রোজার আগে চিনির দাম কেজিতে ৩০ টাকা বাড়াল টিসিবি
রোজার আগে চিনির দাম কেজিতে ৩০ টাকা বাড়াল টিসিবি
প্রকাশ: ০৭ মার্চ ২০২৪, ০৬:২০ এএম
রোজার আগে চিনির দাম কেজিতে ৩০ টাকা বাড়াল টিসিবি
রমজান মাসের আগেই চিনির দাম কেজিপ্রতি ৩০ টাকা বাড়িয়ে ১০০ টাকা নির্ধারণ করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
টিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, নিম্নআয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে চালসহ টিসিবির পণ্য (ভোজ্যতেল ও ডাল) বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে। রমজান উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার সারাদেশে দ্বিতীয় পর্বের পণ্য বিক্রি শুরু হবে।
সরবরাহ না থাকায় গত বছর আগস্টে চিনি বিক্রি করেনি টিসিবি। পরের ২-৩ মাস কিছু কিছু এলাকায় ৭০ টাকা দরে চিনি বিক্রি করে সংস্থাটি। তবে মাঝে গত ২-৩ মাস চিনি বিক্রি বন্ধ ছিল। আগামীকাল থেকে আবার চিনি বিক্রি শুরু হলেও কেজিতে দাম বাড়ানো হয়েছে ৩০ টাকা।
টিসিবি জানিয়েছে, প্রত্যেক কার্ডধারী পরিবারের মধ্যে চিনি ছাড়াও ২ লিটার রাইসব্রান বা সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল, এক কেজি চিনি, এক কেজি খেজুর ও ৫ কেজি চাল বিক্রি করা হবে। প্রতি লিটার তেলের দাম ১০০ টাকা। এ ছাড়া প্রতি কেজি মসুর ডাল ৬০, চিনি ১০০, খেজুর ১৫০ এবং চাল ৩০ টাকা দরে কিনতে পারবেন কার্ডধারী ক্রেতারা।
ক্রেতারা ডিলারদের স্থায়ী স্থাপনা বা দোকান থেকে পণ্য কিনতে পারবেন। ডিলাররা তাদের সময় নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী পণ্য বিক্রি করবেন।
