Logo
Logo
×

অর্থনীতি

‘মূল্যস্ফীতি মূল উদ্বেগের বিষয় নয়’, অর্থমন্ত্রীর বক্তব্য কতটা বাস্তবসম্মত?

Icon

প্রকাশ: ০৫ মার্চ ২০২৪, ০৫:২১ এএম

‘মূল্যস্ফীতি মূল উদ্বেগের বিষয় নয়’, অর্থমন্ত্রীর বক্তব্য কতটা বাস্তবসম্মত?

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ফাইল ছবি

মূল্যস্ফীতি দেশের জনসাধারণের মূল উদ্বেগের কারণ হতে পারে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সোমবার জেলা প্রশাসক সম্মেলনে অংশগ্রহণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এখন মানুষের মূল উদ্বেগ মূল্যস্ফীতি, তা নিয়ন্ত্রণে জেলা প্রশাসক সম্মেলনে আলোচনা হয়েছে কি-না এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘এটাই একমাত্র উদ্বেগ হয়ে গেল আর কিছু নয়?’ এরপর মন্ত্রীকে স্মরণ করিয়ে দেওয়া হয়, একমাত্র উদ্বেগ নয়, বলা হয়েছে মূল উদ্বেগ। তখন অর্থমন্ত্রী আবার বলেন, ‘মূল উদ্বেগই বা হয় কী করে, এক কোটি মানুষকে পরিবার কার্ড দেওয়া হয়েছে। তারা স্বল্পমূল্যে বিভিন্ন পণ্য পাচ্ছে।’

তবে অর্থমন্ত্রীর এ বক্তব্যের সঙ্গে একমত নন অর্থনীতিবিদরা। তারা বলছেন, ক্রমাগত বাড়তে থাকা মূল্যস্ফীতিতে বোঝা যাচ্ছে দেশের মানুষের আর্থিক কষ্ট কতটা। আর সরকারের সাহায্যের আওতায় তো সবাই আসে না কিংবা তাদের সাহায্যের প্রাপ্যতা নিয়েও প্রশ্ন রয়েছে।

অর্থনীতিবিদ এবং বাংলাদেশের পলিসি রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক আহসান এইচ মনসুর বাংলা আউটলুককে বলেন, ঠিক আছে অর্থমন্ত্রীর কথা অনুসারে সরকার দেশের এক কোটি মানুষজনকে খাদ্য সহায়তা দেয়, এটা খুব ভাল কথা। প্রায় ১০ শতাংশের ওপর ভয়াবহ মূল্যস্ফীতির বাজারে বাকি ১৬ কোটি জনসাধারণকে কে সাহায্য করবে? আর এক কোটি জনসাধারণকে টাগের্ট করে যে অর্থ আর খাদ্য সহায়তা দিচ্ছে, প্রকৃত কতজন সেই সহায়তা পাচ্ছে?

তিনি আরও বলেন, মোট জনসংখ্যার ১৬ কোটি ৯৮ লাখ মধ্যে ১০ শতাংশ ধনীর সরকার সাহায্য-সহায়তা দরকার নেই। গরীব ছাড়াও বাকি নিম্নবিত্ত আর মধ্যবিত্ত এ মূল্যস্ফীতির চাপ কীভাবে সহ্য করবে? ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের ব্যবসার অবস্থা খুবই খারাপ, তাদের জন্য সরকার কী করেছে?

আহসান এইচ মনসুর বলেন, মূল্যস্ফীতির জন্য মানুষের খাদ্যগ্রহণ আর জীবনযাত্রার অবস্থা পরিবর্তন করে ফেলেছে। এভাবে চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম জন্য একটা খারাপ অবস্থার সম্মুখীন হবে।

তিনি বলেন, এ অবস্থা থেকে উত্তরণের জন্য সরকারকে অতি তাড়াতাড়ি মূল্যস্ফীতি কমানোর কৌশলগুলো নিতে হবে। যাতে মূল্যস্ফীতি কমে আসে, বাংলাদেশের মানুষ আর্থিকভাবে স্বচ্ছল হয়ে উঠে । প্রথম কৌশলই হবে মার্কিন ডলারের দাম সহনীয় পর্যায়ে নিয়ে আসা।
  
জেলা প্রশাসক সম্মেলনের বক্তব্য শেষে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আরও বলেন, ‘স্বাধীনতার পর আমরা এখন সর্বোচ্চ পর্যায়ে আছি। অর্থনীতির সূচকগুলো বাড়ছে; হতাশ হওয়ার কিছু নেই।’

চলতি বছরের শুরুতে মূল্যস্ফীতি আবারও ঊর্ধ্বমুখী। বছরের প্রথম মাস জানুয়ারিতে দেশে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৮৬ শতাংশে। গত অক্টোবরের পর এটিই সর্বোচ্চ মূল্যস্ফীতি। অক্টোবরে দেশে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৯৩ শতাংশ। এরপর নভেম্বর ও ডিসেম্বরে পরপর দুই মাস মূল্যস্ফীতি কমেছিল। ১৬ ফেব্রুয়ারি মূল্যস্ফীতির সর্বশেষ তথ্য প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। তাতে দেখা যায়, শহর ও গ্রাম উভয় ক্ষেত্রেই মূল্যস্ফীতি বেড়েছে।

বিবিএসের তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারিতে গ্রামের চেয়ে শহরে মূল্যস্ফীতির চাপ ছিল বেশি। গ্রামে যেখানে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৭০ শতাংশ, শহরে তা ৯ দশমিক ৯৯ শতাংশ। অর্থাৎ, শহরাঞ্চলে এখন মূল্যস্ফীতি বেড়ে দুই অঙ্কের কাছাকাছি পৌঁছে গেছে।

জেলা প্রশাসক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন