প্রতীকী ছবি
আবারও জ্বালানি তেলের দাম বাড়াতে যাচ্ছে সরকার। দ্রব্যমূল্য ও মূল্যস্ফীতির ঊর্ধ্বগতির সময়েও ডিজেলের দাম বাড়াতে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, বর্তমান সময়ে ডিজেল কিংবা জ্বালানি তেলের দাম বাড়লে তার প্রভাব গিয়ে পড়বে অন্য খাতেও। এর ফলে দেশের সাধারণ জনগণের ওপর বাড়তি অর্থনৈতিক বোঝা তৈরি হবে। সরকারের এই সিদ্ধান্তকে অবিবেচনাপ্রসূত বলে মনে করছেন তারা।
গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে স্থানীয় ও আন্তর্জাতিক বাজার বিবেচনায় জ্বালানি তেল বিশেষ করে ডিজেলের দাম বাড়াতে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। তবে জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় কিংবা কৃষি পণ্য ও পরিবহন ভাড়া বাড়ানো ও কমানোর কোনো কথা এই প্রজ্ঞাপনে বলা হয়নি।
অর্থনীতিবিদরা বলছেন, মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখীর সময়ে জ্বালানি তেল আর বিদ্যুতের দাম বাড়ালে জনগণ আর ব্যবসায়ীরা ভয়াবহ আর্থিক চাপে পড়বে। দেশের ব্যক্তিখাত বড় ধরনের আর্থিক সংকটে পড়বে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের শর্তের জন্য জনগণের ওপর আর্থিক বোঝা চাপানো উচিৎ হবে না বলেও মনে করছেন তারা।
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, পেট্রোলিয়াম পণ্য ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোল তথা সরকার যে সব গ্রেডের জ্বালানি তেলের বিক্রয়মূল্য নির্ধারণ করে থাকে সেগুলোর জন্য এই স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি প্রযোজ্য হবে।
তবে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) প্রয়োজন মনে করলে অন্যান্য পেট্রোলিয়াম পণ্যের ক্ষেত্রেও শর্ত সাপেক্ষে উক্ত নির্দেশনা প্রয়োগ করতে পারবে। স্বয়ংক্রিয় পদ্ধতিতে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রেখে প্রাথমিকভাবে প্রতিমাসে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চলতি বছরের মার্চ থেকে কার্যকর হবে।
এ ব্যাপারে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন, বিশ্বে জ্বালানির দাম বাড়লে আমাদের দেশেও সেটি সঙ্গে সঙ্গে সমন্বয় করে বাড়বে। বিশ্বে যদি কমে, আমাদের দেশেও কমবে। এটি প্রতি মাসের প্রথম সপ্তাহে করা হবে। আমাদের পার্শ্ববর্তী দেশ এটি প্রতিদিন করে। কলকাতার কথা যদি বলি, সেখানে এক লিটার ডিজেলের দাম ১৩৩ টাকা। আমাদের দেশে ডিজেলের দাম ১০৯ টাকা।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সংক্রান্ত প্রজ্ঞাপনে আরও বলা হয়, ডিজেল ও কেরোসিনের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতিতে আমদানিকৃত পরিশোধিত ডিজেলের কস্ট কম্পোনেন্টসমূহের পাশাপাশি ইস্টার্ন রিফাইনারিতে ক্রুড অয়েল থেকে উৎপাদিত ডিজেলের কস্ট কম্পোনেন্টসমূহ অন্তর্ভুক্ত হবে। এ দুই ধরনের জ্বালানি তেলের কস্ট কম্পোনেন্টসমূহ বিবেচনা করে ডিজেল ও কেরোসিনের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ করা হবে। এক্ষেত্রে ডিজেলের স্বয়ংক্রিয় বিক্রয়মূল্য, পণ্যমূল্য, আমদানি শুল্ক, অগ্রিম আয়কর ও আমদানি পর্যায়ে ভ্যাট, অপারেশনাল ব্যয়, আর্থিক, প্রশাসনিক ও রক্ষণাবেক্ষণ ব্যয়, বিপিসির মার্জিন, ভ্যাট, বিক্রয় ও বিতরণ খরচ বিবেচনায় নেওয়া হবে।
অকটেন ও পেট্রোলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতিতে আমদানিকৃত পরিশোধিত অকটেনের কস্ট কম্পোনেন্টসমূহ বিবেচনা করে অকটেনের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ করা হবে। এক্ষেত্রে বিবেচনায় থাকবে অকটেনের স্বয়ংক্রিয় বিক্রয়মূল্য, পণ্যমূল্য, আমদানি শুল্ক, অগ্রিম আয়কর ও আমদানি পর্যায়ে ভ্যাট, অপারেশনাল ব্যয়, আর্থিক, প্রশাসনিক ও রক্ষণাবেক্ষণ ব্যয়, বিপিসির মার্জিন, ভ্যাট, বিক্রয় ও বিতরণ খরচ।
দেশে ব্যবহৃত অকটেন ও পেট্রোল ব্যক্তিগত যানবাহনে অধিক পরিমাণে ব্যবহৃত হয় বিধায় এর মূল্য বিলাস দ্রব্য (লাক্সারি আইটেম) হিসেবে সব সময় ডিজেলের চেয়ে বেশি রাখা হয়। বর্তমানে ডিজেল ও অকটেনের খুচরা বিক্রয়মূল্যের পার্থক্য লিটারপ্রতি ২১ টাকা। ফর্মুলা অনুযায়ী, অকটেনের মূল্য নির্ধারণকালে ডিজেলের সঙ্গে পার্থক্য লিটারপ্রতি ন্যূনতম ১০ টাকা যেন থাকে সে জন্য প্রাইসিং ফর্মুলায় ফ্যাক্টর বিবেচিত হবে।
এর আগে, ২০২২ সালের ২৯ আগস্ট ডিজেল-পেট্রল-অকটেনের দাম লিটারে ৫ টাকা কমানো হয়েছিল।
এদিকে, চলতি বছরের শুরুতে মূল্যস্ফীতি আবারও ঊর্ধ্বমুখী। বছরের প্রথম মাস জানুয়ারিতে দেশে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৮৬ শতাংশে। গত অক্টোবরের পর এটিই সর্বোচ্চ মূল্যস্ফীতি। অক্টোবরে দেশে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৯৩ শতাংশ। এরপর নভেম্বর ও ডিসেম্বরে পরপর দুই মাস মূল্যস্ফীতি কমেছিল। ১৬ ফেব্রুয়ারি মূল্যস্ফীতির সর্বশেষ তথ্য প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। তাতে দেখা যায়, শহর ও গ্রাম উভয় ক্ষেত্রেই মূল্যস্ফীতি বেড়েছে।
বিবিএসের তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারিতে গ্রামের চেয়ে শহরে মূল্যস্ফীতির চাপ ছিল বেশি। গ্রামে যেখানে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৭০ শতাংশ, শহরে তা ৯ দশমিক ৯৯ শতাংশ। অর্থাৎ, শহরাঞ্চলে এখন মূল্যস্ফীতি বেড়ে দুই অঙ্কের কাছাকাছি পৌঁছে গেছে।
কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম বাংলা আউটলুককে বলেন, গণশুনানি আর বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে পাশ কাটিয়ে নিবার্হী আদেশে জ্বালানি তেল এবং বিদ্যুতের দাম বাড়ানোর ফলে ব্যক্তি খাতের বিনিয়োগ উন্নয়নে বড় ধরনের ধাক্কা আসবে। এভাবে দেশে জ্বালানির দাম বৃদ্ধি করলে উৎপাদন খরচ বেড়ে পণ্যের দাম জনগণের ধরাছোঁয়ার বাইরে চলে যাবে।
তিনি বলেন, এ সরকারের লুণ্ঠন ব্যক্তিখাতের ব্যবসায় ধস নামিয়ে দিয়েছে। গণশুনানির ব্যবস্থা না রেখে আইন করে নির্বাহী আদেশে জ্বালানি পণ্যের দাম নির্ধারণে ব্যক্তির ওপর ব্যয় বৃদ্ধির সুযোগ রাখা হয়েছে। ফলে এসব পণ্যের কোনো ধরনের ন্যায্য ও যৌক্তিক মূল্য নির্ধারণে জনগণের সব ধরনের ক্ষমতা ও অধিকার খর্ব করা হয়েছে। রাষ্ট্র তার জনগণের ন্যূনতম অধিকার থেকে বঞ্চিত করছে। আর ভোক্তারা আর্থিকভাবে লুন্ঠিত হচ্ছে। রাষ্ট্রীয় এ লুণ্ঠনকে সুরক্ষা দিতে বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন-২০১০ প্রণয়ন করা হয়েছে। জ্বালানি তেলের দাম বাড়লে সাথে সাথে বাস ভাড়া ও পরিবহন ভাড়া বেড়ে যায়। কিন্তু কমলে বাংলাদেশে কোনোভাবেই পরিবহন ভাড়া কমে না।
তিনি আরো বলেন, দেশের ভোক্তাদের এ ধারাবাহিক আর্থিক জ্বালা আর লুণ্ঠন রোধে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক আর ইন্টারেস্ট গ্রুপ সংগঠনকে এগিয়ে আসতে হবে। জনগণ আর এসব সংগঠন যদি কিছু করতে না পারে তবে জনগণ আল্লাহর কাছে এ সরকারের জন্য ফরিয়াদ জানাবে। আল্লাহ একসময় যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।
সাবেক অর্থ উপদেষ্টা ও বিশিষ্ট অর্থনীতিবিদ এ. বি. এম. মো. আজিজুল ইসলাম বাংলা আউটলুককে বলেন, জ্বালানি তেল আর বিদ্যুতের দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষের ওপর বড় ধরনের অর্থনৈতিক বোঝা বেড়ে যাবে। এভাবে দাম বাড়ালে উৎপাদন খরচ বেড়ে যাবে। মূল্যস্ফীতি বেড়ে গেলে আর্থিকভাবে বেকায়দায় পড়বে জনগণ। তবে বাজারে মূল্যস্ফীতি বেশি থাকলে কোনোভাবেই জ্বালানি পণ্যের দাম বাড়ানো উচিৎ নয়।
তিনি বলেন, জ্বালানি পণ্যের দাম নির্বাহী আদেশেই হবে। ভর্তুকির মাত্রা অন্যভাবে কমিয়ে জ্বালানি তেল মূল্য স্থিতিশীল রাখার ব্যবস্থা করা যেতে পারে। জনগণের ওপর কোনোভাবে যাতে নেতিবাচক অর্থনৈতিক প্রভাব না পড়ে সেদিকে এভাবে খেয়াল রাখতে হবে।
