Logo
Logo
×

অর্থনীতি

রাজস্ব আদায়ে ভাটা, চীনা ব্যাংকের কাছে ৪০০ মিলিয়ন ডলার চায় সরকার

Icon

প্রকাশ: ০৬ মার্চ ২০২৪, ০২:৫৫ এএম

রাজস্ব আদায়ে ভাটা, চীনা ব্যাংকের কাছে ৪০০ মিলিয়ন ডলার চায় সরকার

দেশের ব্যবসা-বাণিজ্যে ভাটার কারণে রাজস্ব আয় ভয়াবহভাবে কমে যাওয়ার শঙ্কা থেকে চাইনিজ এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) কাছে ৪০০ মিলিয়ন মার্কিন ডলার বাজেট চেয়েছে অর্থ মন্ত্রণালয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এক্সটেন্ডেড ক্রেডিট ফ্যাসিলিটি (ইসিএফ) এবং এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটি (ইএফএফ) ঋণের দ্বিতীয় ও তৃতীয় কিস্তির শর্ত অনুসারে, চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) দশমিক ৫ শতাংশ অতিরিক্ত রাজস্ব আদায় করতে হবে।

বৈঠক সূত্র জানায়, মঙ্গলবার (৫ মার্চ) সকালে সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাৎ করেন এআইআইবির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান রজত মিশ্র। এসময়  কাছে এই বাজেট সাপোর্ট চাওয়া হয়েছে।

সাক্ষাৎ শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে অবশ্য বলেন, জলবায়ু ও অবকাঠামোগত খাতে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক ঋণ দিতে আগ্রহী।

অর্থমন্ত্রী বলেন, আমরা খুবই খুশি। তারা আমাদের খুব কাছের। তারা আমাদের সহযোগিতা করতে চাচ্ছে।

নতুন কোনো সেক্টরে সহযোগিতা চেয়েছেন কি না- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জলবায়ু ও অবকাঠামোগত খাতে তারা যুক্ত হতে চান। ওরা বলেছেন, যেটাই হোক আপনারা বের করুন আমরা সহযোগিতা করার চেষ্টা করব। তারা পলিসি নিয়েও কাজ করছে, একইসঙ্গে প্রয়োজনের বিষয়টিও আসছে। ওনারা একই সঙ্গে দুইটা কনসিডার করবেন। এটা কিছুটা নতুন, আমরা খুবই খুশি।

এসময় অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার বলেন, অবকাঠামোগত খাতে তারা বেশি যুক্ত হতে চান। আমরা সে ব্যাপারে সম্মত। আমরা বাজেট সাপোর্ট প্রোগ্রাম আরও দেওয়ার অনুরোধ করেছি। তারা বললেন, এটাই তাদের প্রথম বৈশ্বিক জলবায়ুতে অর্থায়ন।

অর্থ বিভাগের সূত্রে জানা যায়, দেশের বির্তকিত নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসা এবং রাজনৈতিক অস্থিরতার কারণে ব্যবসা-বাণিজ্যের ভয়াবহ খারাপ অবস্থার শঙ্কায় রাজস্ব আদায় কমে যেতে পারে। আইএমএফের ঋণের শর্ত অনুসারে, চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ০.৫ শতাংশ অতিরিক্ত রাজস্ব আদায় করতে হবে। অর্থবছরের লক্ষ্যমাত্রা অনুযায়ী মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হারও অর্জিত হওয়ার সম্ভাবনা নেই। আবার রাজস্ব আদায়ের চিত্রও নিম্নমুখী, লক্ষ্যমাত্রার চেয়ে প্রকৃত আদায়ে অনেক ঘাটতি। ভালো আসছে না প্রবাসী আয় (রেমিট্যান্স) ও রপ্তানি আয়। ডলার সংকট তো আছেই।

কিন্তু ইমেজ সংকটের কারণে অনেক বিদেশি ডোনার আন্তর্জাতিক আর্থিক সংস্থাগুলো ঋণ আর অর্থ সহায়তা অনিশ্চিত হয়ে পড়েছে। এ অবস্থার মধ্যে এসব সংস্থাগুলো বেশি পরিমাণে বাজেট সহায়তা প্রয়োজন।

অর্থনীতিবিদ ড. এ. বি. মির্জ্জা মো. আজিজুল ইসলাম বলেন, দেশের ব্যবসা-বাণিজ্যের অবস্থা ভালো করতে হবে। ফলে রাজস্ব আদায় বাড়বে। কীভাবে ব্যবসা-বাণিজ্যের অবস্থা ভালো করবে সেই কৌশল সরকারের জানা। ডেভলপমেন্ট পার্টনারদের ঋণের সুদ ব্যাংকের ঋণের সুদ অনেক কম। উন্নয়নের জন্য অবশ্যই আন্তর্জাতিক আর্থিক সংস্থাগুলোর কাছ থেকে এই ঋণ নেওয়া উচিৎ।

চার দিন আগে প্রকাশিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য থেকে জানা যায়, চলতি অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) রাজস্ব আদায়ে ঘাটতি হয়েছে ১৭ হাজার ৭৫১ কোটি টাকা। এই সময় এনবিআর আদায়ের লক্ষ্য ছিল ২ লাখ ১৫ হাজার ৫৯০ কোটি টাকা। তবে এই লক্ষ্যের বিপরীতে সংস্থাটি আদায় করতে পেরেছে ১ লাখ ৯৭ হাজার ৮৩৯ কোটি টাকা।তবে বছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) যতটা ঘাটতি ছিল, সেই পরিস্থিতির খানিকটা উন্নতি লক্ষ করা গেছে। ওই ছয় মাসে রাজস্ব আদায়ে ঘাটতি ছিল ২৩ হাজার ২২৭ কোটি টাকা।

চলতি অর্থবছরের বাজেটে এনবিআরকে ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা আদায়ের লক্ষ্য দেওয়া হয়েছে। তবে সম্প্রতি এই লক্ষ্য কমিয়ে ৪ লাখ ১০ হাজার কোটি টাকা করা হয়।

এনবিআরের তথ্যে দেখা গেছে, বছরের প্রথম সাত মাসে সার্বিক লক্ষ্যের ৫১ শতাংশ রাজস্ব আদায় হয়েছে। সেই হিসাবে বছরের বাকি পাঁচ মাসে ২ লাখ ১১ হাজার কোটি টাকার বেশি আদায় করতে হবে। অর্থাৎ প্রতি মাসে গড়ে ৪২ হাজার ৪৩২ কোটি টাকা আদায় করতে হবে।

ইসিএফ এবং ইএফএফ ঋণের এর অধীনে আইএমএফ বাংলাদেশকে  প্রায় ৩ দশমিক ৩ বিলিয়ান ডলার দেওয়া কথা আছে। এ ঋণের পাশাপাশি রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ফ্যাসিলিটির (আরএসএফ) অধীনে প্রায় ১.৪ বিলিয়ন ডলার ঋণ ডলার দেওয়া হবে। তবে ইতোমধ্যে বাংলাদেশ সরকার দুই কিস্তি ঋণ পেয়েছে। বিশ্বব্যাংক এবং এশিয়ান ডেভেলাপমেন্ট ব্যাংক চলতি অর্থ বছরে বাজেট সাপোর্ট হিসেবে প্রায় সাড়ে তিন শত মিলিয়ান ডলার দিচ্ছে ।

এআইআইবি গত তিন বছরে বাংলাদেশকে বাজেট ও আর্থিক সহায়তা হিসেবে ৪.৫ বিলিয়ান ডলার দিয়েছে। চলতি অর্থবছরেও এ সরকারকে বাজেট সহায়তা হিসেবে ৪০০ মিলিয়ান মার্কিন ডলার দিয়েছে এআইআইবি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন