাংলাদেশে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের ঘোষণা দেওয়ার পর প্রথমবারের মতো জ্বালানি তেলের দাম কমলো। শুক্রবার থেকে নতুন দর কার্যকর হচ্ছে।

জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে বৃহস্পতিবার (৭ মার্চ) প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে দেখা যায়, প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৯ টাকা থেকে ৭৫ পয়সা কমে হয়েছে ১০৮ টাকা ২৫ পয়সা। অকটেনের দাম প্রতি লিটারে ১৩০ টাকা থেকে ৪ টাকা কমে হয়েছে ১২৬ টাকা। আর পেট্রলের দাম ১২৫ টাকা থেকে ৩ টাকা কমে হয়েছে ১২২ টাকা।

তবে জ্বালানি তেলের মূল্য কমায় এটি কৃষি ও পরিবহন খাতে কীভাবে ভোক্তাদের ওপর প্রভাব ফেলবে তার কোনো দিকনিদের্শনা নেই প্রজ্ঞাপনে।

জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের সূত্র নির্ধারণ করে নির্দেশিকা প্রকাশ করা হয় গত ২৯ ফেব্রুয়ারি। এতে বলা হয়, দেশে ব্যবহৃত অকটেন ও পেট্রল ব্যক্তিগত যানবাহনে বেশি ব্যবহৃত হয়। তাই বাস্তবতার নিরিখে বিলাস দ্রব্য (লাক্সারি আইটেম) হিসেবে সবসময় ডিজেলের চেয়ে অকটেন ও পেট্রলের দাম বেশি রাখা হয়।

অকটেন ও পেট্রল বিক্রি করে সব সময়ই মুনাফা করে সরকারি প্রতিষ্ঠান বিপিসি। মূলত, ডিজেলের ওপর বিপিসির লাভ-লোকসান নির্ভর করে। দেশে ব্যবহৃত জ্বালানি তেলের ৭৫ শতাংশই ডিজেল। দীর্ঘ সময় ধরে ডিজেল বিক্রি করেও মুনাফা করছে প্রতিষ্ঠানটি। তবে বর্তমানে ডিজেল থেকে তেমন মুনাফা হচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন, আরও আগেই দাম কমানোর সুযোগ ছিল।

ক্যাবের জ্বালানি উপদেষ্টা ড. শামসুল আলম বাংলা আউটলুককে বলেন, সরকারের এ জ্বালানি তেলের দাম কমানোকে এক কথায় বলা যায় বিত্তবানবান্ধব প্রহসন নীতি।

তিনি বলেন, দেশের ডিজেলের দাম কমানোর জন্য কৃষকরা কোনোভাবে লাভবান হবে। তবে পরিবহন ব্যবসায়ীরা মাঝখান থেকে লাভবান হবে। কারণ এখন পরিবহন ভাড়া নির্ধারণ হয়নি। সাধারণ ভোক্তাদের খরচ বেড়ে যাবে। এমনিতেই দেশের মূল্যস্ফীতি এখন প্রায় ১০ শতাংশের কাছাকাছি চলে গেছে।

তিনি আরও বলেন, মোট সাত টাকা পেট্রল আর অকটেনের দাম কমানোর ফলে বিত্তবান ও মধ্যবিত্তরা লাভবান হবে।

জ্বালানি তেলের মধ্যে উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েল ও বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম নিয়মিত সমন্বয় করে বিপিসি। আর ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম নির্ধারণ করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। ভর্তুকির চাপ এড়াতে ২০২২ সালের আগস্টে গড়ে ৪২ শতাংশ বাড়ানো হয় জ্বালানি তেলের দাম। এরপর ব্যাপক সমালোচনার মুখে ২৩ দিনের মাথায় ওই মাসের শেষ দিকে প্রতি লিটারে ৫ টাকা করে কমানো হয় দাম।

২০২৩ সালের ১২ ডিসেম্বর দ্বিতীয় কিস্তিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের ৬৮ কোটি ২০ লাখ ডলার পাওয়ার সময় বাংলাদেশ সরকার কথা দেয় যে, মার্চেই জ্বালানি তেলের দাম বিশ্ববাজারের সাথে সমন্বয় করবে। এখন সেই শর্ত কার্যকর করল জ্বালানি মন্ত্রণালয়।

এর আগে, ২০২৩ বছরের ফেব্রুয়ারিতে বহুল আলোচিত মোট ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার (৪৭০ কোটি ডলার) ঋণের প্রথম কিস্তির ৪৭ কোটি ৬২ লাখ ডলার পায় বাংলাদেশ।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন