সরকারী ছত্রছায়ায় রোজার আগে আবারও সক্রিয় হয়ে উঠেছে বাজার চক্র। ডলার সংকট, আন্তর্জাতিক বাজারে দরবৃদ্ধি, এলসি সংকট ইত্যাদি সমস্যা তুলে ধরে তারা পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে। চাল, চিনি, ডাল, ছোলা, খেজুর, মাংস, ডিম, পিঁয়াজ, ফল, কাঁচা সবজিসহ এমন কোনো পণ্য নেই যেখানে সিন্ডিকেটের হাত পড়েনি। এমনকি মূল্যসংক্রান্ত স্পর্শকাতর বিষয়ে সিদ্ধান্ত নিতেও সরকারি সংস্থাগুলোকে প্রভাবিত করার অভিযোগ উঠেছে এসব চক্রের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতার আর ব্যবসায়ীদের সাথে সক্রিয় এই চক্র।
বিশেষ করে চিনির বাজারে ব্যবসায়ীরা দাম বাড়িয়ে যাচ্ছে ইচ্ছা মতো । পাইকারিতে চিনির দাম কমলেও খুচরা বাজারে তার কোনো প্রভাব নেই। ব্যবসায়ীরা বলছেন, কোম্পানি ও মিল পর্যায়ে তদারকির প্রয়োজন। তিন মাস আগে আমদানি করা চিনির দাম বাড়ার কোনো যৌক্তিকতা পাচ্ছেন না তারা। এরইমধ্যে বাজারে ১৪৪ টাকা সর্বোচ্চ খুচরা মূল্য লিখে মোড়কজাত চিনি বাজারে ছেড়েছে কোম্পানিগুলো।
চিনির মোড়কের দাম একদিন আগে ছিল ১৩৩ টাকা ।।
সূত্র জানান, জাতীয় নির্বাচনের আগে একটি চক্র অহেতুক পণ্যের দাম বাড়াতে পেছন থেকে কলকাঠি নাড়ছে বলে সরকারের গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিবেদনে উঠে এসেছিল। এখন রমজানের আগে আবারও সক্রিয় হয়ে উঠেছে বাজার চক্র। নানা অজুহাতে তারা দাম বাড়াচ্ছে। মূল্যবৃদ্ধির সুযোগের অপেক্ষায় শিয়ালের মতো ওত পেতে থাকে এ চক্রটি।
সাড়ে ৬ মাস আগে গত বছরের ১৩ আগষ্ট চিনির দাম কেজিতে ৫ টাকা কমানোর ঘোষণা দিয়েছিল বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন। তখন প্রতিকেজি খোলা চিনির দাম ১৩০ টাকা এবং মোড়কজাত চিনির দাম নির্ধারণ করা হয় ১৩৫ টাকা। এরপর দাম কমানো বা বাড়ানোর কোনো ঘোষণা দেয়নি সংগঠনটি।
পরে বৃহস্পতিবার ২২ ফ্রেবয়ারির বিকেলে শিল্প মন্ত্রণালয়ের অধীন সংস্থা চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি) সরকারি মিলে উৎপাদিত লাল চিনির দাম প্রতি কেজিতে ২৫ টাকা বাড়ানোর প্রজ্ঞাপন জারি করে। যদিও সেদিন রাত ১০টায় দাম বাড়ানোর প্রজ্ঞাপন প্রত্যাহার করা হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় না করে সরকারি সংস্থার দাম বাড়ানোর ঘোষণার কারণেই সুযোগ নেন বেসরকারি মিল মালিকরা। আট ঘন্টার ব্যবধানে সরকারী সমর্থিত ব্যবসায়ীরা চিনি দাম বাড়িয়ে দিয়ে বিক্রি করেই ১০০ থেকে ১৫০ কোটি টাকা অবৈধ লাভ করেছে ।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, সক্রিয় এই চক্র প্রতিদিন সকালে মুঠোফোনে ক্ষুদেবার্তার মাধ্যমে বিভিন্ন পাইকারি বাজারে পণ্যের দাম নির্ধারণ করে দিচ্ছে। নির্ধারিত দামে পণ্য বিক্রি না করলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কাছে পণ্য সরবরাহ করা হচ্ছে না। অনেক সময় হুমকিধমকিও দেওয়া হয়। গরুর মাংস কম দামে বিক্রি করায় খুনের ঘটনাও ঘটেছে। এ ছাড়া আলু, পিঁয়াজ, ডিমসহ বেশ কিছু নিত্যপণ্যের দাম চক্রের মাধ্যমে মুঠোফোনের ক্ষুদেবার্তায় নির্ধারণ করে দেওয়ার তথ্য সরকারের গোয়েন্দা সংস্থা ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের প্রতিবেদনে উঠে এসেছে।
রাজধানীর বৃহত্তম পাইকারি মোকাম মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজি গোলাম মাওলা গণমাধ্যমকে বলেন, ‘গত বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় রমজানে পণ্যের সরবরাহ বাড়ানো ও দাম সহনীয় রাখার বিষয়ে ব্যবসায়ীরা প্রতিশ্রুতি দেন। সভা শেষে এসেই শুনি শিল্প মন্ত্রণালয়ের সংস্থা বিএসএফআইসি সরকারি চিনির দাম বাড়িয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে সুযোগ নেন চিনি পরিশোধনকারী মিল মালিকরা। তারা পণ্যটির দাম বাড়িয়ে দেন। পাইকারি পর্যায়ে প্রতি কেজি চিনি ১৬০ টাকায় উঠে যায়।’
মৌলভীবাজারের এই ব্যবসায়ী নেতা বলেন, ‘ভারতে যেখানে চিনির কেজি ৪০ টাকা, সেখানে দেশে দেড় শ টাকার বেশি দামে বিক্রি হচ্ছে!’ তার অভিযোগ, চিনি পরিশোধনকারী চার-পাঁচটি কোম্পানি সিন্ডিকেট করে চিনির বাজার নিয়ন্ত্রণ করছে।
বাংলাদেশ ভোক্তা সংঘের (ক্যাব) সভাপতি গোলাম রহমান বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পেছনে অন্যান্য কারণের পাশাপাশি চক্রবাজী একটা বড় কারণ। দেশে ব্যবসায়ীরা দাম বাড়ানোর সুযোগ খোঁজে। আমরা দেখলাম, ভারত কর্তৃক পিঁয়াজ রপ্তানি বন্ধ করার ঘোষণার পর এক দিনে পণ্যটির দাম বেড়ে দ্বিগুণ হয়ে যায়। এ সুযোগ ছোট, বড়, মাঝারি সব ব্যবসায়ীই নিয়েছেন। তবে সরকারকে এই চক্র নিয়ন্ত্রণের পাশাপাশি অন্য বিষয়গুলোয়ও নজর দিতে হবে। পণ্যের দাম বাড়লে ভোক্তার আয় বৃদ্ধির সুযোগ করে দিতে হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে উদ্যোগ নিতে হবে। তা হলেই দেশে সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করা যাবে।’
বাংলাদেশে প্রতি বছর ২০ থেকে ২২ লাখ টন চিনির চাহিদা আছে। এর মধ্যে স্থানীয় মিলগুলো ৩০ হাজার থেকে ৩৫ হাজার টন উৎপাদন করে। ফলে, বাকি চিনির যোগান দিতে বাংলাদেশকে আমদানির ওপর নির্ভর করতে হয়।
